হোম > জীবনধারা > রূপবটিকা

পয়লা বৈশাখের আগে ত্বকের উজ্জ্বলতা ফেরাবেন যেভাবে

ফিচার ডেস্ক, ঢাকা 

গ্রীষ্মে ত্বকের প্রয়োজন হলো গভীর আর্দ্রতা, সঠিক সুরক্ষা ও পুষ্টি। ফাইল ছবি।

দরজায় কড়া নাড়ছে বাংলা নববর্ষ। বাঙালির বারো মাসে তেরো পার্বণের মধ্যে পয়লা বৈশাখ অন্যতম। নতুন পোশাকের পাশাপাশি উৎসবের দিন নিজেকে আত্মবিশ্বাসী করতে প্রয়োজন সতেজ ও উজ্জ্বল ত্বক। তবে বৈশাখের চড়া রোদ, ভ্যাপসা গরম আর উৎসবের দৌড়ঝাঁপ আপনার ত্বকের ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে। ঘাম, ধুলাবালু ও মেকআপের কারণে ত্বক হয়ে উঠতে পারে নিস্তেজ। তাই শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য বসে না থেকে এখনই শুরু করুন আপনার ফেস্টিভ স্কিনকেয়ার। আজকের আয়োজনে থাকছে বৈশাখের আগে ত্বকের উজ্জ্বলতা ফেরানোর কিছু সহজ উপায়।

উৎসবের আগে ত্বকের প্রয়োজন বুঝুন

বৈশাখের উৎসব মানে সকাল থেকে রাত পর্যন্ত নানা রকম আয়োজন। রাস্তার পাশের ভাজাপোড়া খাওয়া, রোদে ঘুরে শপিং করা আর দীর্ঘ সময় মেকআপ করে থাকা—সবই ত্বকে ক্লান্তি এনে দেয়। এ সময় ত্বকের প্রয়োজন হলো গভীর আর্দ্রতা, সঠিক সুরক্ষা ও পুষ্টি। চড়া রোদেও যেন আপনার ত্বকের প্রাকৃতিক উজ্জ্বলতা বজায় থাকে, সে জন্য কিছু ধাপ অনুসরণ করতে হবে। সেগুলো হলো:

গভীর আর্দ্রতা ও ময়শ্চারাইজিং

গরমের দিন এসি ও রোদের তীব্রতা ত্বকের পানি শুষে নেয়। তাই ত্বক কোমল রাখতে হাইড্রেটিং সিরাম বা ময়শ্চারাইজার ব্যবহার করা জরুরি। অ্যালোভেরা জেল এ সময় খুব কাজে দেয়। কসমেটোলজিস্ট ও শোভন মেকওভারের স্বত্বাধিকারী শোভন সাহা বলেন, ‘এটি ত্বকের গভীরে পুষ্টি জোগায়, ত্বক হাইড্রেটেড রাখে এবং মেকআপের জন্য একটি ভালো বেস তৈরি করে।’

কোমল এক্সফোলিয়েশন বা স্ক্রাবিং

ত্বকে মৃত কোষ জমে থাকলে মুখ অনুজ্জ্বল দেখায় এবং মেকআপ ঠিকমতো বসে না। সপ্তাহে এক থেকে দুবার হালকা স্ক্রাব ব্যবহার করুন। চন্দন, গোলাপ বা নিম-তুলসীর প্যাক ব্যবহার করলে ত্বকের রোদে পোড়া ভাব দূর হয় এবং লোমকূপ পরিষ্কার থাকে। এটি আপনার ত্বক প্রসাধনী শোষণের জন্য উপযুক্ত করে তোলে।

অ্যান্টি-অক্সিডেন্ট

শোভন সাহা বলেন, ‘ধুলাবালু ও দূষণ ত্বকের কোলাজেন নষ্ট করে বলিরেখা ও কালচে ছোপ সৃষ্টি করে। এ জন্য ভিটামিন ‘সি’ বা ‘ই’সম্পন্ন সিরাম ব্যবহার করুন। এটি ফ্রি র‍্যাডিক্যাল থেকে ত্বক রক্ষা করে ভেতর থেকে উজ্জ্বল করে।’ নিয়মিত অ্যান্টি-অক্সিডেন্ট ব্যবহার করলে ত্বকের সুরক্ষা স্তর মজবুত হয়—জানান তিনি।

