হোম > জীবনধারা > সাজসজ্জা

যে কারণে আবার নিলামে ডায়ানার পোশাক

ফিচার ডেস্ক

প্রিন্সেস ডায়ানা।

১৯৯৪ সাল, লন্ডন। সন্ধ্যার কিছু আগে একটি টেলিভিশনে প্রচারিত অনুষ্ঠানে প্রিন্স চার্লস ক্যামিলার সঙ্গে তাঁর প্রেমের কথা স্বীকার করেন। ঠিক সেদিনই সন্ধ্যায় লন্ডনের সার্পেন্টাইন গ্যালারির তহবিল সংগ্রহের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রিন্সেস ডায়ানা। তাঁর পরনে ছিল স্ট্র্যাপবিহীন কালো সিল্কের সান্ধ্য পোশাক। স্টাইল গবেষকেরা যার নাম দিয়েছিলেন রিভেঞ্জ ড্রেস। সেই বিখ্যাত পোশাক এ বছরের ডিসেম্বরে সদবি’স-এর নিলামে উঠতে চলেছে। আশা করা হচ্ছে, ক্রিস্টিনা স্ট্যাম্বোলিয়ানের ডিজাইন করা ডায়ানার এই কালো পোশাক ৯ ডিসেম্বরের নিলামে ৩ লাখ ডলারে বিক্রি হবে।

সদবি’স-এর হ্যান্ডব্যাগ ও ফ্যাশন বিভাগের গ্লোবাল হেড মর্গেন হালিমি বলেন, ‘ডায়ানা বুঝতেন, ফ্যাশনকে যোগাযোগের একটি মাধ্যম হিসেবে ব্যবহার করা যায়। আর তিনি এই পোশাকটি পরে তা-ই করেছিলেন।’

পোশাকটি ১৯৯৭ সালে নিলামে তোলা হয়েছিল। ডায়ানা নিজের মৃত্যুর মাত্র কয়েক মাস আগে দাতব্য সংস্থার জন্য অর্থ সংগ্রহের উদ্দেশ্যে তাঁর ৭৯টি পোশাক বিক্রি করেন। সেখানে এই পোশাক ৫২ হাজার ৯১৭ ডলারে কিনে নেন গ্লাসগোর বাসিন্দা ব্রিগ এবং গ্রেম ম্যাকেঞ্জি। পরে পোশাকটি আবার বাজারে রাখার সিদ্ধান্ত নেন গ্রেম ম্যাকেঞ্জি।

নিলামের আগে, ১৮ থেকে ২৪ সেপ্টেম্বর লন্ডনে পোশাকটির প্রদর্শনী হবে। তারপর এটি হংকং, জেনেভা ও নিউইয়র্ক ভ্রমণ করে নিলামে উঠবে। ডায়ানা ও ডিজাইনার ক্রিস্টিনা স্ট্যাম্বোলিয়ানের স্বাক্ষরিত ১৯৯৭ সালের নিলাম ক্যাটালগের একটি অনুলিপিও পোশাকের সঙ্গে বিক্রি করা হবে। বিক্রয় থেকে আয়ের একটি অংশ যাবে এডিনবরা হাসপাতালে।

সূত্র: বিবিসি