হোম > ফ্যাক্টচেক > দেশ

পাকিস্তানের অস্ত্র চালনা ও রিভিউ ভিডিওকে বাংলাদেশের দাবিতে প্রচার

ফ্যাক্টচেক ডেস্ক  

বাংলাদেশে মানুষের ওপর সতর্কবার্তা দাবিতে প্রচার। ছবি: স্ক্রিনশট

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অস্ত্র চালানোর দৃশ্য-সংবলিত একটি ভিডিও ছড়িয়ে দিয়ে এটিকে বাংলাদেশের আপামর জনসাধারণের জন্য সতর্কবার্তা হিসেবে দাবি করা হচ্ছে।

‘Kamrul Hasan Rana’ নামের ফেসবুক পেজে গতকাল সোমবার (৭ সেপ্টেম্বর) একটি ভিডিও শেয়ার করা হয়, যা আলোচিত দাবিতে সম্ভাব্য সবচেয়ে বেশি ছড়িয়েছে। আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুর ১২টা ২০ মিনিট পর্যন্ত ভিডিওটি প্রায় ২ লাখ ৭৫ হাজার বারের বেশি দেখা হয়েছে। এ ছাড়া পোস্টটিতে ২ হাজার ৪০০টি রিঅ্যাকশন, ৩১৯টি কমেন্ট ও ১ হাজার ৯০০ বার শেয়ার রয়েছে।

আলোচিত পোস্টটির কমেন্ট পর্যালোচনা করে দেখা যায়, বেশির ভাগ ব্যবহারকারী ভিডিওটিকে বাংলাদেশের ঘটনা মনে করলেও কেউ কেউ এটিকে পাকিস্তানের ঘটনা বলে কমেন্ট করেছেন।

পোস্টের কমেন্ট। ছবি: স্ক্রিনশট

আজকের পত্রিকার অনুসন্ধান

প্রচারিত ভিডিওটিতে পাঞ্জাবি ও টুপি পরিহিত সাদা দাড়িবিশিষ্ট পঞ্চাশোর্ধ্ব এক ব্যক্তিকে একটি দেয়ালের মাঝের বর্গাকার ফাঁকা জায়গায় পিস্তল থেকে গুলি চালাতে দেখা যায়। তবে ভিডিওটি বাংলাদেশের কোথায় ধারণ করা হয়েছে, সে বিষয়ে কোনো তথ্য উল্লেখ নেই।

অনুসন্ধানে জাতীয় কোনো গণমাধ্যম কিংবা নির্ভরযোগ্য কোনো সূত্রেও আলোচিত দাবির পক্ষে কোনো তথ্য পাওয়া যায়নি।

পরে ভিডিওটির কয়েকটি কি-ফ্রেম নিয়ে অনুসন্ধানে ‘S9X Official’ নামের একটি ইউটিউব চ্যানেলে হুবহু একই ভিডিও পাওয়া যায়। ‘TT 14 Shot 30 Bore (7.62x25)’ শিরোনামের ওই ভিডিওতে একজনকে উর্দু ভাষায় বলতে শোনা যায়, ‘কারাচি মে ইহি ইস্তেমাল কারেগা’, যার বাংলা অর্থ—‘করাচিতে এটাই ব্যবহার করবে।’ এ ছাড়া ভিডিওটির সঙ্গে অস্ত্র পর্যালোচনা ও শিক্ষামূলক কনটেন্ট-সংক্রান্ত হ্যাশট্যাগও ব্যবহার করা হয়েছে।

ইউটিউব চ্যানেলের ভিডিও। ছবি: স্ক্রিনশট

পাশাপাশি, ‘S9X Official’ নামের ইউটিউব চ্যানেলে ওই ব্যক্তিকে আরও একাধিক (, ) ভিডিওতে দেখা যায়। কোথাও তাঁকে অন্য মডেলের অস্ত্র চালাতে দেখা গেছে, আবার কোথাও তাঁকে অস্ত্র নিয়ে উর্দু ভাষায় রিভিউ দিতে দেখা যায়।

বিষয়টি নিয়ে আরও অনুসন্ধানে ‘Said Khan’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্টে গত ২২ জুন শেয়ার করা একই ভিডিও পাওয়া যায়। ‘TT 14 Shot Test Fire | S9X’ ক্যাপশনে শেয়ার করা ওই ভিডিও ছাড়াও অ্যাকাউন্টটিতে আলোচিত ভিডিওতে থাকা ব্যক্তির অন্তত অর্ধশত ভিডিও পাওয়া যায়। অ্যাকাউন্টটি পর্যালোচনা করে এটি পাকিস্তান থেকে পরিচালিত হওয়ার তথ্য পাওয়া যায়।

ফেসবুক অ্যাকাউন্টের ভিডিও। ছবি: স্ক্রিনশট

এ ছাড়া ‘s9xofficials’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের লিংকও পাওয়া যায়। ওই অ্যাকাউন্টেও একই ভিডিওসহ সংশ্লিষ্ট তথ্য পাওয়া গেছে।

কম্পেরিজন: আজকের পত্রিকা

সিদ্ধান্ত

বাংলাদেশের জনগণের জন্য সতর্কবার্তা হিসেবে প্রচারিত ভিডিওটি বাংলাদেশের নয়। ভিডিওটি মূলত পাকিস্তানের আগ্নেয়াস্ত্র রিভিউ-সংক্রান্ত কনটেন্টের অংশ।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com