হোম > বিশ্ব > ভারত

তামিলনাড়ুতে জিতলেন বিজয়ের গাড়িচালকের ছেলে, নিজ আসনে হার মুখ্যমন্ত্রী স্টালিনের

আজকের পত্রিকা ডেস্ক­

বিজয়ের দলের প্রার্থীর কাছে হেরেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্টালিন এবং অন্য এক আসনে জিতেছেন বিজয়ের গাড়িচালকের ছেলে আর শবরিনাথন। ছবি: সংগৃহীত

তামিল চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয়ের দল তামিলাগা ভেত্রি কাজগাম (টিভিকে) চলতি বছর প্রথম বিধানসভা নির্বাচনে অংশ নিয়েই বাজিমাত করেছে। ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে সোমবার এক ঐতিহাসিক জয় অর্জন করেছে তারা। এই জয়ে শরিক হয়েছেন বিজয়ের গাড়িচালকের ছেলেও। তিনিও একটি আসন থেকে বিধায়ক বা এমএলএ নির্বাচিত হয়েছেন।

থালাপতি বিজয় ও তাঁর দলের এই জয় তামিলনাড়ুতে প্রায় ছয় দশক ধরে চলা দৃঢ় দ্রাবিড়ীয় দ্বিমেরু রাজনীতির অবসান ঘটিয়েছে। এই ফলাফল থালাপতিকে (তামিলে এর অর্থ কমান্ডার) সিনেমা থেকে রাজনীতিতে আসা পরবর্তী বড় শক্তি হিসেবে প্রতিষ্ঠা করেছে।

রাজ্যের ২৩৪ আসনের বিধানসভায় টিভিকে ১০০ টির অনেক বেশি আসন পেয়েছে। আর সেই আসনগুলোর একটি চেন্নাই লোকসভা কেন্দ্রের অন্তর্গত বিরুগামপাক্কম। সেখানে জিতেছেন আর শবরিনাথন। কিন্তু এই আর সাবারিনাথন কে? ৩০ বছর বয়সী তরুণ বিজয়ের ব্যক্তিগত গাড়িচালকের ছেলে। তামিলনাড়ুর রাজনীতিতে ইতিহাস গড়তে যাওয়া এই তরুণ প্রথমবারের মতো নির্বাচনে জয়ী হয়ে টিভিকের নতুন এমএলএদের তালিকায় নিজের নাম যুক্ত করেছেন।

তিনি মুখ্যমন্ত্রী এমকে স্টালিনের দল দ্রাবিড়া মুনেত্রা কাজাগামের (ডিএমকে) প্রভাবকর রাজা এবং অল ইন্ডিয়া দ্রাবিড়া মুনেত্রা কাজাগামের বিরুগাই রবিকে ২২ হাজারের বেশি ভোটে পরাজিত করেছেন। উল্লেখ্য, বিরুগাই রবি ২০২১ ও ২০১৬ সালে এই আসনটি জিতেছিলেন।

এদিকে, তামিলনাড়ুর অন্যন্য আসনে ডিএমকের একাধিক প্রভাবশালী নেতা পরাজিত হয়েছেন। ক্ষমতাসীন দলটি বিব্রতকর পরাজয়ের মুখে পড়েছে। পরাজিতদের তালিকায় সবচেয়ে বড় নামটি হলো মুখ্যমন্ত্রী এমকে স্টালিন নিজেই। তিনি নিজের শক্ত ঘাঁটি কোলাথুর আসনে টিভিকের ভিএস বাবুর কাছে হেরে গেছেন।

তবে স্টালিনের ছেলে উদয়ানিধি স্টালিন তুলনামূলক ভালো করেছেন। তিনি টিভিকের আরেক নেতা সেলভাম ডির চ্যালেঞ্জ মোকাবিলা করে চেপক-তিরুভাল্লিকেনি আসনটি ৭ হাজার ১৪০ ভোটে ধরে রাখতে সক্ষম হয়েছেন।

অন্যদিকে, সম্ভাব্য নতুন মুখ্যমন্ত্রী বিজয় নিজেও আজ একপ্রকার হ্যাটট্রিক জয় উপভোগ করেছেন। তাঁর দল সারা রাজ্যে ঝড় তুলেছে, আর তিনি পেরাম্বুর আসনে ডিএমকের আরডি শেকরকে প্রায় ৫০ হাজার ভোটে হারিয়ে এবং তিরুচিরাপল্লি (পূর্ব) আসনে ডিএমকের এস ইরুদ্বয়ারাজকে প্রায় ২৩ হাজার ভোটে হারিয়ে জয়ী হয়েছেন।

ভোট গণনা শেষে ফলাফল টিভিকের বিশাল জয় নির্দেশ করছে। এখন নজর সরকার গঠনের দিকে। বিজয়ের দলটি সম্ভবত ১১৮ আসনের একক সংখ্যাগরিষ্ঠতার সীমা থেকে সামান্য পিছিয়ে থাকবে, ফলে সেই সীমা অতিক্রম করতে তাদের অন্য দলগুলোর সমর্থন প্রয়োজন হবে। এই সমর্থন কোথা থেকে আসবে? ভারতীয় জাতীয় কংগ্রেস নাকি, এআইডিএমকে নাকি অন্যান্য আঞ্চলিক দল থেকে—তা আগামী কয়েক দিনে তামিলনাড়ুর রাজনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হয়ে উঠবে।

আসামে কংগ্রেসের জয় শুধুই মুসলিম অধ্যুষিত অঞ্চলে

কেরালায় মুসলিম তরুণীর কাছে হারলেন ক্ষমতাসীন বাম জোটের প্রধান

তামিলনাড়ু নির্বাচন: অভিষেকেই বাজিমাত বিজয়ের, অভিনেতা থেকে মুখ্যমন্ত্রিত্বের দ্বারপ্রান্তে

পশ্চিমবঙ্গে নির্বাচন: দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা বিজেপির, নিজের ডেরাতেও হারলেন মমতা

দিদির রাজ্য মোদির দখলে

পশ্চিমবঙ্গে ঐতিহাসিক জয়ের পথে বিজেপি, শুভেন্দুর কাছে হেরে গেলেন মমতা

জয়ের খুশিতে ‘বাঙালি বাবু’ সেজেছেন মোদি

বিজেপি জিতলে কে হবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, আলোচনায় যাঁরা

পশ্চিমবঙ্গে পদ্ম ফুটেছে: মোদি

২০৫ আসনে এগিয়ে বিজেপি, তৃণমূল ৮৩