ইসরায়েল ও যুক্তরাষ্ট্র গত শনিবার ইরানে যৌথভাবে আক্রমণ চালায়। সেই আক্রমণে ইরানে একটি বালিকা বিদ্যালয়ে অন্তত দেড় শতাধিক শিক্ষার্থী নিহত হয়েছে। এ ছাড়া, বিনা উসকানিতে ইরানে আক্রমণ চালানো হয়েছে। এই অবস্থায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কেবল ইসরায়েলের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। ইসরায়েলিদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। কিন্তু ইরানে হামলার কোনো নিন্দা করেননি বা এই বিষয়ে কোনো স্পষ্ট অবস্থানও নেননি ভারতের প্রধানমন্ত্রী।
নিজের ভেরিফায়েড এক্স অ্যাকাউন্টে নরেন্দ্র মোদি হিব্রু ভাষায় একটি পোস্ট শেয়ার করেন। সেটার ইংরেজি প্রতিলিপিতে বলা হয়েছে, ‘আমি ফোনে বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বলেছি। বর্তমান আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আমাদের মধ্যে আলোচনা হয়েছে। সাম্প্রতিক ঘটনাবলি নিয়ে ভারতের উদ্বেগের কথা আমি তুলে ধরেছি। একই সঙ্গে জোর দিয়ে বলেছি, নাগরিকদের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার। ভারত পুনর্ব্যক্ত করছে যে, দ্রুত সংঘাতের অবসান হওয়া জরুরি।’
এর ঘণ্টা খানেক আগে নরেন্দ্র মোদি সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে কথা বলেন। এই বিষয়ে এক্স পোস্ট মোদি দেশটিতে মার্কিন ঘাঁটিগুলোতে ইরানি আক্রমণের নিন্দা জানান। তবে মোদি এখানে ইরানের নাম উল্লেখ করেননি। এবং মার্কিন ঘাঁটিতে হামলাকে আরব আমিরাতের ওপর হওয়া হামলা বলে আখ্যা দিয়েছেন।
মোদি তাঁর এক্স পোস্টে লিখেন, ‘সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট, আমার ভাই শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে কথা বলেছি। সংযুক্ত আরব আমিরাতের ওপর হওয়া হামলাগুলোর জোরালো নিন্দা জানিয়েছি আমি। এসব হামলায় প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছি। এই কঠিন সময়ে ভারত সংযুক্ত আরব আমিরাতের পাশে আছে।’
মোদি আরও বলেন, ‘সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত ভারতীয় সম্প্রদায়ের দেখভাল করার জন্য তাঁকে ধন্যবাদ জানিয়েছি। আমরা উত্তেজনা প্রশমন, আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতার পক্ষে আছি।’