হোম > ফ্যাক্টচেক > দেশ

কলকাতায় বাংলাদেশিদের উচ্ছেদ ভেবে হিন্দুত্ববাদীদের উল্লাস, আসলে ভিডিওটি যশোরের

ফ্যাক্টচেক ডেস্ক

পশ্চিমবঙ্গে বুলডোজার দিয়ে বাংলাদেশিদের উচ্ছেদ। ছবি: স্ক্রিনশট

ভারত থেকে বাংলাদেশিদের তাড়িয়ে দেওয়া হচ্ছে—এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।

এই দাবিতে এক্সে কিছু পোস্ট পাওয়া যায় এখানে , এখানে এবং এখানে

‘KreatelyMedia’ নামের একটি ভারতভিত্তিক এক্স অ্যাকাউন্ট থেকে ভেরিফায়েড এক্স হ্যান্ডেল থেকে ভিডিওটি শেয়ার করে ইংরেজি ক্যাপশনে দাবি করা হয়, ‘বাংলাদেশি পরজীবীদের সরিয়ে ফেলা হচ্ছে, ভালো লাগছে।’

১৭ মে দিবাগত রাত ৩টা ২১ মিনিটে শেয়ার করা ওই ভিডিওটি আজ (১৯ মে) সকাল ১০টা ৪২ মিনিট পর্যন্ত প্রায় ১ লাখ ৫৮ হাজার ৮০০ বার দেখা হয়েছে। ভিডিওটিতে ১৯ হাজার রিয়েকশন, ৩১২ কমেন্ট রয়েছে। এ ছাড়া পোস্টটি এখন পর্যন্ত প্রায় ৩ হাজার ৪০০ বার রিপোস্ট করা হয়েছে।

একই ভিডিও শেয়ার করে‘Arun Yadav Kosli’ নামের আরেকটি ভারতীয় অ্যাকাউন্ট থেকে হিন্দি ভাষায় দাবি করা হয়, ‘রেললাইন চালু হয়ে গেছে। যোগী জির আশীর্বাদে শুভেন্দু অধিকারীর বুলডোজার পশ্চিমবঙ্গে পরিষ্কার অভিযান শুরু করেছে...।’

আজকের পত্রিকার অনুসন্ধান

আলোচিত দাবির সত্যতা যাচাইয়ে প্রথমেই ভিডিওটি পর্যবেক্ষণ করা হয়। পর্যবেক্ষণে এতে বাংলাদেশি বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘মাছরাঙা টেলিভিশন’-এর লোগো এবং বাংলায় ‘যশোর’ লেখা পাওয়া যায়।

এই সূত্র ধরে অনুসন্ধানে, ‘যশোরে উচ্ছেদ অভিযানে তছনছ ৬ শতাধিক স্থাপনা, মাথা গোঁজার ঠাঁই হারাল বহু পরিবার’ শিরোনামে মাছরাঙা টেলিভিশনের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে গত ১৪ মে প্রকাশিত মূল ভিডিও প্রতিবেদনটি খুঁজে পাওয়া যায়।

ওই ভিডিও থেকে জানা যায়, বাংলাদেশের যশোরে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ সরকারি জমি উদ্ধার করতে দুদিনব্যাপী এক উচ্ছেদ অভিযান পরিচালনা করে। এ সময় কয়েক শ অবৈধ স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়, যার ফলে অনেক বাসিন্দা বিনা নোটিশে উচ্ছেদের অভিযোগ তুলে ক্ষোভ ও কান্নায় ভেঙে পড়েন।

মাছরাঙ্গা টেলিভিশনের প্রতিবেদন। ছবি: স্ক্রিনশট

এ ছাড়া ‘যশোরে আ.লীগ-বিএনপির কার্যালয় ও বস্তিসহ চার শতাধিক স্থাপনা উচ্ছেদ’ শিরোনামে অনলাইন ভিত্তিক গণমাধ্যম বাংলা ট্রিবিউন -এর গত ১১ মে প্রকাশিত আরও একটি প্রতিবেদন পাওয়া যায়।

ওই প্রতিবেদনে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের খুলনা বিভাগের নির্বাহী প্রকৌশলী জিয়াউর রহমান বলেন, ‘বার বার মাইকিং করেও অবৈধ দখলদারদের সরানো সম্ভব হয়নি। তাদের নিজ উদ্যোগে সরে যেতে বললেও নানা ধরনের টালবাহানা করা হয়। শেষ পর্যন্ত কর্তৃপক্ষ কঠোর অবস্থানে যেতে বাধ্য হয়েছে। দুই দিনব্যাপী এ অভিযানে প্রায় পাঁচ একর সরকারি খাস জমি উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া জমির বর্তমান বাজারমূল্য আনুমানিক ৫০ কোটি টাকা।’ একই ধরনের তথ্য দেশের অন্যান্য মূলধারার গণমাধ্যমেও প্রকাশিত হয়েছে।

অর্থাৎ, বাংলাদেশের যশোরে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ কর্তৃক অবৈধ দখলদার উচ্ছেদ ও সরকারি খাস জমি উদ্ধারের ভিডিওকে এক্সে ভারতের পশ্চিমবঙ্গে বুলডোজার দিয়ে বাংলাদেশিদের ঘরবাড়ি উচ্ছেদ করার দাবিতে ছড়ানো হচ্ছে।

সিদ্ধান্ত

যশোরে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের উচ্ছেদ অভিযানের ভিডিওকে ভারতে ‘বাংলাদেশি তাড়ানো’ দাবিতে প্রচার।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com

এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনে নিহতের দাবি ও শিক্ষামন্ত্রীর মন্তব্যগুলোর সত্যতা কতটুকু

তুরস্ক ও পাকিস্তানের ভিডিও ছড়িয়ে চট্টগ্রামে বন্যার ভয়াবহতা বলে দাবি

পাকিস্তান থেকে টাঙ্গুয়ার হাওরের দৃশ্য দিয়ে যেভাবে ছড়ানো হলো চট্টগ্রামের বন্যা আতঙ্ক

গলাপানিতে দুই শিশুসন্তানকে বাবার আগলে রাখার ভিডিওটি পুরোনো

‘জাহেলি যুগকেও হার মানায়’ ক্যাপশনে ছড়ানো ভিডিওটি আসামের

২ লাখ ৪২ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া—দাবিটি সঠিক নয়

পশ্চিমবঙ্গে কিশোরীকে ধর্ষণ ও হত্যার ঘটনাকে বাংলাদেশের বলে প্রচার

পলাশবাড়ীতে রাম মূর্তি নির্মাণ: ভারতীয় অ্যাকাউন্ট থেকে প্রোপাগান্ডা, ধোনির ২ কোটি টাকা সহায়তার দাবি

‘মাঝপথে আ.লীগকে নিয়ে আরেকটি নির্বাচন হবে’—টিআইবির ড. ইফতেখারুজ্জামান এমন মন্তব্য করেননি

অভিনেত্রী শাওন গ্রেপ্তারের খবরটি ভুয়া