সৌদি আরবে আশঙ্কাজনক হারে বেড়েছে মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা। মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম ছয় মাসেই (১ জানুয়ারি থেকে ২২ জুন পর্যন্ত) দেশটিতে অন্তত ৯৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এর মধ্যে ৬১টি মৃত্যুদণ্ডই কার্যকর করা হয়েছে কেবল মাদকসংক্রান্ত অপরাধের অভিযোগে।
অ্যামনেস্টির পরিসংখ্যানে দেখা যায়, ২০১৪ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের জুন মাস পর্যন্ত সাড়ে ১২ বছরে সৌদি কর্তৃপক্ষ ২ হাজার ৮৪ জন মানুষের মৃত্যুদণ্ড কার্যকর করেছে।
গত ২২ জুন প্রকাশিত অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছর মাদকসংক্রান্ত অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৬১ জনের মধ্যে ৩৯ জনই ছিলেন বিভিন্ন দেশের নাগরিক এবং ২২ জন ছিলেন সৌদি নাগরিক। বিদেশি নাগরিকদের মধ্যে রয়েছেন ইথিওপিয়ার সাতজন, পাকিস্তানের সাত, সুদানের পাঁচ, জর্ডানের চার, সিরিয়ার তিনজন নাগরিকসহ আরও অন্যান্য দেশের প্রবাসী।
প্রতিবেদনটি প্রকাশের পর অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মধ্যপ্রাচ্যবিষয়ক গবেষক দানা আহমেদ বলেন, বছরের অর্ধেক পার হতেই প্রায় ১০০ মানুষের মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি সরকার। আন্তর্জাতিক আইন ও মানদণ্ড অনুযায়ী যেসব অপরাধের জন্য কখনোই মৃত্যুদণ্ড হওয়া উচিত নয়, সেখানে সাধারণ মাদক মামলায়ও নিয়মিত মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে। অধিকাংশ বিদেশি নাগরিকই অবিচারমূলক বিচারের শিকার হয়ে মৃত্যুদণ্ডের সম্মুখীন হচ্ছেন।
অ্যামনেস্টির প্রতিবেদনে আরও বলা হয়, দক্ষিণ-পশ্চিম সৌদি আরবের খামিস মুশাইত বন্দিশালার একটি কক্ষে বর্তমানে অন্তত ৬৩ জন ইথিওপিয়ান নাগরিক মৃত্যুদণ্ডের ঝুঁকিতে রয়েছেন। তাঁদের বিরুদ্ধে মূল অভিযোগ কেবল গাঁজা বা হাশিশ পাচার।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের রেকর্ড অনুসারে, কেবল ২০২৫ সালে সৌদি আরবে সর্বকালের রেকর্ডসংখ্যক (অন্তত ৩৫৬ জনের) মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল, যা ২০২৪ সালের (১২২ জন) তুলনায় প্রায় তিন গুণ বেশি।
বিগত বছরগুলোতেও মাদকসংক্রান্ত অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্তদের মধ্যে বিদেশি নাগরিকদের হার ছিল সবচেয়ে বেশি। ২০২৪ সালে যা ছিল ৭৫ শতাংশ, ২০২৫ সালে তা দাঁড়ায় ৭৮ শতাংশে।
সর্বশেষ গত শনিবার (১৭ অক্টোবর) সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশে সন্ত্রাসবাদ ও দেশবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত হওয়ায় পাঁচ সৌদি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। আদালতের চূড়ান্ত রায় বহাল থাকা ও রাজকীয় ফরমান জারির পর এই মৃত্যুদণ্ডগুলো কার্যকর করা হয় বলে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে নিশ্চিত করেছে। এর আগে ১৪ অক্টোবর মক্কা অঞ্চলে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড দেওয়া হয়।
বার্তা সংস্থা এএফপি সরকারি হিসাবের বরাতে জানিয়েছে, সর্বশেষ পাঁচজনের মৃত্যুদণ্ড কার্যকরের মাধ্যমে চলতি বছরের প্রথম ১০ মাসেই সৌদি আরবে মোট মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা দাঁড়িয়েছে ১৮৮ জনে।