হোম > বিশ্ব > ভারত

ভারতের নয়া চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল রাজা সুব্রামানি

আজকের পত্রিকা ডেস্ক­

জেনারেল রাজা সুব্রামানি। ছবি: সংগৃহীত

পাকিস্তান ও চীনবিষয়ক বিশেষজ্ঞ হিসেবে পরিচিত জেনারেল এন এস রাজা সুব্রামানি আজ রোববার ভারতের নতুন চিফ অব ডিফেন্স স্টাফ (সিডিএস) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। তাঁর প্রধান দায়িত্ব হবে উচ্চাকাঙ্ক্ষী সামরিক থিয়েটারাইজেশন পরিকল্পনা বাস্তবায়ন এবং তিন বাহিনীর মধ্যে সমন্বয় আরও জোরদার করা।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর খবরে বলা হয়েছে, রাজা সুব্রামানি জেনারেল অনিল চৌহানের স্থলাভিষিক্ত হয়েছেন। জেনারেল চৌহান গতকাল শনিবার দেশের সর্বোচ্চ সামরিক কমান্ডার হিসেবে তাঁর মেয়াদ পূর্ণ করে দায়িত্ব ছেড়ে দেন। জেনারেল সুব্রামানি এর আগে ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল সেক্রেটারিয়েটের (এনএসসিএস) সামরিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। গত বছরের ৩১ জুলাই তিনি ভারতীয় সেনাবাহিনীর ভাইস চিফ অব আর্মি স্টাফ পদ থেকে অবসর নেন।

দায়িত্ব গ্রহণের পরপরই রাজা সুব্রামানি বলেন, সশস্ত্র বাহিনীর রূপান্তর এবং তিন বাহিনীর মধ্যে সমন্বয় ও একীভূতকরণ জোরদারের লক্ষ্যে সাংগঠনিক সংস্কারই হবে তাঁর প্রধান অগ্রাধিকার। সংক্ষিপ্ত এক বিবৃতিতে তিনি বলেন, ‘আমরা আমাদের সশস্ত্র বাহিনীতে দেশীয় অস্ত্রের উন্নয়ন, অন্তর্ভুক্তি এবং সমন্বয় আরও দ্রুততর করব।’

রাজা সুব্রামানি আরও বলেন, ‘আমাদের সশস্ত্র বাহিনী জাতীয় স্বার্থ রক্ষায় ধারাবাহিকভাবে পেশাদারি ও কার্যকর অপারেশনাল সক্ষমতার প্রমাণ দিয়েছে। আমরা আমাদের দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ।’ তিনি বলেন, ‘আমি ভারতের নাগরিকদের আশ্বস্ত করতে চাই যে সশস্ত্র বাহিনী নিষ্ঠা, সাহস, মর্যাদা ও পেশাদারির সঙ্গে দেশসেবায় অব্যাহত থাকবে।’

জেনারেল সুব্রামানি উল্লেখ করেন, তিনি সশস্ত্র বাহিনীতে দেশীয় অস্ত্রব্যবস্থার উন্নয়ন, অন্তর্ভুক্তি এবং সমন্বয়ের গতি বাড়ানোর জন্যও কাজ করবেন। চিফ অব ডিফেন্স স্টাফ হিসেবে জেনারেল সুব্রামানির প্রধান কাজ হবে সমন্বিত সামরিক কমান্ড চালুর মাধ্যমে থিয়েটারাইজেশন মডেল বাস্তবায়ন করা।

চার দশকের বেশি সময়ব্যাপী সামরিক জীবনে তিনি বিভিন্ন ধরনের সংঘাতপূর্ণ এলাকা ও ভৌগোলিক পরিবেশে দায়িত্ব পালন করেছেন। একই সঙ্গে তিনি বহু কমান্ড, স্টাফ ও প্রশিক্ষণ-সংক্রান্ত পদে কাজ করেছেন। তিনি ২০২৪ সালের ১ জুলাই থেকে ২০২৫ সালের ৩১ জুলাই পর্যন্ত ভাইস চিফ অব আর্মি স্টাফ হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে ২০২৩ সালের মার্চ থেকে ২০২৪ সালের জুন পর্যন্ত তিনি সেন্ট্রাল কমান্ডের জেনারেল অফিসার কমান্ডিং ইন চিফ ছিলেন।

