বাংলাদেশ থেকে মানুষ অবৈধভাবে সীমান্ত পার হয়ে ভারতে প্রবেশ করছে—এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।
‘Hindu Voice’ নামের একটি ভেরিফায়েড এক্স অ্যাকাউন্ট থেকে গত ৩০ জুন বিকেল ৫টা ২৬ মিনিটে একটি ভিডিও শেয়ার করে ইংরেজি ভাষায় দাবি করা হয়, ‘সুপারপাওয়ার বাংলাদেশ থেকে মানুষ এভাবেই অবৈধভাবে ভারতে প্রবেশ করে।’ শেয়ার করা ওই ভিডিওটি ১ জুলাই সকাল ১০টা ৩০ মিনিট পর্যন্ত প্রায় ১২ হাজার ৫০০ বারের বেশি দেখা হয়েছে। এ ছাড়া পোস্টটিতে ৭৪৯ রিয়েকশন ও ৩৯৬ রিপোস্ট রয়েছে।
পোস্টটির কমেন্ট পর্যালোচনা করে দেখা যায়, অধিকাংশব্যবহারকারী দাবিটিকে সত্য মনে করেছেন। কেউ কেউ এই ঘটনার জন্য ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন, আবার কেউ কেউ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কড়া ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন।
প্রচারিত ২৬ সেকেন্ডের ভিডিওতে বাংলাদেশি গণমাধ্যম ‘এশিয়া পোস্ট’-এর লোগো পাওয়া যায়। এ ছাড়া ভিডিওতে স্থান হিসেবে ‘শ্রীবরদী, শেরপুর’ এবং তারিখ হিসেবে ‘২৯ জুন ২৬’ উল্লেখ রয়েছে।
এই সূত্র ধরে অনুসন্ধানে অনলাইনভিত্তিক সংবাদমাধ্যম ‘এশিয়া পোস্ট’-এর ফেসবুক পেজে গত ২৯ জুন রাত ৯টা ২১ মিনিটে মূল ভিডিওটি পাওয়া যায়। ‘যেভাবে গোপন সুড়ঙ্গ দিয়ে ভারত থেকে বাংলাদেশে ঢোকে অনুপ্রবেশকারীরা’ ক্যাপশনে শেয়ার করা ওই ভিডিওর দৃশ্যের সঙ্গে এক্সে ভাইরাল হওয়া ভিডিওটির হুবহু মিল পাওয়া যায়।
অনুসন্ধানে জাতীয় দৈনিক ‘আজকের পত্রিকা’র ওয়েবসাইটে শেয়ার করা আরও একটি ভিডিও প্রতিবেদন পাওয়া যায়। ‘সীমান্তে ভারত থেকে পুশ ইনের চেষ্টা, ২ জনকে ফেরত পাঠাল বিজিবি’ শিরোনামে প্রকাশিত ওই ভিডিওর সঙ্গেও আলোচিত ভিডিওর সাদৃশ্য রয়েছে।
বিষয়টি নিয়ে আরও অনুসন্ধানে জাতীয় দৈনিক ‘সময়ের আলো’তে গত ২৯ জুন প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। ‘সীমান্তে পুশইন: ২ জনকে ফেরত পাঠাল বিজিবি’ শিরোনামে প্রকাশিত ওই প্রতিবেদন থেকে জানা যায়, শেরপুরের শ্রীবরদী সীমান্তের খারামোরা এলাকায় মানবপাচারকারী চক্রের মাধ্যমে দুইজনকে বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশ করানোর চেষ্টা (পুশ-ইন) ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, ২৯ জুন সকালে ঝিনাইগাতী উপজেলার তাওয়াকুচা বিজিবি ক্যাম্প সংলগ্ন সীমান্ত এলাকায় মানবপাচারকারীরা দুই ব্যক্তিকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে। পরবর্তীতে তাওয়াকুচা বিওপির ক্যাম্প কমান্ডার হাবিলদার মুস্তাফিজুর রহমানের নেতৃত্বে বিজিবি সদস্যরা সীমান্ত পিলার ১০৯৭-এর পাশ দিয়ে তাদের পুনরায় ভারতের দিকেই তাড়িয়ে বা ফেরত পাঠায়।
ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুরুল আজিম বায়েজীদ গণমাধ্যমকে জানান, সীমান্তে মানবপাচারসহ সবধরনের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সর্বোচ্চ তৎপর এবং স্থানীয়দের সহায়তায় ওই দুইজনকে ভারতের সীমানায় ফেরত পাঠানো হয়েছে।
এ ছাড়া ‘Hindu Voice’ নামের ওই এক্স অ্যাকাউন্টটির প্রোফাইলের তথ্য অনুযায়ী, এটি ভারত থেকে পরিচালিত।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে ভারত থেকে বাংলাদেশে পুশ-ইনের একাধিক চেষ্টার খবর বিভিন্ন গণমাধ্যমে ( ১ , ২ , ৩ ) প্রকাশিত হয়েছে। এসব ঘটনায় সীমান্তের বিভিন্ন অংশ দিয়ে লোকজনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হলে বিজিবি তা প্রতিহত করে। এ বিষয়ে বাংলাদেশের অবস্থান হলো, কোনো ব্যক্তিকে বাংলাদেশি নাগরিক হিসেবে শনাক্ত করা হলে তাকে বিদ্যমান দ্বিপক্ষীয় ও কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমেই ফেরত পাঠাতে হবে; পুশ-ইনের মাধ্যমে নয়।
বাংলাদেশ থেকে ভারতে অবৈধভাবে প্রবেশের দাবিটি বানোয়াট। প্রকৃতপক্ষে, ভারতের সীমান্ত দিয়ে বাংলাদেশে দুই ব্যক্তিকে অবৈধভাবে পুশ-ইনের (অনুপ্রবেশ) চেষ্টাকালে বিজিবি কর্তৃক তাদের ধরে পুনরায় ভারতে ফেরত পাঠানোর একটি ভিডিওকে সম্পূর্ণ উল্টো ও বিকৃত দাবিতে সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে।