হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইয়েমেনে ২৪ ঘণ্টায় ২৬ দফা হামলা চালিয়েছে সৌদি আরব—দাবি হুতিদের

আজকের পত্রিকা ডেস্ক­

সানায় হুতি বিদ্রোহীরা গোষ্ঠীটির সমর্থনে এবং সৌদি আরবের হামলার বিরুদ্ধে মিছিল করে। ছবি: এএফপি

ইয়েমেনের হুতি বিদ্রোহীরা জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় তাদের নিয়ন্ত্রণাধীন বিভিন্ন এলাকায় সৌদি আরব ২৬টি হামলা চালিয়েছে। ইয়েমেনে যুদ্ধ আরও তীব্র হওয়ার মধ্যে দুই পক্ষের পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। গতকাল শুক্রবার হুতিরা দাবি করেছিল, গত এক সপ্তাহে তাদের নিয়ন্ত্রণাধীন এলাকায় সৌদি হামলার সংখ্যা ৩০০-তে পৌঁছেছে। এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, হুতিদের নিয়ন্ত্রণে থাকা বিভিন্ন এলাকায় এসব হামলা চালানো হয়েছে।

এদিকে সৌদি আরবের সমর্থনপুষ্ট ইয়েমেন সরকার শুক্রবার জানিয়েছে, তাইজ প্রদেশের আল-ওয়াজিয়াহ জেলায় সংঘর্ষে তাদের বাহিনীর হাতে ৩০ জন হুতি যোদ্ধা নিহত এবং ৬০ জনের বেশি আহত হয়েছেন। চলতি সপ্তাহে ইয়েমেনের যেসব এলাকায় নতুন করে লড়াই বেড়েছে, আল-ওয়াজিয়াহ তার একটি।

ইয়েমেন সরকারের সামরিক বাহিনী ও হুতি যোদ্ধাদের মধ্যে লড়াই আরও বিস্তৃত হওয়ার পরই এই পাল্টাপাল্টি হামলা শুরু হয়েছে। শুক্রবার রাজধানী সানায় হাজার হাজার মানুষ মিছিল করেন। ইরান-সমর্থিত হুতিদের প্রতি সমর্থন জানানো এবং সৌদি আরবের বিরোধিতা করাই ছিল এই মিছিলের উদ্দেশ্য। এ সময় হুতিরা ইয়েমেনের আরও বড় এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এর মধ্যে লোহিত সাগরের উপকূলের বিস্তীর্ণ অঞ্চলও রয়েছে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালিও এখন তাদের নিয়ন্ত্রণে থাকা এলাকার অন্তর্ভুক্ত।

চলতি সপ্তাহের শুরুতে ইয়েমেন সরকার ও হুতি বিদ্রোহীদের মধ্যে হামলা আরও তীব্র হলে অন্তত পাঁচজন নিহত হন। নিহতদের মধ্যে তিনজন শিশু ছিল বলে উভয় পক্ষের প্রতিবেদনে জানানো হয়েছে। সৌদি আরব জানিয়েছে, হুতিদের একটি ড্রোন ভূপাতিত করার পর তাইফ গভর্নরেটে একজন নিহত হয়েছেন। অন্যদিকে হুতি-সমর্থিত গণমাধ্যম জানিয়েছে, তাইজ এবং আবস শহরে সৌদি হামলায় কয়েকজন নিহত হয়েছেন।

এই সংঘাতের তীব্রতায় যুক্তরাষ্ট্রও জড়িয়ে পড়েছে, যদিও অনিচ্ছার সঙ্গেই। বাব আল-মান্দেব প্রণালি দিয়ে জাহাজ চলাচল নিয়ে উদ্বেগ বাড়ার পর গত সপ্তাহান্তে ওমানের রাজধানী মাসকাটে অবস্থিত মার্কিন দূতাবাসে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা হুতি প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। কারণ, হুতিরা দ্রুত বিভিন্ন এলাকা দখল করে নেওয়ায় বিশ্ব বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে জাহাজ চলাচল নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, হুতিরা ওয়াশিংটনকে আশ্বস্ত করেছে যে সৌদি আরবের সঙ্গে সংশ্লিষ্ট নয়, এমন কোনো জাহাজকে তারা লক্ষ্যবস্তু করবে না। রিয়াদ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি হুতিদের ওপর হামলা চালানোর আহ্বান জানালেও ওয়াশিংটন এখন পর্যন্ত তা থেকে বিরত রয়েছে। ইরানের সঙ্গে চলমান ব্যয়বহুল যুদ্ধের মধ্যে নতুন একটি সামরিক ফ্রন্ট খুলতে যুক্তরাষ্ট্র সতর্ক রয়েছে।

এদিকে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান কাজা কালাস শুক্রবার জানিয়েছেন, ইয়েমেন ও আশপাশের অঞ্চলের পরিস্থিতির অবনতি হওয়ায় লোহিত সাগরে ইইউর নৌ মিশন ‘অপারেশন অ্যাসপাইডস’ তাদের সতর্কতার মাত্রা বাড়িয়েছে। বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। এক্সে দেওয়া এক পোস্টে কালাস বলেন, ‘সৌদি আরবের ওপর হুতিদের হামলা গ্রহণযোগ্য নয় এবং এটি বৈশ্বিক অর্থনীতিকে নাশকতার মুখে ফেলছে।’ তিনি আরও জানান, ইয়েমেনে যুদ্ধ বন্ধে কূটনৈতিক প্রচেষ্টা এবং হরমুজ প্রণালিতে নৌ চলাচলের স্বাধীনতা পুনরুদ্ধারের বিষয়ে তিনি সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদের সঙ্গে কথা বলেছেন।

এবার ‘অমাবস্যায়’ ইরানে হামলা করবেন ট্রাম্প, প্রস্তুত সেন্টকম

ইসরায়েলের প্রধানমন্ত্রী পদে আইজেনকটের পক্ষে ৬৭ আইনপ্রণেতা, সরকার গঠনের সিদ্ধান্ত রোববার

নেতানিয়াহুর প্রতিদ্বন্দ্বী আইজেনকটকে সমর্থনের ঘোষণা দিল আরব জোট

জলপাই সংগ্রহে ফিলিস্তিনিদের পাশে দাঁড়ালেন ইসরায়েলের সাবেক জেনারেলরা

ইরানকে ৯০টি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণব্যবস্থা দিচ্ছে রাশিয়া

গাজার অঙ্গ হারানো ১১৩৪ শিশুকে বিদেশে যেতে দিচ্ছে না ইসরায়েল

পারমাণবিক অস্ত্র তৈরির দাবি জোরালো হচ্ছে ইরানে, নীতিগত অবস্থান পরিবর্তনে চাপ

নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে একমত ইসরায়েলের বিরোধী দলগুলো

হরমুজ প্রণালিতে একাধিক বিকট বিস্ফোরণ, ‘আত্মরক্ষামূলক’ হামলার দাবি যুক্তরাষ্ট্রের

বিরোধীদের হাতে সংখ্যাগরিষ্ঠতা—কী হতে পারে নেতানিয়াহুর শেষ চেষ্টা