সানস্ক্রিন

পয়লা বৈশাখে বাইরে বের হওয়ার আগে সানস্ক্রিন ব্যবহার বাধ্যতামূলক। শোভন সাহা বলেন, ‘রোদে পোড়া লালচে ভাব বা র‍্যাশ থেকে বাঁচতে অন্তত এসপিএফ ৩০ যুক্ত সানস্ক্রিন বেছে নিন। এটি ত্বকের অকাল বার্ধক্য রোধ করে।’

ফেস মাস্ক ও লিপকেয়ার

সপ্তাহে দুদিন ঘরে তৈরি ফেস মাস্ক ব্যবহার করুন। বেসন, টক দই আর সামান্য হলুদের মিশ্রণ ত্বকের উজ্জ্বলতা ফেরাতে দারুণ কার্যকর। একই সঙ্গে ঠোঁটের যত্নে অবহেলা করবেন না। দীর্ঘ সময় লিপস্টিক ব্যবহারের কারণে ঠোঁট যেন ফেটে না যায়, সে জন্য পেপটাইড বা সিরামাইড যুক্ত লিপবাম ব্যবহার করার পরামর্শ দেন শোভন সাহা।

সতর্কতা

  • উৎসবের দীর্ঘ প্রস্তুতি ও ধকল সামলাতে ত্বককে পর্যাপ্ত বিশ্রাম দিন।
  • রাত জেগে আড্ডা বা অনুষ্ঠান শেষে যত ক্লান্তিই থাকুক না কেন, মেকআপ না তুলে কখনোই ঘুমানো উচিত নয়।
  • ত্বকের কোষ পুনর্গঠন এবং চোখের নিচের কালচে ভাব রোধ করতে উৎসবের দিনগুলোতেও পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন।
  • শরীর ও ত্বক ভেতর থেকে হাইড্রেটেড রাখতে প্রচুর পরিমাণে পানি পান করুন।

শুধু উৎসবের আগের দিন ফেসপ্যাক লাগিয়ে কাঙ্ক্ষিত উজ্জ্বলতা পাওয়া কঠিন। ধারাবাহিক যত্নই আপনাকে দেবে উৎসবের সেই বিশেষ উজ্জ্বলতা। সঠিক ক্লিনজার দিয়ে মুখ পরিষ্কার রাখা, পর্যাপ্ত ময়শ্চারাইজার ব্যবহার এবং রোদে সুরক্ষা বজায় রাখলে বৈশাখের দিনে আপনি হয়ে উঠবেন অনন্য। এই নববর্ষে ত্বকের যত্ন নিন এবং আত্মবিশ্বাসের সঙ্গে বরণ করে নিন নতুন বছর।

ছবি: আজকের পত্রিকা

সেরা ট্রেন্ডিং গন্তব্যে এশিয়ার পাঁচ শহর

পঞ্চাশেও অ্যাঞ্জেলিনা জোলির সৌন্দর্যের গোপন রহস্য জেনে নিন

পয়লা বৈশাখে তৈরি করুন কাঁচা আমের শরবত

উৎসবের আগে ঘরদোর ঝকঝকে করে তুলবেন যেভাবে

আজকের রাশিফল: পকেটে শনির নজর, ঝগড়া করলে পরে পস্তাবেন

ইচ্ছাশক্তি থাকলে কিছুই অসম্ভব নয়: সাইফুল ইসলাম শান্ত

ভ্রমণ তালিকায় রাখুন ৫ বিনয়ী মানুষের দেশ

ছুটির দিনে সন্তোষপুর

স্বচ্ছন্দে ভ্রমণ করার জন্য যেসব কাজ করতে হবে

প্রতিদিন ১৫ মিনিট ‘বিরক্ত’ থাকলে নতুন আইডিয়া আসবে মাথায়, বলছে গবেষণা