দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১০৩ জনে। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ১০৪ জন। সে হিসাবে হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২০৭।
আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত তথ্য তুলে ধরা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৯৯৫ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। এ সময়ে পরীক্ষায় ৩৬ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে ২ লাখ ১৭ হাজার ৭৬০ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ২৩ হাজার ২৪৮ জন।
চলতি বছর হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৪৯৬ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এরপর সিলেট বিভাগে ১৯৪ জন, চট্টগ্রামে ১০২, রাজশাহীতে ৯৩, ময়মনসিংহে ৮৫, বরিশালে ৬৫, খুলনায় ৫১ ও রংপুর বিভাগে ১৭ জন মারা গেছে।
উল্লেখ্য, গত ১৫ মার্চ থেকে হাম ও এর উপসর্গে আক্রান্ত এবং মৃত্যুর হিসাব রাখছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে হাসপাতালে আসা সব রোগী কিংবা হাসপাতালের বাইরে থাকা সবার হাম পরীক্ষা করা হয় না। ফলে আক্রান্তের প্রকৃত সংখ্যা নির্ধারণ করা কঠিন। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে মূলত হাসপাতালে আসা বা ভর্তি রোগীদের তথ্য নথিভুক্ত করা হয়।