বাংলাদেশসহ নির্বাচিত কয়েকটি দেশের ভ্রমণকারীদের জন্য ‘প্যাকেজ ভিসা’ নামে নতুন ডিজিটাল উদ্যোগ চালু করেছে সৌদি আরব। এর মাধ্যমে অনুমোদিত ট্রাভেল ও ট্যুর অপারেটরের কাছ থেকে ট্যুর প্যাকেজ বুকিংয়ের পাশাপাশি একই প্রক্রিয়ায় ট্যুরিস্ট ভিসার আবেদনও করা যাবে।
সৌদি ট্যুরিজম অথরিটির এক বিবৃতিতে জানানো হয়েছে, প্রাথমিকভাবে নির্বাচিত কয়েকটি দেশে অনুমোদিত ট্রাভেল ও ট্যুর অপারেটরের মাধ্যমে এই কার্যক্রম পরিচালিত হবে। পরে ধাপে ধাপে এর পরিধি আরও বাড়ানো হবে।
বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিক পর্যটকদের জন্য সৌদি ভ্রমণকে আরও সহজ, দ্রুত ও ঝামেলামুক্ত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর আগে পর্যটন ই-ভিসা, ভিসা অন অ্যারাইভাল এবং স্টপওভার ট্রানজিট ভিসা চালুর পর এবার ‘প্যাকেজ ভিসা’ যুক্ত হওয়ায় ভ্রমণ পরিকল্পনা আরও সমন্বিত হবে।
নতুন এই ব্যবস্থায় ভ্রমণকারীদের আলাদাভাবে ফ্লাইট, আবাসন ও ভিসার ব্যবস্থা করতে হবে না। একসঙ্গে সব সেবা বুকিংয়ের পাশাপাশি নিজেদের পছন্দ অনুযায়ী বিভিন্ন অনুষ্ঠান, কার্যক্রম ও ট্যুর অভিজ্ঞতাও যুক্ত করার সুযোগ থাকবে।
সৌদি পর্যটনমন্ত্রী আহমেদ আল খাতিব বলেন, আন্তর্জাতিক পর্যটকদের জন্য সৌদি সফরকে আরও সহজ ও নির্বিঘ্ন করার ধারাবাহিক প্রচেষ্টারই অংশ প্যাকেজ ভিসা। ট্যুর বুকিংয়ের সঙ্গে ভিসা আবেদনের প্রক্রিয়া একীভূত হওয়ায় পুরো ভ্রমণ আরও স্বাচ্ছন্দ্যময় হবে। একই সঙ্গে পর্যটন খাতের বিভিন্ন অংশীজনের মধ্যে সমন্বয় জোরদার হবে এবং সৌদিকে আরও সহজে ভ্রমণযোগ্য বৈশ্বিক গন্তব্য হিসেবে প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে।
সৌদি ট্যুরিজম অথরিটি জানিয়েছে, প্যাকেজ ভিসা কেবল নির্ধারিত সেবার মান পূরণকারী এবং ২৪ ঘণ্টা গ্রাহকসেবা প্রদানকারী অনুমোদিত ট্রাভেল ও ট্যুর অপারেটরের মাধ্যমে পাওয়া যাবে। এতে আকর্ষণীয় ট্যুর প্যাকেজ তৈরি, গ্রাহকসেবার মানোন্নয়ন এবং পর্যটকদের দীর্ঘমেয়াদি ও উপভোগ্য ভ্রমণ নিশ্চিত করার সুযোগ সৃষ্টি হবে।
সংস্থাটি আরও জানায়, ২০২৫ সালে সৌদি আরব ভ্রমণ করেছেন ২ কোটি ৯০ লাখের বেশি আন্তর্জাতিক পর্যটক। বর্তমানে সৌদি ট্যুরিজম অথরিটি বিশ্বের ৩৮টি দেশে ১৬টি আঞ্চলিক প্রতিনিধি কার্যালয়ের মাধ্যমে দেশটির পর্যটন খাতের প্রচার ও উন্নয়নে কাজ করছে।