হোম > বিশ্ব > ইউরোপ

রাশিয়ার জন্য এবারের শীতকে যন্ত্রণাদায়ক করে তুলব—জাতিসংঘে জেলেনস্কির হুঁশিয়ারি

আজকের পত্রিকা ডেস্ক­

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি। ছবি: সংগৃহীত

ইউক্রেনের বিদ্যুৎ ও তাপ সরবরাহ অবকাঠামোয় রাশিয়া হামলা অব্যাহত রাখলে আসন্ন শীত রাশিয়ার জন্যও ‘যন্ত্রণাদায়ক’ করে তোলা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি।

বুধবার (২৪ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া ভাষণে জেলেনস্কি বলেন, আসন্ন শীত ইউক্রেনীয়দের জন্য অত্যন্ত কঠিন হতে পারে। তবে রাশিয়া যদি ইউক্রেনের বিদ্যুৎ ও উত্তাপ সরবরাহ ব্যবস্থা লক্ষ্য করে হামলা চালায়, তাহলে পাল্টা ব্যবস্থা নেওয়া ছাড়া কিয়েভের সামনে আর কোনো পথ থাকবে না।

জেলেনস্কি বলেন, ‘ইউক্রেনীয়রা বুঝতে পারছে, এই শীত আমাদের জন্য খুব কঠিন হতে পারে। কিন্তু এর জবাবে রাশিয়ার জন্যও শীতকে যন্ত্রণাদায়ক করে তোলা ছাড়া আমাদের কোনো বিকল্প থাকবে না।’

তিনি রাশিয়ার ইতিহাসে প্রচলিত ‘জেনারেল উইন্টার’ বা ‘শীতকাল’ ধারণার প্রসঙ্গ তুলে বলেন, বহু শতাব্দী ধরে রাশিয়ার হয়ে লড়াই করা সেই শীত এবার রাশিয়ার বিরুদ্ধে অবস্থান নিতে পারে।

‘জেনারেল উইন্টার’ বলতে সাধারণত রাশিয়ার তীব্র শীতকে বোঝানো হয়, যা অতীতে দেশটিতে আক্রমণকারী বিভিন্ন বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।

জেলেনস্কি বলেন, রাশিয়া ইউক্রেনের জ্বালানি ও তাপ সরবরাহ ব্যবস্থায় হামলা অব্যাহত রাখলে ইউক্রেনও রাশিয়ার জ্বালানি অবকাঠামোয় হামলা জোরদার করবে। তাঁর ভাষায়, ইউক্রেনের হামলার লক্ষ্য তেল, জ্বালানি বা বন্দর নয়; বরং রাশিয়ার যুদ্ধ পরিচালনা ও তা অর্থায়নের সক্ষমতা কমিয়ে দেওয়া।

ইউক্রেন ইতিমধ্যে রাশিয়ার বিভিন্ন তেল শোধনাগার, জ্বালানি সংরক্ষণাগার ও রপ্তানি অবকাঠামোয় দূরপাল্লার ড্রোন হামলা চালিয়েছে। কিয়েভ এসব স্থাপনাকে রুশ সামরিক বাহিনীর সরবরাহ ও যুদ্ধ অর্থনীতির সঙ্গে সংশ্লিষ্ট বৈধ সামরিক লক্ষ্য হিসেবে বিবেচনা করে।

জ্বালানি স্থাপনায় হামলা বন্ধের প্রস্তাব

জাতিসংঘে জেলেনস্কির বক্তব্যের এক দিন আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকেও তিনি ‘এনার্জি যুদ্ধবিরতি’র প্রস্তাব দেন। তিনি বলেন, রাশিয়া ইউক্রেনের বিদ্যুৎ, গ্যাস, পানি ও তাপ সরবরাহ ব্যবস্থায় হামলা বন্ধ করলে কিয়েভও রুশ শোধনাগারে হামলা বন্ধ করতে প্রস্তুত।

তবে এই ধরনের যুদ্ধবিরতির আনুষ্ঠানিক শর্ত, সুরক্ষিত স্থাপনার তালিকা বা তা পর্যবেক্ষণের ব্যবস্থা এখনো প্রকাশিত হয়নি।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের গত কয়েক শীতে রুশ বাহিনী ইউক্রেনের বিদ্যুৎকেন্দ্র, সাবস্টেশন ও গ্যাস অবকাঠামোয় ব্যাপক হামলা চালিয়েছে। এবার সেই হামলা হলে রাশিয়ার জ্বালানি স্থাপনায় পাল্টা আঘাত আরও বাড়ানোর ইঙ্গিতই দিলেন জেলেনস্কি।