হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইসরায়েলের প্রধানমন্ত্রী পদে আইজেনকটের পক্ষে ৬৭ আইনপ্রণেতা, সরকার গঠনের সিদ্ধান্ত রোববার

আজকের পত্রিকা ডেস্ক­

ইসরায়েলের পরবর্তী প্রধানমন্ত্রী পদে গাদি আইজেনকটের পক্ষে সংখ্যাগরিষ্ঠ ৬৭ জন আইনপ্রণেতা সমর্থন দিয়েছেন। ছবি: এএফপি

ইসরায়েলের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে গাদি আইজেনকটকে সমর্থন জানিয়েছেন দেশটির পার্লামেন্ট নেসেটের ৬৭ জন আইনপ্রণেতা। গতকাল বৃহস্পতিবার ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হেরজগের সঙ্গে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের বৈঠকের পর এ তথ্য জানান তিনি। এর মধ্য দিয়ে পরবর্তী সরকার গঠনের জন্য আইজেনকটকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব দেওয়ার পথ তৈরি হয়েছে।

ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের খবরে বলা হয়েছে, প্রেসিডেন্ট হেরজগ জানান—৬৭ জন আইনপ্রণেতার প্রতিনিধিত্বকারী দলগুলো আইজেনকটকে প্রধানমন্ত্রী হিসেবে সমর্থন দিয়েছে। অন্যদিকে, ৪৬ জন আইনপ্রণেতার প্রতিনিধিত্বকারী দলগুলো বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পক্ষে সুপারিশ করেছে। ফলাফল স্পষ্ট হলেও সরকার গঠনের দায়িত্ব দেওয়ার আগে রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে আরও আলোচনা করবেন তিনি। আগামী রোববার এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা রয়েছে।

এদিকে, আইজেনকটকে দ্রুত সরকার গঠনের দায়িত্ব দিতে প্রেসিডেন্টের প্রতি আহ্বান জানিয়েছে তাঁর দল ইয়াশার। দলটির দাবি, ২০১৫ সালের পর কোনো প্রধানমন্ত্রী পদপ্রার্থীর পক্ষে এটিই সর্বোচ্চসংখ্যক আইনপ্রণেতার সুপারিশ।

তবে সংখ্যাগরিষ্ঠ আইনপ্রণেতার সমর্থন পেলেও সরকার গঠনের জন্য প্রয়োজনীয় জোট তৈরি করা আইজেনকটের সামনে বড় চ্যালেঞ্জ হয়ে রয়েছে। নেতানিয়াহুবিরোধী ছয়টি দল দুটি শিবিরে বিভক্ত। চারটি ইহুদি-নেতৃত্বাধীন দলের জোটে রয়েছেন ৪৮ জন আইনপ্রণেতা। অন্যদিকে, দুটি আরব-নেতৃত্বাধীন দলের জোটে রয়েছেন ১৯ জন। ছয়টি দলই আইজেনকটকে প্রধানমন্ত্রী হিসেবে সমর্থন করলেও ইহুদি-নেতৃত্বাধীন তিনটি দল এখন পর্যন্ত আরব দলগুলোর সঙ্গে সরকার গঠনে রাজি নয়।

গত সপ্তাহের নির্বাচনে নেতানিয়াহুর বিদায়ী জোট ৫৩টি আসন পেয়েছে। তবে সাত আসনের ইউনাইটেড তোরাহ জুদাইজম (ইউটিজে) নেতানিয়াহুকে প্রধানমন্ত্রী হিসেবে সমর্থন জানায়নি। এতে দলটির ভবিষ্যতে আইজেনকটের নেতৃত্বাধীন সরকারকে সমর্থন দেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

এদিকে, ইসরায়েল বেইতেনু পার্টির চেয়ারম্যান আভিগদর লাইবারম্যান হারেদি বা অতি-ধর্মীয় ইহুদি দলগুলোর সঙ্গে জোট গঠনে দীর্ঘদিনের আপত্তি থেকে সরে এসেছেন বলে জানিয়েছে ইসরায়েলি সম্প্রচারমাধ্যম চ্যানেল-১২ নিউজ। বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরানোকে অগ্রাধিকার দিয়ে ইউটিজের সঙ্গে জোট গঠনের বিষয়টি বিবেচনা করছেন লাইবারম্যান।

