শিশুর প্রারম্ভিক বিকাশে সহায়তা দিতে নতুন অবকাঠামো গড়ে তোলার পরিবর্তে বিদ্যমান সরকারি স্বাস্থ্যসেবাব্যবস্থাকেই কাজে লাগানো সম্ভব। দেশের ৬০০টির বেশি কমিউনিটি ক্লিনিকে পরিচালিত একটি কর্মসূচির গবেষণায় এমন সম্ভাবনার কথা উঠে এসেছে।
গবেষণার ফলাফলে বলা হয়, এ কার্যক্রমে অংশ নেওয়া পরিবারগুলোর শিশু প্রতিপালনের চর্চা, ঘরে শিশুর শেখা ও বিকাশে সহায়ক কার্যক্রম এবং খেলার উপকরণের ব্যবহার বেড়েছে। তবে এসব ইতিবাচক পরিবর্তনের পরও শিশুদের সামগ্রিক বিকাশের ফলে পরিসংখ্যানগতভাবে উল্লেখযোগ্য উন্নতি পাওয়া যায়নি।
গবেষকেরা বলছেন, বৃহত্তর পরিসরে এ ধরনের কর্মসূচি বাস্তবায়নে শুধু সেবার আওতা বাড়ালেই হবে না, মানসম্মত বাস্তবায়ন, নিয়মিত তদারকি ও মাঠপর্যায়ের কর্মীদের সক্ষমতাও নিশ্চিত করতে হবে।
আজ সোমবার ঢাকায় ‘বাংলাদেশে প্রারম্ভিক শিশু বিকাশ ও আগামীর পথ’ শীর্ষক জাতীয় গবেষণার ফলাফল উপস্থাপন অনুষ্ঠানে এসব তথ্য তুলে ধরা হয়। অনুষ্ঠানে নীতিনির্ধারক, গবেষক ও উন্নয়ন সহযোগীরা অংশ নেন। থ্রাইভ কর্মসূচির ন্যাশনাল প্রিন্সিপাল ইনভেস্টিগেটর এবং আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআর,বি) ইমেরিটাস সায়েন্টিস্ট ড. জেনা ডেরাখশানি হামাদানি গবেষণার ফলাফল ও অভিজ্ঞতা তুলে ধরেন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর,বি)।
অনুষ্ঠানে জানানো হয়, আগের গবেষণার তথ্যপ্রমাণের ভিত্তিতে ‘স্ট্রেনদেনিং বাংলাদেশি বেবিস ব্রেইনস’ (এসবি৩) কর্মসূচির মাধ্যমে ৬০০টির বেশি কমিউনিটি ক্লিনিকে প্রারম্ভিক শিশু বিকাশের (ইসিডি) কার্যক্রম সম্প্রসারণ করা হয়। এ কর্মসূচির আওতায় ১৫ হাজারের বেশি শিশুর কাছে সেবা পৌঁছানো হয়। এ ছাড়া প্রায় ১ হাজার ৯৫০ জন মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মী এবং ৪০০ জনের বেশি সরকারি স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা পরিদর্শককে প্রশিক্ষণ দেওয়া হয়।
কর্মসূচির প্রভাব মূল্যায়নে পরিচালিত সাম্প্রতিক একটি ক্লাস্টার-কন্ট্রোলড ট্রায়ালে দেখা গেছে, এতে অংশ নেওয়া পরিবারগুলোর শিশু প্রতিপালনের চর্চা, ঘরে শিশুর শেখা ও বিকাশে সহায়ক কার্যক্রম এবং খেলার ও শেখার উপকরণের প্রাপ্যতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তবে শিশুদের বিকাশের সামগ্রিক ফলাফলে পরিসংখ্যানগতভাবে উল্লেখযোগ্য পার্থক্য পাওয়া যায়নি।
