হোম > বিশ্ব > এশিয়া

ইরান সংকট: সাড়ে ১৫ হাজার কোটি টাকা ক্ষতির মুখে থাইল্যান্ডের পর্যটন

আজকের পত্রিকা ডেস্ক­

ইরান সংকট দীর্ঘায়ত হলে বিশাল ক্ষতির মুখে পড়বে থাইল্যান্ডের পর্যটন খাত। ছবি: ব্যাংকক পোস্ট

মধ্যপ্রাচ্যের আকাশসীমা বন্ধ থাকলে থাইল্যান্ডের পর্যটন আয়ে বড় ধরনের ধাক্কা লাগতে পারে। সবচেয়ে খারাপ পরিস্থিতিতে দেশটি ৪০ বিলিয়ন বাথ বা বাংলাদেশি মুদ্রায় ১৫ হাজার ৪৬৫ কোটি টাকার বেশি (১ বাথ সমান ৩ টাকা ৮৭ পয়সা ধরে) বেশি রাজস্ব হারাতে পারে বলে জানিয়েছে থাইল্যান্ডের পর্যটন ও ক্রীড়া মন্ত্রণালয়।

থাই সংবাদমাধ্যম ব্যাংকক পোস্টের খবরে বলা হয়েছে, পর্যটন ও ক্রীড়া মন্ত্রণালয়ের স্থায়ী সচিব নাত্রিয়া থাওয়িভং বলেন, আকাশসীমা বন্ধ থাকায় মধ্যপ্রাচ্য ও ইউরোপের পর্যটকেরা বড় ধরনের ভোগান্তির মুখে পড়েছেন। কারণ অনেক ফ্লাইটই এখন পরিচালনা করা যাচ্ছে না।

গালফ অঞ্চলের বড় এয়ারলাইনগুলোর মধ্যে এমিরেটস এবং ইতিহাদ এয়ারওয়েজ সীমিত পরিসরে আবার ফ্লাইট চালু করেছে। থাই পর্যটন মন্ত্রণালয় তিনটি সম্ভাব্য পরিস্থিতি ধরে পর্যটনের ওপর প্রভাব মূল্যায়ন করেছে। যদি মধ্যপ্রাচ্যের আকাশসীমা তিন সপ্তাহ, চার সপ্তাহ এবং আট সপ্তাহ বন্ধ থাকে, সেই তিনটি সময়কাল বিবেচনায় এই বিশ্লেষণ করা হয়েছে।

যদি আকাশসীমা আট সপ্তাহ বা তার বেশি সময় বন্ধ থাকে, তাহলে বিদেশি পর্যটকের সংখ্যা ৫ লাখ ৯৫ হাজার ৮৭৪ জন কমে যেতে পারে। এতে থাইল্যান্ডের প্রায় ৪০ দশমিক ৯ বিলিয়ন বাথ রাজস্ব ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে।

নাত্রিয়া থাওয়িভং বলেন, ওই সময় বিমান সংস্থাগুলো গ্রীষ্মকালীন ফ্লাইট সূচিতে চলবে। একই সঙ্গে তেলের দাম বৃদ্ধি এবং মুদ্রার অস্থিরতার কারণে বিমানভাড়া বাড়তে পারে। এতে সব বাজারের পর্যটকের ওপরই প্রভাব পড়বে, যদিও স্বল্প দূরত্বের ফ্লাইটে প্রভাব তুলনামূলক কম হবে।

এ ছাড়া ইউরোপে মূল্যস্ফীতি বাড়ার আশঙ্কাও রয়েছে। ফলে ইউরোপীয় পর্যটকদের ভ্রমণে ব্যয় করার সক্ষমতা কমে যেতে পারে বলেও তিনি উল্লেখ করেন। এই পরিস্থিতিতে পর্যটক কমার বড় অংশই আসবে ইউরোপ থেকে। ইউরোপীয় পর্যটক কমতে পারে ৪ লাখ ২৯ হাজার ৮০৯ জন। মধ্যপ্রাচ্য থেকে কমবে ১ লাখ ৪৬ হাজার ৪১৯ জন এবং অন্যান্য অঞ্চল থেকে কমবে ১৯ হাজার ৬৪৬ জন।

যদি আকাশসীমা চার সপ্তাহ বন্ধ থাকে, সেই ভিত্তিমূলক পরিস্থিতিতে থাইল্যান্ডে পর্যটক কমতে পারে ৩ লাখ ৩৪ হাজার ৮৪ জন। এর মধ্যে ইউরোপ থেকে কমবে ২ লাখ ৬৫ হাজার ৬৪৫ জন এবং মধ্যপ্রাচ্য থেকে ৬৮ হাজার ৪৩৯ জন। এতে মোট পর্যটন আয়ের ক্ষতি হতে পারে ২১ দশমিক ৫ বিলিয়ন বাথ।

