হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

দাবি ও আপত্তির বিষয়ে পাকিস্তানকে জানিয়েছে ইরান, হবে না সরাসরি আলোচনা

আজকের পত্রিকা ডেস্ক­

পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। ছবি: ভিডিও থেকে নেওয়া

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার ৯ সপ্তাহ ধরে চলা যুদ্ধ অবসানের লক্ষ্যে পাকিস্তানে নতুন করে কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে। আজ শনিবার ইসলামাবাদের মধ্যস্থতায় চলমান এই প্রক্রিয়ায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি যুক্তরাষ্ট্রের অবস্থানের বিষয়ে তেহরানের বিভিন্ন দাবি ও আপত্তির কথা তুলে ধরেছেন। তবে আমেরিকার সঙ্গে সরাসরি কোনো আলোচনায় বসার সম্ভাবনা নাকচ করে দিয়ে তেহরান জানিয়েছে, তাদের বার্তা পাকিস্তানের মাধ্যমেই পৌঁছানো হবে।

শান্তি আলোচনার অংশ হিসেবে আরাঘচি আজ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও অন্য উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। একই সময়ে হোয়াইট হাউস জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জামাতা জ্যারেড কুশনার শনিবার ইসলামাবাদে পৌঁছাবেন। এমনকি ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও পাকিস্তান সফরে যাওয়ার জন্য প্রস্তুত রয়েছেন। তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এক্সে জানিয়েছেন, মার্কিন প্রতিনিধিদের সঙ্গে সরাসরি দেখা করার কোনো পরিকল্পনা তাঁদের নেই।

যুদ্ধের শুরু থেকে ইরান হরমুজ প্রণালি বন্ধ করে রাখায় বিশ্ববাজারে তেলের সরবরাহ এক-পঞ্চমাংশ কমে গেছে। এর জবাবে যুক্তরাষ্ট্রও ইরানের তেল রপ্তানির ওপর কঠোর অবরোধ আরোপ করে রেখেছে। এই অচলাবস্থার কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কয়েক বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে, যা বৈশ্বিক মুদ্রাস্ফীতিকে উসকে দিচ্ছে। গতকাল শুক্রবারের তথ্য অনুযায়ী, হরমুজ প্রণালি দিয়ে মাত্র ৫টি জাহাজ পার হয়েছে, যেখানে যুদ্ধের আগে দৈনিক গড় ছিল ১৩০টি।

প্রেসিডেন্ট ট্রাম্প গত মঙ্গলবার একতরফাভাবে যুদ্ধবিরতির মেয়াদ বাড়িয়েছেন। মার্কিন প্রতিরক্ষাসচিব পিট হেগসেথ বলেছেন, ইরান যদি ‘অর্থপূর্ণ এবং যাচাইযোগ্য’ উপায়ে পারমাণবিক অস্ত্রের পথ ত্যাগ করে, তবে তাদের সামনে এখনো একটি ‘ভালো চুক্তি’র সুযোগ রয়েছে। অন্যদিকে ইরান জানিয়েছে, তারা আমেরিকার ‘সর্বোচ্চ দাবি’ মেনে নেবে না। তেহরানের পক্ষ থেকে লেবাননে ইসরায়েলি হামলা বন্ধকেও আলোচনার পূর্বশর্ত হিসেবে দেখা হচ্ছে।

এদিকে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ার পর আজ শনিবার তেহরানের ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পুনরায় আন্তর্জাতিক ফ্লাইট চলাচল শুরু হয়েছে। প্রথম দফায় সৌদি আরবের মদিনা, মাসকাট ও ইস্তাম্বুলের উদ্দেশে ফ্লাইট ছেড়ে গেছে। দীর্ঘ সময় আকাশপথ বন্ধ থাকার পর বিমান চলাচল শুরু হওয়ায় সাধারণ যাত্রীদের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে।

তবে হোয়াইট হাউসে ট্রাম্পের মধ্যস্থতায় ইসরায়েল ও লেবানন তিন সপ্তাহের জন্য যুদ্ধবিরতি বাড়ালেও দক্ষিণ লেবাননে সংঘাত থামার লক্ষণ নেই। শনিবারও ইসরায়েলি হামলায় সেখানে চারজন নিহত হয়েছেন। ইসরায়েলি বাহিনী লেবাননের বাসিন্দাদের লিটানি নদীর দিকে না যাওয়ার জন্য সতর্কবার্তা জারি রেখেছে।

যুদ্ধের অবসান হয়, পাকিস্তানের কাছে এমন প্রস্তাবই দেওয়া হয়েছে: আরাঘচি

ইরানে এখন সিদ্ধান্ত নিচ্ছে কে

ফিলিস্তিনে নির্বাচন নাকি দায়সারা আনুষ্ঠানিকতা

ইসরায়েলি হামলার মধ্যেই ফিলিস্তিনে চলছে স্থানীয় সরকার নির্বাচন

পাকিস্তানে আরাঘচি, যুক্তরাষ্ট্রের মুখোমুখি না হয়েই করবেন শান্তি আলোচনা

গাজায় ইসরায়েলি হামলায় ১২ ফিলিস্তিনি নিহত

ইরানে নতুন হামলার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের, সম্ভাব্য লক্ষ্যবস্তু যাঁরা ও যেসব স্থাপনা

বন্ধুত্বপূর্ণ কিছু দেশকে হরমুজের টোল থেকে ছাড় দিচ্ছে ইরান

ভারত থেকে চিরতরে ইসরায়েল চলে গেলেন বিশেষ গোত্রের ২৫০ জন

ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি জাহাজ জব্দ, সাগরে নতুন করে যুদ্ধাবস্থা