হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

উপসাগরীয় ৬ দেশকে যুক্ত করবে ২১০০ কিলোমিটারের এক রেললাইন

আজকের পত্রিকা ডেস্ক­

সংযুক্ত আরব আমিরাত ইতিমধ্যে তাদের জাতীয় রেল নেটওয়ার্ক চালু করেছে। ছবি: দ্য ন্যাশনাল

কুয়েত, সৌদি আরব, বাহরাইন, কাতার, সংযুক্ত আরব আমিরাত ও ওমান—উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) এই ছয় সদস্যদেশকে একটি সমন্বিত রেল নেটওয়ার্কের আওতায় আনতে ২ হাজার ১০০ কিলোমিটার দীর্ঘ রেলপথ নির্মাণের চুক্তি সই হয়েছে। রোববার (৮ নভেম্বর) বাহরাইনের আল-জহির প্রাসাদে জিসিসিভুক্ত দেশগুলোর পরিবহনমন্ত্রীরা এই চুক্তিতে স্বাক্ষর করেন।

মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যম দ্য ন্যাশনাল জানায়, কুয়েত থেকে ওমান পর্যন্ত বিস্তৃত এই রেল নেটওয়ার্কের মাধ্যমে উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর মধ্যে যাত্রী ও পণ্য পরিবহন সহজ হবে। পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ ও পর্যটনের নতুন সম্ভাবনা তৈরি হবে বলে আশা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বাহরাইনের পরিবহন ও টেলিযোগাযোগমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন আহমেদ আল খলিফা চুক্তিটিকে উপসাগরীয় অঞ্চলের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বিনিয়োগ হিসেবে অভিহিত করেছেন। তাঁর মতে, এই উদ্যোগ জিসিসি নেতাদের পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা জোরদারের দীর্ঘদিনের আকাঙ্ক্ষার প্রতিফলন।

শেখ আবদুল্লাহ বলেন, প্রকল্পটি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় আইনি ও নিয়ন্ত্রক কাঠামো সম্পন্ন করার ক্ষেত্রে চুক্তিটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এর মধ্য দিয়ে দেশগুলোর মধ্যে যোগাযোগ ও অর্থনৈতিক একীভূতকরণের নতুন অধ্যায় শুরু হবে। বাণিজ্য, বিনিয়োগ ও ভ্রমণের ক্ষেত্রেও উন্মুক্ত হবে বিস্তৃত সম্ভাবনা।

জিসিসির মহাসচিব জাসেম আলবুদাইউই বলেন, পরিবহন খাতে উপসাগরীয় দেশগুলোর সমন্বিত উদ্যোগ শক্তিশালী করার ক্ষেত্রে এ চুক্তি একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। ছয়টি দেশকে একটি অভিন্ন রেল নেটওয়ার্কে যুক্ত করাই এর মূল লক্ষ্য।

ইতিমধ্যে সংযুক্ত আরব আমিরাত নিজস্ব জাতীয় রেল নেটওয়ার্ক চালু করেছে। অন্যদিকে ওমান ও আমিরাতের মধ্যে ২৩৮ কিলোমিটার দীর্ঘ হাফিত রেল প্রকল্পের কাজ এগিয়ে চলছে। এর মাধ্যমে ওমানের সোহার বন্দর আবুধাবির সঙ্গে আল বুরাইমি ও আল আইন হয়ে যুক্ত হবে। ২০২৭ সালে প্রকল্পটির পরীক্ষামূলক কার্যক্রম শুরুর কথা রয়েছে।

বাহরাইনকে আঞ্চলিক রেল নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করতে সৌদি আরবের সঙ্গে প্রস্তাবিত কিং হামাদ কজওয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সড়ক ও রেল যোগাযোগের উপযোগী এই স্থায়ী সংযোগ নির্মিত হলে বাহরাইন বৃহত্তর উপসাগরীয় পরিবহন নেটওয়ার্কে প্রবেশের সুযোগ পাবে।

এদিকে সাম্প্রতিক আঞ্চলিক সংঘাত ও হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে বিঘ্নের কারণে বিকল্প পরিবহনব্যবস্থার গুরুত্বও বেড়েছে। বাহরাইনের পরিবহনমন্ত্রী জানান, জাহাজ চলাচল কমে যাওয়ায় দেশটি সৌদি আরবের জেদ্দা ইসলামিক বন্দর, ওমানের সোহার ও দুকম বন্দর এবং সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা বন্দরের ওপর নির্ভরতা বাড়িয়েছে। এসব বন্দর থেকে সড়কপথে পণ্য পরিবহন করা হচ্ছে।

মন্ত্রী মত দেন, যেকোনো দেশের অর্থনীতির প্রাণশক্তি হলো পরিবহনব্যবস্থা। তাই প্রস্তাবিত রেল নেটওয়ার্ক শুধু যোগাযোগ অবকাঠামো নয়, বরং উপসাগরীয় দেশগুলোর অর্থনৈতিক সংহতি, নিরাপদ পণ্য সরবরাহ ও আঞ্চলিক উন্নয়নের দীর্ঘমেয়াদি ভিত্তি হয়ে উঠতে পারে।

ইরানে আমাদের মিশন এখনো শেষ হয়নি: ইসরায়েল কাৎজ

ইসরায়েলে সরকার গঠনে আমন্ত্রণ পেলেও আইজেনকটের পথটা অনেক কঠিন

ইয়েমেনে সৌদি বিমান হামলায় ৩৩ জন নিহত, দাবি হুতিদের

রিয়াদের আরামকোতে আঘাত হানল হুতিদের ক্ষেপণাস্ত্র

বেলুচিস্তানের বিদ্রোহীর মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

আরব দলগুলোর সঙ্গে জোট ইসরায়েলকে তছনছ করে দেবে: নেতানিয়াহু

ইয়েমেনে সৌদি হামলায় নারী-শিশুসহ ৩৩ জনের মৃত্যু, আহত ৩৯

নেতানিয়াহু নয়, আইজেনকটের হাতে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব

এবার ‘অমাবস্যায়’ ইরানে হামলা করবেন ট্রাম্প, প্রস্তুত সেন্টকম

ইসরায়েলের প্রধানমন্ত্রী পদে আইজেনকটের পক্ষে ৬৭ আইনপ্রণেতা, সরকার গঠনের সিদ্ধান্ত রোববার