প্রতিবেদনে বলা হয়েছে, আরব-নেতৃত্বাধীন দলগুলোর সঙ্গে জোট গঠন কিংবা তাদের সমর্থনের ওপর নির্ভর করার চেয়ে হারেদি দলগুলোর সঙ্গে সরকার গঠনকে বেশি গ্রহণযোগ্য মনে করছেন লাইবারম্যান। সম্ভাব্য এ সরকারে আইজেনকট ও লাইবারম্যানের মধ্যে প্রধানমন্ত্রী পদে পর্যায়ক্রমে দায়িত্ব পালনের সমঝোতা হতে পারে। পাশাপাশি হারেদি সম্প্রদায়ের সদস্যদের সামরিক বাহিনীতে বাধ্যতামূলক নিয়োগের বিষয়েও আলোচনা হতে পারে।

নতুন স্পিকার নির্বাচন ঘিরে তৎপরতা

সরকার গঠন নিয়ে অচলাবস্থার মধ্যেই ১০ নভেম্বর শপথ নিতে যাচ্ছে নতুন নেসেট। শপথের পরপরই নতুন স্পিকার নির্বাচনের কথা রয়েছে। এতে ক্ষমতাসীন লিকুদ পার্টির বর্তমান স্পিকার আমির ওহানাকে সরিয়ে দেওয়ার সম্ভাবনা রয়েছে। স্পিকার পার্লামেন্টীয় কার্যক্রম পরিচালনা এবং আইন প্রণয়নের অ্যাজেন্ডা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

বৃহস্পতিবার আরব দল রা’আম আনুষ্ঠানিকভাবে ইয়াশার, জয়েন্ট (আরব) লিস্ট, ইসরায়েল বেইতেনু এবং দ্য ডেমোক্র্যাটসের সঙ্গে দ্রুত নতুন স্পিকার নির্বাচনের দাবি জানিয়েছে। বর্তমান স্পিকার ওহানা জানিয়েছেন, অন্তত ৬১ জন আইনপ্রণেতা আনুষ্ঠানিকভাবে নতুন স্পিকার নির্বাচনের দাবি জানালে এ বিষয়ে পার্লামেন্টে বিতর্কের আয়োজন করবেন তিনি।

হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে স্বীকৃতি নিয়ে জটিলতা

প্রেসিডেন্ট হেরজগের সঙ্গে বৈঠকে রা’আম পার্টির নেতা মানসুর আব্বাস হামাসকে স্পষ্টভাবে সন্ত্রাসী সংগঠন হিসেবে স্বীকৃতি দেননি। যদিও তিনি অতীতে বারবার সন্ত্রাসবাদ ও রাজনৈতিক সহিংসতার নিন্দা জানিয়েছেন এবং হামাসকে নিরস্ত্র করে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন।

আইজেনকট তাঁর সম্ভাব্য সরকারে যোগ দিতে আগ্রহী দলগুলোর জন্য হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে স্বীকৃতি দেওয়াকে অন্যতম শর্ত করেছেন। তবে আব্বাস আশা প্রকাশ করেছেন, আইজেনকট একটি ‘ভালো সরকার’ গঠন করতে পারবেন। ২০২১ সালে ইয়াইর লাপিদ ও নাফতালি বেনেতের সঙ্গে তাঁর গঠিত সরকারের প্রসঙ্গ টেনে আব্বাস বলেন, ওই সরকারের সবচেয়ে খারাপ দিনটিও নিরাপত্তা, জাতীয় ও ব্যক্তিগত সুরক্ষা এবং বেসামরিক বিষয়াদির দিক থেকে পুরোপুরি ডানপন্থী সরকারের চেয়ে অসীম গুণ ভালো ছিল।

রা’আম এমন কোনো সরকারের অংশ হতে পারবে কি না, যে সরকার সন্ত্রাসবাদের বিরুদ্ধে কোনো সীমাবদ্ধতা ছাড়াই লড়াই করবে, প্রেসিডেন্ট হেরজগের এমন প্রশ্নের জবাবে আব্বাস বলেন, ‘কোনো সরকার বা মন্ত্রিসভাকে ইসরায়েলি নাগরিকদের রক্ষা করতে বাধা দেবে রা’আমের অংশগ্রহণ, এমন দাবি সঠিক নয়।’

এ সময় আরব রাজনীতিকদের বারবার ‘আনুগত্যের পরীক্ষা’র মুখোমুখি করা হচ্ছে বলে অভিযোগ করেন আব্বাস। তাঁর প্রশ্ন, আরব রাজনীতিকদের কাছে যে ধরনের আনুগত্যের প্রমাণ চাওয়া হয়, ইহুদি রাজনীতিকদের ক্ষেত্রে কেন একই মানদণ্ড অনুসরণ করা হয় না?