১৯৮৫ সালের ১৪ ডিসেম্বর তিনি গাড়োয়াল রাইফেলসের অষ্টম ব্যাটালিয়নে কমিশনপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে যোগ দেন। জেনারেল সুব্রামানি যুক্তরাজ্যের জয়েন্ট সার্ভিস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ এবং ন্যাশনাল ডিফেন্স কলেজে সাবেক শিক্ষার্থী। তিনি কিংস কলেজ লন্ডন থেকে মাস্টার অব আর্টস (এমএ) ডিগ্রি অর্জন করেছেন এবং ইউনিভার্সিটি অব মাদ্রাজ থেকে ডিফেন্স স্টাডিজে এমফিল ডিগ্রি লাভ করেছেন।

তিনি অপারেশন রাইনোর অংশ হিসেবে আসামে সন্ত্রাসবিরোধী অভিযানে ১৬ গাড়োয়াল রাইফেলসের নেতৃত্ব দিয়েছেন। এ ছাড়া জম্মু-কাশ্মীরে ১৬৮ ইনফ্যান্ট্রি ব্রিগেড এবং কঠিন অপারেশনাল পরিবেশে সেন্ট্রাল সেক্টরে ১৭ মাউন্টেন ডিভিশনের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তিনি ভারতীয় সেনাবাহিনীর পশ্চিম ফ্রন্টে একটি শীর্ষস্থানীয় স্ট্রাইক কোরসহ দুটি কোরের নেতৃত্ব দিয়েছেন। জেনারেল সুব্রামানি ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের (সেনাবাহিনী) সমন্বিত সদর দপ্তরে ডেপুটি ডিরেক্টর জেনারেল অব মিলিটারি ইন্টেলিজেন্সের দায়িত্ব পালন করেছেন।

এ ছাড়া তিনি ইস্টার্ন কমান্ডে ব্রিগেডিয়ার জেনারেল স্টাফ (অপারেশনস), ওয়েলিংটনের ডিফেন্স সার্ভিসেস স্টাফ কলেজে চিফ ইনস্ট্রাক্টর (আর্মি) এবং নর্দান কমান্ড সদর দপ্তরে চিফ অব স্টাফ হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

বাংলাদেশ–ভারত সীমান্তের নিরাপত্তা নিশ্চিতে অমিত শাহের নীলনকশা, কী আছে এতে

পশ্চিমবঙ্গে বিভিন্ন হোল্ডিং সেন্টারে আটক ৪০০ জন, চলছে বাংলাদেশে পাঠানোর প্রচেষ্টা

মমতার ভাতিজা অভিষেককে চড়-থাপ্পড়, ডিম-পাথর নিক্ষেপ

ভারতে ডিটেনশন সেন্টারে যাওয়ার ভয়ে বাংলাদেশ সীমান্তে ভিড় করছেন কথিত অভিবাসীরা

আইটি চাকরি ছেড়ে কৃষিকাজে, জমিতেই প্রাণ গেল প্রযুক্তিবিদের

ভারতে সরকারি কর্মীদের বেতন ৪০০ শতাংশ বাড়ানোর প্রস্তাব

মহারাষ্ট্রে কোরবানির ছাগল রাখাকে কেন্দ্র করে উত্তেজনা, শূকর নিয়ে বিক্ষোভে হিন্দুরা

পশ্চিমবঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানের ১ কিমির মধ্যে মদের দোকান নিষিদ্ধ

রাজস্থানের খোলা মাঠে ৫০০ গরুর মৃতদেহ, ভারতজুড়ে ক্ষোভ

অবহেলিত আতাফলের বিস্ময়কর উত্থান ভারতে, নেপথ্যে কী