হোম > বিশ্ব > ভারত

টাইগার শ্রফকে গুলি করা সন্ত্রাসীদের টার্গেট ছিলেন আমির খান

আজকের পত্রিকা ডেস্ক­

বলিউড অভিনেতা আমির খান। ছবি: সংগৃহীত

মুম্বাই পুলিশের তদন্তে উঠে এসেছে, বলিউড অভিনেতা আমির খানের বাড়িতে একাধিকবার নজরদারি চালিয়েছিলেন লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্যরা। তবে সেখানে হামলার সুযোগ না পেয়ে পরে অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্যবস্তু করা হয় বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন গ্রেপ্তার আসামিরা। আজ সোমবার (২৬ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

পুলিশের সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, সালমান খান ছিলেন হামলাকারীদের মূল লক্ষ্য। মুম্বাইয়ের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে তাঁর বাসভবনের আশপাশেও নজরদারি চালানো হয়েছিল। কিন্তু সেখানে কঠোর নিরাপত্তাব্যবস্থা থাকায় হামলার পরিকল্পনা থেকে সরে আসেন তাঁরা।

এরপর আমির খান, অমিতাভ বচ্চন, অক্ষয় কুমারসহ বলিউডের আরও কয়েক তারকার বাড়িতে নজরদারি চালায় হামলাকারীরা। মুম্বাইয়ের বান্দ্রায় আমির খানের বাসভবনের আশপাশে প্রায় এক মাস ধরে অবস্থান করে তিন দফায় পর্যবেক্ষণ চালানো হয় বলে তদন্তে উঠে এসেছে। তবে আমির খান কখনো শুটিংয়ের কাজে বাইরে থাকতেন, আবার কখনো দীর্ঘ সময় বাড়ির ভেতরে থাকতেন। ফলে তাঁর কাছে পৌঁছানো কঠিন হয়ে পড়ে। পুলিশের ধারণা, তাঁর এই অভ্যাসই তাঁকে সম্ভাব্য হামলা থেকে রক্ষা করেছে।

১৮ অক্টোবর সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় নিজের গাড়িতে থাকা অবস্থায় হামলার শিকার হন টাইগার শ্রফ। গাড়ির জানালা দিয়ে ভক্তদের দিকে হাত নাড়ছিলেন তিনি। এ সময় মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি তাঁর গাড়ি লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যান। টাইগার তুলনামূলকভাবে অক্ষত থাকলেও তাঁর গাড়িচালক ও এক পথচারী আহত হন। পুলিশ জানিয়েছে, গাড়িটি লক্ষ্য করে পাঁচ থেকে ছয় রাউন্ড গুলি ছোড়া হয়েছিল।

তদন্তকারীদের ভাষ্য, সামাজিক যোগাযোগমাধ্যমের রিলস ও ইনস্টাগ্রাম পোস্ট থেকে হামলাকারীরা জানতে পারে, টাইগার প্রতি রোববার জুহুর পুষ্প নারসি গ্রাউন্ডে ফুটবল খেলতে যান। তাঁর নিরাপত্তাব্যবস্থা তুলনামূলক দুর্বল ও সেখানে পৌঁছানো সহজ—এমন ধারণা থেকেই তাঁকে লক্ষ্যবস্তু করা হয়। বলিউডে আতঙ্ক সৃষ্টি ও বড় কোনো তারকাকে আক্রমণের উদ্দেশ্যে এই ষড়যন্ত্র করা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় এখন পর্যন্ত রাজস্থান, উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ ও হরিয়ানা থেকে ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। হামলার দায় স্বীকার করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়া গ্যাংস্টার অনিল পণ্ডিতকে মামলায় পলাতক আসামি হিসেবে চিহ্নিত করেছে পুলিশ। তিনি লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সহযোগী বলে অভিযোগ রয়েছে।

এদিকে, আমির খানের তৃতীয় বিয়ে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিও ক্লিপ ও পোস্টও তদন্ত করছে পুলিশ। সেখানে অভিনেতার বিয়ে নিয়ে সাম্প্রদায়িক বিদ্বেষমূলক মন্তব্য করে তাঁকে শাস্তি দেওয়ার হুমকি দেওয়া হয়েছে বলে জানা গেছে। ভারতে ‘লাভ জিহাদ’ শব্দটির কোনো আনুষ্ঠানিক আইনি সংজ্ঞা নেই বলে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় ২০২০ সালে লোকসভাকে জানিয়েছিল।

পুলিশ বলছে, পুরো ষড়যন্ত্রের উদ্দেশ্য ও এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে।

মৃত্যুর ৩৩ বছর পর ধর্মগুরুর হলোগ্রাফিক ইমেজের কাছ থেকে আশীর্বাদ নিলেন মোদি

মোদির ছবি নিয়ে ‘কালা জাদুর’ চেষ্টা অজ্ঞাতনামাদের, মামলা পুলিশের

৫০০ কোটি রুপি লেনদেনের অডিও ক্লিপ ভাইরাল, বিজেপি-শিবসেনার দ্বন্দ্ব চরমে

নারীর ওপর সংঘটিত অপরাধে অভিযুক্ত জনপ্রতিনিধির সংখ্যায় শীর্ষে পশ্চিমবঙ্গ

ইনস্টাগ্রাম ও এক্স-এ সোনিয়া গান্ধীর অভিষেক, প্রথম পোস্টে প্রথম প্রেমের স্মৃতিচারণ

ব্রিটিশ অভিজাত স্কুলগুলোর নজর এখন ভারতে, টার্গেট উদীয়মান ধনীরা

স্টেট ব্যাংক অব ইন্ডিয়ায় সাইবার হামলা, বহু গ্রাহকের তথ্য ডার্ক ওয়েবে

সন্তানদের কখনো এই পেশায় আসতে দেব না—২১ বছরে ২৫ বার বদলি হওয়া আইএএস কর্মকর্তা

ককরোচদের আন্দোলনে যোগ দিয়েছেন ভারতের অর্থমন্ত্রীর স্বামী, থাকছেন আজকের বিক্ষোভেও

পশ্চিমবঙ্গে ধর্মান্তরিত ৩ খ্রিষ্টান পরিবারকে নির্যাতন ও শ্লীলতাহানি হিন্দুত্ববাদী সংগঠনের