এর আগে আরব আইনপ্রণেতারাও একই অভিযোগ তুলেছেন। তাঁদের বক্তব্য, পশ্চিম তীরসহ বিভিন্ন স্থানে ইহুদি সন্ত্রাসবাদের স্বীকৃতি দিতে ইহুদি রাজনীতিকদের কখনো একই ধরনের চাপের মুখে পড়তে হয় না। আব্বাসের উল্লেখ অনুযায়ী, রা’আমের কোনো আইনপ্রণেতার বিরুদ্ধে সন্ত্রাসবাদ-সংশ্লিষ্ট অপরাধে অভিযোগ আনা হয়নি বা কেউ দোষী সাব্যস্ত হননি। অন্যদিকে, উতজমা ইয়েহুদিত পার্টির নেতা ইতামার বেন-গভির ২০০৭ সালে বর্ণবাদে উসকানি এবং একটি ইহুদি সন্ত্রাসী সংগঠনকে সমর্থনের দায়ে দোষী সাব্যস্ত হয়েছিলেন।

নেতানিয়াহুর বিরুদ্ধে বিষাক্ত রাজনৈতিক বক্তব্য ছড়ানোর অভিযোগ

রা’আম পার্টির দ্বিতীয় শীর্ষ নেতা ইয়োভ সেগালোভিৎস ইসরায়েলের চলমান রাজনৈতিক আলোচনাকে ‘বিষাক্ত’ বলে মন্তব্য করেছেন। ইসলামপন্থী দলটির প্রথম ইহুদি প্রার্থী হিসেবে ইতিহাস গড়া সেগালোভিৎসের অভিযোগ, এ ধরনের রাজনৈতিক বক্তব্য ছড়ানোর নেতৃত্ব দিচ্ছেন নেতানিয়াহু।

তিনি বলেন, ‘গতকালই নেতানিয়াহু বলেছেন, ইসলামিক মুভমেন্ট বিপজ্জনক এবং সবাই সন্ত্রাসবাদের সমর্থক। অথচ সন্ত্রাসবাদের সমর্থক একমাত্র ইতামার বেন-গভির, যিনি তাঁর সরকারে রয়েছেন এবং দোষী সাব্যস্ত হয়েছেন।’ তিনি আরও বলেন, নেতানিয়াহুর সরকারে এমন একজন ব্যক্তি রয়েছেন, যিনি সন্ত্রাসী সংগঠনকে সমর্থন এবং বর্ণবাদে উসকানির দায়ে দণ্ডিত হয়েছেন। অথচ আরব রাজনীতিকদেরই বারবার আনুগত্যের পরীক্ষা দিতে হচ্ছে।

নেতানিয়াহুর প্রতিদ্বন্দ্বী আইজেনকটকে সমর্থনের ঘোষণা দিল আরব জোট

জলপাই সংগ্রহে ফিলিস্তিনিদের পাশে দাঁড়ালেন ইসরায়েলের সাবেক জেনারেলরা

ইরানকে ৯০টি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণব্যবস্থা দিচ্ছে রাশিয়া

গাজার অঙ্গ হারানো ১১৩৪ শিশুকে বিদেশে যেতে দিচ্ছে না ইসরায়েল

পারমাণবিক অস্ত্র তৈরির দাবি জোরালো হচ্ছে ইরানে, নীতিগত অবস্থান পরিবর্তনে চাপ

নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে একমত ইসরায়েলের বিরোধী দলগুলো

হরমুজ প্রণালিতে একাধিক বিকট বিস্ফোরণ, ‘আত্মরক্ষামূলক’ হামলার দাবি যুক্তরাষ্ট্রের

বিরোধীদের হাতে সংখ্যাগরিষ্ঠতা—কী হতে পারে নেতানিয়াহুর শেষ চেষ্টা

সেনাবাহিনীতে বাধ্যতামূলক নিয়োগের বিরোধিতা হারেদি ইহুদিদের, পুলিশকে ‘নাৎসি’ ও ‘সন্ত্রাসী’ আখ্যা

নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে বিরোধী জোটকে সমর্থন দেবে আরব দলগুলো