হোম > বিশ্ব > এশিয়া

রোহিঙ্গাদের জীবনকে দুঃস্বপ্নে পরিণত করেছে মিয়ানমার—আদালতের শুনানিতে গাম্বিয়া

আজকের পত্রিকা ডেস্ক­

আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) গাম্বিয়ার প্রতিনিধি দল। ছবি: রয়টার্স

জাতিসংঘের সর্বোচ্চ বিচারিক সংস্থা আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) সোমবার (১২ জানুয়ারি) গাম্বিয়া অভিযোগ করেছে, মিয়ানমার পরিকল্পিতভাবে সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গাদের ধ্বংসের লক্ষ্যবস্তুতে পরিণত করেছে এবং তাদের জীবনকে এক ভয়াবহ দুঃস্বপ্নে রূপ দিয়েছে। গণহত্যার অভিযোগে দায়ের করা এই মামলাটি আইসিজে-তে পূর্ণাঙ্গভাবে শুনানি হওয়া প্রথম মামলা, যা গত এক দশকেরও বেশি সময় পর শুরু হয়েছে।

গাম্বিয়ার বিচারমন্ত্রী দাউদা জালো আইসিজে-র বিচারকদের জানান, রোহিঙ্গারা ছিল সাধারণ মানুষ—যাদের স্বপ্ন ছিল শান্তি ও মর্যাদার সঙ্গে বেঁচে থাকার। কিন্তু সেই স্বপ্ন কেড়ে নেওয়া হয়েছে। জালো বলেন, ‘তাদের ধ্বংসের জন্য লক্ষ্যবস্তু করা হয়েছে।’ তাঁর ভাষায়, মিয়ানমার শুধু রোহিঙ্গাদের স্বপ্ন ভেঙে দেয়নি, বরং অকল্পনীয় সহিংসতা ও ধ্বংসযজ্ঞের মধ্য দিয়ে তাদের জীবনকে দুঃস্বপ্নে পরিণত করেছে।

২০১৯ সালে পশ্চিম আফ্রিকার মুসলিমপ্রধান দেশ গাম্বিয়া এই মামলাটি দায়ের করে। অভিযোগে বলা হয়—মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যে বসবাসকারী রোহিঙ্গাদের বিরুদ্ধে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় গণহত্যা চালানো হয়েছে। ২০১৭ সালে মিয়ানমারের সেনাবাহিনীর অভিযানে অন্তত ৭ লাখ ৩০ হাজার রোহিঙ্গা নিজ ঘরবাড়ি ছেড়ে পালিয়ে প্রতিবেশী বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হন। সেখানে তারা হত্যাকাণ্ড, গণধর্ষণ ও অগ্নিসংযোগের ভয়াবহ বর্ণনা দেন।

জাতিসংঘের একটি অনুসন্ধান মিশন ২০১৭ সালের ওই সামরিক অভিযানকে ‘গণহত্যামূলক কর্মকাণ্ড’ হিসেবে চিহ্নিত করে। তবে মিয়ানমার সরকার এসব অভিযোগ অস্বীকার করে বলেছে, এটি ছিল মুসলিম জঙ্গিদের হামলার জবাবে বৈধ সন্ত্রাসবিরোধী অভিযান।

নেদারল্যান্ডসের হেগে শুনানির আগে রোহিঙ্গা ভুক্তভোগীরা জানান, তারা দীর্ঘদিন ধরে ন্যায়বিচারের অপেক্ষায় আছেন। ৫২ বছর বয়সী রোহিঙ্গা শরণার্থী ইউসুফ আলী বলেন, ‘আমরা চাই আদালত বলুক—মিয়ানমার গণহত্যা করেছে এবং আমরা এর শিকার। আমরা ন্যায়বিচার প্রাপ্য।’

এই মামলার রায় শুধু মিয়ানমারের জন্য নয়, আন্তর্জাতিক পরিসরেও গভীর প্রভাব ফেলতে পারে। বিশেষ করে গাজা যুদ্ধ নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার করা গণহত্যা মামলার ক্ষেত্রেও এর প্রতিফলন দেখা যেতে পারে। তিন সপ্তাহব্যাপী এই শুনানিতে সংবেদনশীলতা ও ভুক্তভোগীদের গোপনীয়তার কারণে রোহিঙ্গাদের বক্তব্য গণমাধ্যমের বাইরে, বন্ধ অধিবেশনে শোনা হবে।

উল্লেখ্য, ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের পর থেকে মিয়ানমার আরও অস্থিতিশীল হয়ে উঠেছে। বর্তমানে দেশটিতে বিভিন্ন ধাপে যে নির্বাচন চলছে, তা জাতিসংঘ ও মানবাধিকার সংগঠনগুলোর মতে স্বাধীন ও সুষ্ঠু নয়। রোহিঙ্গাদের পক্ষে গাম্বিয়ার মামলাটি ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) ৫৭টি দেশের সমর্থন পেয়েছে।

ফিলিপাইনের সিনেটে আইসিসির পরোয়ানাভুক্ত সিনেটরকে ধরতে অভিযান, গুলির শব্দ

কারামুক্ত হলেন থাকসিন সিনাওয়াত্রা

শিশু ধর্ষণের অভিযোগে শ্রীলঙ্কায় বিশ্বখ্যাত বৌদ্ধ ভিক্ষু গ্রেপ্তার

ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির জ্বালামুখে ছবি তুলছিলেন অভিযাত্রীরা, তখনই ঘটল অগ্ন্যুৎপাত

অস্ট্রেলিয়ায় উগ্র ইসলামপন্থী ২ নারী মানবতাবিরোধী অপরাধে আটক

সম্পর্ক আরও ঘনিষ্ঠ করছে দিল্লি–নেপিডো, মিয়ানমার সফরে ভারতীয় নৌপ্রধান

স্কুলে ফিরছে বেত, সিঙ্গাপুরে নতুন নিয়ম

রেকর্ড ৮ বিলিয়ন ডলার উত্তরাধিকার কর দিল স্যামসাং পরিবার

সিউল যাচ্ছে উত্তর কোরিয়ার নারী ফুটবল ক্লাব, মুখোমুখি হবে দক্ষিণের নারীদের

এবার রাশিয়ার তেল কিনছে জাপানও