দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৮৬৬ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৪৫ জনে। আর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪২ হাজার ৭৭৫ জনে।
আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় (গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত) নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৮৬৮ জন, বরিশালে ২০৬, চট্টগ্রামে ২৫৬, খুলনায় ২১৫, ময়মনসিংহে ৬৬, রাজশাহীতে ১৭১, রংপুরে ৭১ ও সিলেট বিভাগে ১৩ জন রয়েছে।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ছয়জনের মধ্যে চারজন ঢাকা বিভাগে ও দুজন খুলনা বিভাগে চিকিৎসাধীন ছিল। আর বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৫ হাজার ৯৩৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছে।
স্বাস্থ্য অধিদপ্তরের মাসভিত্তিক হিসাব অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে ডেঙ্গুতে দুজন করে মারা যায়। মার্চ ও এপ্রিলে কোনো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। মে মাসে একজন, জুনে ১৩, জুলাইয়ে ৩৬, আগস্টে ৪৩ ও সেপ্টেম্বরে ১৪৮ জনের মৃত্যু হয়। অক্টোবরে মারা গেছে ১৭৪ জন, যা এ বছরের এক মাসে সর্বোচ্চ মৃত্যু। নভেম্বরে এখন পর্যন্ত মারা গেছে ২৬ জন।