ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল আলিরেজা তাংসিরিকে বিমান হামলায় হত্যা করার দাবি করেছে ইসরায়েল। আজ বৃহস্পতিবার ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ এক ভিডিও বার্তায় এমন দাবি করেন।
ইসরায়েল কাৎজ জানান, বুধবার রাতে একটি ‘নিখুঁত অভিযানে’ তাংসিরিকে হত্যা করা হয়। এই অভিযানে নৌ-কমান্ডের আরও বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা লক্ষ্যবস্তু ছিলেন। তাংসিরির পরিচয় উল্লেখ করে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘যিনি সরাসরি হরমুজ প্রণালিতে মাইন পুঁতে রাখা এবং জাহাজ চলাচলে বাধা দেওয়ার মতো সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য দায়ী ছিলেন, তাঁকে আজ উড়িয়ে দেওয়া হয়েছে।’
তেহরান থেকে আল জাজিরার প্রতিনিধি তৌহিদ আসাদি জানিয়েছেন, তাংসিরির মৃত্যুর বিষয়ে এখনো ইরানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি। তবে তিনি বলেন, ‘যদি এই খবর সত্য হয়, তবে এটি ইরানের জন্য আরেকটি বড় ধাক্কা হবে। তারা ইতিমধ্যে তাদের অনেক সামরিক কমান্ডারকে হারিয়েছে।’
গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ইরান-ইসরায়েল যুদ্ধে ইতিমধ্যে ইরানের বেশ কয়েকজন শীর্ষ নেতা ও কর্মকর্তাকে হত্যা করেছে ইসরায়েল। এই তালিকায় আছেন—ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনি, নিরাপত্তা প্রধান আলী লারিজানি, আধাসামরিক বাহিনী বাসিজের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল গোলামরেজা সোলেইমানি ও গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খতিব।
সম্প্রতি ইসরায়েলি বাহিনী ইরানের নৌ-স্থাপনা ও সম্পদের ওপর হামলাও জোরদার করেছে। গত সপ্তাহে কাস্পিয়ান সাগরে ইরানের বেশ কিছু নৌ-যানে বিমান হামলা চালায় ইসরায়েল।