চীনের উত্তরাঞ্চলীয় শানসি প্রদেশের একটি বহুতল ভবনে আগুন লেগে ১৪ জনের মৃত্যু হয়েছে। রোববার সন্ধ্যায় প্রদেশটির রাজধানী তাইইউয়ানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সোমবার স্থানীয় কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানিয়েছে বেইজিংভিত্তিক রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া।
ইংজে জেলা সরকারের তথ্য অনুযায়ী, রোববার বিকেল পাঁচটার দিকে হাওশেং ইন্টারন্যাশনাল অ্যাপার্টমেন্ট ভবনে আগুনের সূত্রপাত হয়। সন্ধ্যা সাতটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। রাত সাড়ে আটটার দিকে উদ্ধার অভিযান শেষ হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
রোববার রাতেই ৩৮ জনকে হাসপাতালে নেওয়া হয়। তাঁদের মধ্যে পাঁচজনের মৃত্যু হয়েছিল। সোমবার সকাল নাগাদ নিহতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়ায় বলে সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে।
জেলা সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, আহতদের চিকিৎসায় সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে। এ ঘটনার পরবর্তী কার্যক্রম চলছে। আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। তবে তদন্ত চলছে।
সম্পত্তি কেনাবেচার অনলাইন প্ল্যাটফর্ম লিয়ানজিয়ার তথ্য অনুযায়ী, ভবনটি আবাসিক ও বাণিজ্যিক—দুই ধরনের ব্যবহারের জন্য নির্মিত হয়েছিল। তাইইউয়ান শহরের কেন্দ্রস্থলে অবস্থিত ভবনটির আশপাশে হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান, বাণিজ্যিক কেন্দ্র ও পর্যটনস্থল রয়েছে।
চীনে ভবন নির্মাণবিধি যথাযথভাবে অনুসরণ না করার কারণে প্রাণঘাতী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটার নজির রয়েছে। গত বছরের নভেম্বরে হংকংয়ে কয়েকটি বহুতল ভবনে ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ে। ওই ঘটনায় ১৬৮ জন নিহত হন।
এর এক মাস পর দক্ষিণ চীনের গুয়াংডং প্রদেশের একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে ১২ জনের মৃত্যু হয়।