গবেষকদের মতে, এ ফলাফল থেকে বোঝা যায়, কর্মসূচির আওতা বাড়ানোর পাশাপাশি এর বাস্তবায়নের ধারাবাহিকতা, মান এবং তদারকি নিশ্চিত করা জরুরি।
আইসিডিডিআর,বির নির্বাহী পরিচালক ড. তাহমীদ আহমেদ শিশুর পুষ্টি ও মস্তিষ্কের বিকাশের পারস্পরিক সম্পর্কের ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, জীবনের শুরুর দিকে অপুষ্টি শিশুর মস্তিষ্কের বিকাশ ও বুদ্ধিবৃত্তিক সক্ষমতায় প্রভাব ফেলতে পারে। তাই শিশুর জীবনের গুরুত্বপূর্ণ এ সময়ে পুষ্টি ও বিকাশ—দুই দিকেই সমান গুরুত্ব দিতে হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার। তিনি বলেন, প্রারম্ভিক শিশু বিকাশের গুরুত্ব সম্পর্কে এখন যথেষ্ট তথ্যপ্রমাণ রয়েছে। খেলাধুলাভিত্তিক শেখা, বুদ্ধিবৃত্তিক উদ্দীপনা এবং শিশুর সঙ্গে নিয়মিত পারস্পরিক যোগাযোগ তার বুদ্ধিবৃত্তিক বিকাশে ভূমিকা রাখে। এর ইতিবাচক প্রভাব পরবর্তী শিক্ষাজীবনেও পড়ে। দেশে শিশুদের শেখার ঘাটতির বিষয়টি তুলে ধরে তিনি দেশব্যাপী ইসিডি কার্যক্রম সম্প্রসারণের জন্য একটি জাতীয় পরিকল্পনা গ্রহণের আহ্বান জানান।
যুক্তরাজ্যের ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসের (এফসিডিও) টিম লিডার ও শিক্ষা উপদেষ্টা মোহাম্মদ গোলাম কিবরিয়া বলেন, জাতীয় পর্যায়ে কোনো কর্মসূচি সম্প্রসারণের ক্ষেত্রে শুধু বেশি মানুষের কাছে পৌঁছানোই যথেষ্ট নয়; সেবার মান বজায় রাখাও জরুরি। এ জন্য মাঠপর্যায়ের কর্মীদের সক্ষমতা বৃদ্ধি, টেকসই অর্থায়ন এবং সরকারের নেতৃত্ব ও দায়িত্ব গ্রহণ নিশ্চিত করতে হবে।
কমিউনিটি ক্লিনিক হেলথ সাপোর্ট ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এ কে এম ফজলুজ্জোহা স্বাস্থ্যসেবা কেন্দ্রের মাধ্যমে শিশু ও মায়েদের সহায়তায় আইসিডিডিআর,বির কাজের প্রশংসা করেন। এ অভিজ্ঞতা কাজে লাগিয়ে জাতীয় পর্যায়ে ইসিডি কার্যক্রম সম্প্রসারণের ওপরও গুরুত্ব দেন তিনি।
আলোচনায় কর্মসূচির পরবর্তী পর্যায়ে শক্তিশালী তদারকি ও পর্যবেক্ষণ, মাঠপর্যায়ের কর্মীদের পর্যাপ্ত সক্ষমতা, অভিভাবক ও শিশুর পরিচর্যায় যুক্ত ব্যক্তিদের ধারাবাহিক সম্পৃক্ততা, টেকসই অর্থায়ন এবং সরকারি নেতৃত্ব নিশ্চিত করার সুপারিশ উঠে আসে।
থ্রাইভ কর্মসূচি যুক্তরাজ্যের এফসিডিওর গ্লোবাল রিসার্চ অ্যান্ড টেকনোলজি ডেভেলপমেন্ট পোর্টফোলিও এবং নিউজিল্যান্ডের পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয়ের অর্থায়নে পরিচালিত হচ্ছে। অক্সফোর্ড পলিসি ম্যানেজমেন্ট ও আইসিডিডিআর,বি যৌথভাবে কর্মসূচিটি বাস্তবায়ন করছে।