এই পরিস্থিতিতে বিমান সংস্থাগুলো তাদের ফ্লাইট সূচিতে সমন্বয় করবে এবং তেলের দাম বড় ধরনের বৃদ্ধি পাবে না বলে ধারণা করা হচ্ছে বলে জানান নাত্রিয়া থাওয়িভং। মন্ত্রণালয়ের মতে, দীর্ঘ দূরত্বের ফ্লাইটগুলো স্বাভাবিকের তুলনায় বেশি সময় নেবে। এতে বিমানভাড়া বাড়বে। ফলে মূলত উচ্চ ব্যয়ক্ষমতার পর্যটকেরাই ভ্রমণে আগ্রহী হবে।

অন্যদিকে, যদি সংঘাত তিন সপ্তাহ বা তার কম সময় স্থায়ী হয়, তাহলে প্রভাব তুলনামূলক সীমিত থাকবে। সে ক্ষেত্রে পর্যটক কমবে ২ লাখ ১০ হাজার ৯৭৩ জন। এর মধ্যে ইউরোপ থেকে কমবে ১ লাখ ৮৮ হাজার ১২৯ জন এবং মধ্যপ্রাচ্য থেকে ২২ হাজার ৮৪৪ জন। এতে সম্ভাব্য রাজস্ব ক্ষতি হবে প্রায় ১৩.১ বিলিয়ন বাথ।

তিনি আরও বলেন, থাইল্যান্ড এখন স্বল্প দূরত্বের বাজারে বেশি গুরুত্ব দিতে চায়। বিশেষ করে মালয়েশিয়া, ভারত ও দক্ষিণ কোরিয়া থেকে পর্যটক আকর্ষণের ওপর জোর দেওয়া হবে। নাত্রিয়া থাওয়িভংয়ের মতে, চলমান সংঘাত থাইল্যান্ডের জন্য একটি সুযোগও তৈরি করতে পারে। এ পরিস্থিতিতে দেশটিকে একটি আঞ্চলিক বিমান পরিবহন কেন্দ্র হিসেবে তুলে ধরা সম্ভব। যেখানে এশিয়া ও দক্ষিণ–পূর্ব এশিয়া থেকে ইউরোপগামী ফ্লাইটগুলো সংযুক্ত হতে পারে।

পর্যটকদের সহায়তার জন্য প্রধান বিমানবন্দরগুলোর পর্যটক সহায়তা কেন্দ্রে কর্মকর্তাদের সহযোগিতা করতে স্বেচ্ছাসেবকও নিয়োগ দিয়েছে মন্ত্রণালয়। গত ২৮ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চের মধ্যে থাইল্যান্ডে আসা–যাওয়ার মোট ৪০৯টি ফ্লাইট বাতিল হয়েছে। এর বেশির ভাগই ছিল সুবর্ণভূমি থেকে পরিচালিত।

ইরানি নারী ফুটবলারদের নিয়ে রাজনীতি, অস্ট্রেলিয়ায় শেষ মুহূর্তে এক খেলোয়াড়ের মত পরিবর্তন

আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সরিয়ে মধ্যপ্রাচ্যে নিচ্ছে যুক্তরাষ্ট্র—নিশ্চিত করলেন দ. কোরিয়ার প্রেসিডেন্ট

ফের বন্ধুত্বের হাত বাড়ানো যায়: হর্ষবর্ধন শ্রিংলা

জ্বালানি আশঙ্কায় থাইল্যান্ডে লিফটে না চড়া ও ঘরে বসে কাজের নির্দেশ

জ্বালানি সাশ্রয়ে সরকারি কর্মীদের হোম অফিস দিচ্ছে থাইল্যান্ড ও ভিয়েতনাম

নেপালের পার্লামেন্টে তরুণদের জয়জয়কার, ৩৮ শতাংশ এমপির বয়সই ৪০-এর নিচে

নেপালে নির্বাচন: ওলিকে ইতিহাস গড়ে হারালেন বালেন্দ্র, নিরঙ্কুশ জয়ের পথে তাঁর দল

র‌্যাপার থেকে মেয়র, এবার কি নেপালের প্রধানমন্ত্রী হওয়ার পথে বালেন শাহ

এশিয়াজুড়ে তীব্র জ্বালানি উদ্বেগ

নেপালের নির্বাচন: জেন-জি আন্দোলনের নেতার হাত ধরে বাজিমাতের পথে ৪ বছর বয়সী দল