দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত ১ হাজার ৮৮৬ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১৫-তে। এর মধ্যে অক্টোবর মাসেই মারা গেছে ১৫৫ জন।
আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার হিসাব তুলে ধরা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের সেপ্টেম্বরে ডেঙ্গুতে ১৪৮ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬, জুনে ১৩, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে মারা গেছে।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩২ হাজার ১০৫-এ। তাদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ লাখ ২৫ হাজার ৪৩৯ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে ৬ হাজার ২৫১ জন।
গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে ঢাকা বিভাগে—৭৫৫ জন। এ ছাড়া চট্টগ্রামে ২৭২ জন, বরিশালে ২২৯, খুলনায় ২৬৪, রাজশাহীতে ১৮৮, ময়মনসিংহে ৮৯, রংপুরে ৭৮ ও সিলেটে ১১ জন হাসপাতালে ভর্তি হয়েছে।