হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা চাওয়া প্রধান প্রসিকিউটরকে সরানোর সিদ্ধান্ত আইসিসির

আজকের পত্রিকা ডেস্ক­

আইসিসির প্রধান প্রসিকিউটর করিম খান। ছবি: সংগৃহীত

যৌন নিপীড়ন ও গুরুতর দায়িত্ব ভঙ্গের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রধান প্রসিকিউটর করিম খানকে বরখাস্তের সিদ্ধান্ত হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে আইসিসির সদস্য রাষ্ট্রগুলোর এক গোপন ভোটাভুটিতে তাঁকে পদচ্যুত করার এই সিদ্ধান্ত নেওয়া হয়।

আইসিসির ১২৫টি সদস্য রাষ্ট্রের মধ্যে ৮২টি রাষ্ট্র করিম খানকে বরখাস্তের পক্ষে ভোট দেয়। আদালত পরিচালনার নীতি নির্ধারণী সংস্থা ‘অ্যাসেম্বলি অব স্টেটস পার্টিজ’-এর প্রেসিডেন্ট পাইভি কোকোরান্তা জানান, তদন্তে করিম খানের বিরুদ্ধে গুরুতর অসদাচরণ ও দায়িত্ব ভঙ্গের প্রমাণ মেলায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

তবে শুরু থেকেই সব অভিযোগ অস্বীকার করে আসছেন করিম খান।

ভোটাভুটির পর করিম খানের আইনজীবী তাইয়্যেব আলী এক বিবৃতিতে জানান, এই সিদ্ধান্তের বিরুদ্ধে তাঁরা আইনি চ্যালেঞ্জ জানাবেন।

বিবৃতিতে দাবি করা হয়, করিম খানকে আত্মপক্ষ সমর্থনের কোনো ন্যায্য সুযোগ দেওয়া হয়নি এবং জাতিসংঘের অভ্যন্তরীণ তদন্ত দল (ওআইওএস) তাঁর বিরুদ্ধে কোনো অসংগতি বা যৌন অসদাচরণের প্রমাণ পায়নি।

এর জবাবে অ্যাসেম্বলি প্রেসিডেন্ট কোকোরান্তা বলেন, ‘তদন্তে অভিযোগের পক্ষে পর্যাপ্ত তথ্য-প্রমাণ পাওয়া গেছে এবং করিম খানের ক্ষেত্রে সব ধরনের আইনি বিধি ও নিয়ম শতভাগ অনুসরণ করা হয়েছে।’

আইসিসির জুনিয়র কর্মকর্তা ‘সারা’ (ছদ্মনাম) করিম খানের বিরুদ্ধে বেশ কিছু দিন ধরে ধারাবাহিক যৌন হয়রানি ও অনিচ্ছাকৃত শারীরিক সম্পর্কের চেষ্টার অভিযোগ তুলে আসছিলেন। সম্প্রতি যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বিষয়টি নিয়ে প্রকাশ্যে মুখ খোলেন।

করিম খান জাতিসংঘ তদন্তকারীদের সঙ্গে সহযোগিতা করলেও সিএনএন ও অন্যান্য সংবাদমাধ্যমের কাছে দেওয়া সাক্ষাৎকারে পুরো ঘটনাকে ভিত্তিহীন বলে দাবি করেন। অভিযোগ ওঠার পর গত জুন মাসে তাঁকে সাময়িকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল।

ভোটাভুটির আগে নরওয়ের উপ-পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেয়াস ক্রাভিক জানান, বিশ্বের যুদ্ধাপরাধ ও গণহত্যার বিচার বজায় রাখতে আইসিসির কার্যকর ভূমিকা প্রয়োজন, আর করিম খান এই পদে বহাল থাকার জন্য ‘অনুপযুক্ত’।

করিম খান ও তাঁর সমর্থকদের একটি পক্ষের দাবি, গাজা যুদ্ধকে কেন্দ্র করে ইসরায়েলি কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা চাওয়ার পর থেকেই তাঁর ভাবমূর্তি ক্ষুণ্ন করার রাজনৈতিক চেষ্টা শুরু হয়।

২০২৪ সালের মে মাসে করিম খান ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গালান্তের পাশাপাশি হামাসের শীর্ষ নেতাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছিলেন।

ইসরায়েল আইসিসির সদস্য নয়। দেশটির সরকার এই বরখাস্তের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। একই সঙ্গে অভিযোগকারী কর্মকর্তা সারাহ কোনো দেশের হয়ে কাজ করেছেন—এমন দাবিও অস্বীকার করেছে তেল আবিব।

অন্যদিকে যুক্তরাষ্ট্রও বরখাস্তের সিদ্ধান্তকে সমর্থন করেছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আদালতটির কার্যক্রম ও গ্রহণযোগ্যতা নিয়ে তীব্র সমালোচনা করেছেন। নেতানিয়াহুর বিরুদ্ধে পরোয়ানা চাওয়ার পর থেকে করিম খানসহ আদালতের একাধিক বিচারক ও কর্মকর্তার ওপর মার্কিন নিষেধাজ্ঞা কার্যকর রয়েছে।

যুক্তরাষ্ট্রের ৯ অঙ্গরাজ্যে ‘সাইক্লোস্পোরিয়াসিস’ রোগের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়েছে

ইরান যুদ্ধে ক্ষেপণাস্ত্র ও অর্থের সংকটে ট্রাম্প, এবার টান তেলের মজুতেও

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর বসছে ট্রাম্পের নতুন ১০-১২.৫% শুল্ক

পরমাণু শক্তিধর হতে চাইলে ইসরায়েলকে স্বীকৃতি দিতে হবে, সৌদি আরবকে ট্রাম্পের শর্ত

মাস্ক ও বেজোসের মহাকাশ ডেটা সেন্টার পৃথিবীর জন্য ‘বিপর্যয়কর’ হতে পারে: বিশেষজ্ঞদের সতর্কতা

জাহাজে হামলা করলেই ইরানের একটি সেতু বা বিদ্যুৎকেন্দ্র ধ্বংস হবে: ট্রাম্প

নেতানিয়াহুকে গ্রেপ্তারের হুমকি দিয়ে প্রশংসা কুড়ানো মামদানি জানালেন, তাঁর সেই ক্ষমতা নেই

নারী সহকর্মীর সঙ্গে যৌন অসদাচরণ, মার্কিন গবেষণাগার ছাড়ছেন বিশ্বখ্যাত ভারতীয় বিজ্ঞানী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, আরও ৭০ বিলিয়নের আবেদন

নিকারাগুয়ায় আর কোনো নির্বাচন হবে না—প্রেসিডেন্ট ওর্তেগার ঘোষণা