হোম > স্বাস্থ্য

ডেঙ্গুতে ৭ জনের মৃত্যু, এক দিনে সর্বোচ্চ ২২৪৯ ভর্তি

আজকের পত্রিকা ডেস্ক­

ফাইল ছবি

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। একই সময় নতুন করে ২ হাজার ২৪৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে, যা চলতি বছরে এক দিনে সর্বোচ্চ ভর্তির রেকর্ড। এ নিয়ে চলতি বছর রোগটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮৪ জনে।

এর আগে ১১ অক্টোবর এক দিনে ২ হাজার ১৯৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছিল, যা ছিল চলতি বছরের দ্বিতীয় সর্বোচ্চ।

আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক হালনাগাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার হিসাব তুলে ধরা হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় ২২৭ জন ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় ২০১ জন হাসপাতালে ভর্তি হয়েছে। ঢাকার দুই সিটি করপোরেশনের বাইরে ভর্তি হয়েছে ৬০৫ জন।

বিভাগভিত্তিক হিসাবে, খুলনায় সবচেয়ে বেশি ২৯৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এ ছাড়া রাজশাহীতে ২২৪ জন, চট্টগ্রামে ২১৭, বরিশালে ২১১, ময়মনসিংহে ১৫৫, রংপুরে ৮২ ও সিলেটে ৩০ জন ভর্তি হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের মাসভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে ডেঙ্গুতে দুজন করে মারা যায়। মে মাসে মারা যায় একজন। এরপর জুনে ১৩ জন, জুলাইয়ে ৩৬, আগস্টে ৪৩ ও সেপ্টেম্বরে ১৪৮ জনের মৃত্যু হয়। অক্টোবরে এখন পর্যন্ত মারা গেছে ১৩৯ জন।

অধিদপ্তরের হিসাব অনুযায়ী, ১ জানুয়ারি থেকে আজ পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ২৩ হাজার ৯৪৮ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১ লাখ ১৭ হাজার ৪০০ জন।

চলতি বছর ডেঙ্গুতে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ৫২ দশমিক ৮ শতাংশ নারী ও ৪৭ শতাংশ পুরুষ। অন্যদিকে, হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে ৩৭ দশমিক ৯ শতাংশ নারী ও ৬২ দশমিক ১ শতাংশ পুরুষ।

হামের উপসর্গে আরও ৫ মৃত্যু, মোট ১২২৭

২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৮ জনের মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ১২২২

ডেঙ্গুতে এক দিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৮

কঙ্গোতে ইবোলা টিকার প্রথম ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

সময়মতো রোগ নির্ণয় বাঁচাতে পারে জীবন

এড়িয়ে চলুন কফি পানের ৬ ভুল

প্রতিদিন এক মুঠো বাদাম খাওয়া কমাতে পারে উচ্চ রক্তচাপের ঝুঁকি

পানির গ্লাসে নীরব ঘাতক ফরএভার কেমিক্যালস

প্রাকৃতিকভাবে রক্তসঞ্চালন বাড়ানোর উপায়

জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউট: অস্ত্রোপচারের জন্য রোগীদের মাসের পর মাস অপেক্ষা