আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) ও কোচ লিওনেল স্কালোনির সঙ্গে বিরোধের জেরে আগামী সপ্তাহে জাতীয় দল থেকে লিওনেল মেসি অবসরের ঘোষণা দেবেন—এমন একটি তথ্য সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ ছড়িয়ে পড়েছে। পোস্টগুলোতে দাবি করা হচ্ছে, মেসির বাবা ও এজেন্ট হোর্হে মেসি সাংবাদিকদের কাছে বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ২৫ জুলাই ‘SIR1’ নামের একটি এক্স অ্যাকাউন্ট থেকে শেয়ার করা পোস্টে ইংরেজি ক্যাপশনে দাবি করা হয়, বিশ্বকাপ ফাইনালের আগে মেসির সঙ্গে অসম্মানজনক আচরণ করা হয়েছিল। এ কারণে এএফএ ও স্কালোনির সঙ্গে তৈরি হওয়া ব্যক্তিগত সমস্যার জের ধরে হোর্হে মেসি তাঁর ছেলের অবসর নেওয়ার খবরটি সাংবাদিকদের জানিয়েছেন। আলোচিত দাবিতে শেয়ার করা ভিডিওটি প্রায় ১২ লাখের বেশি দেখা হয়েছে। পোস্টটিতে ৫ হাজার ৩০০ ব্যবহারকারী প্রতিক্রিয়া জানিয়েছেন এবং কমেন্ট পর্যালোচনা করে দেখা যায়, অধিকাংশই দাবিটিকে সত্যি বলে বিশ্বাস করছেন।
দাবিটির সত্যতা যাচাইয়ে অনুসন্ধানে ভাইরাল পোস্টে হোর্হে মেসি কবে, কোথায় এমন মন্তব্য করেছেন সে সংক্রান্ত কোনো সূত্রের উল্লেখ পাওয়া যায়নি। কোনো আন্তর্জাতিক গণমাধ্যমেও এমন তথ্য মেলেনি।
ভিডিওটির কয়েকটি কি-ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ অনুসন্ধানে আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘El Intransigente’ এবং স্পেনের জনপ্রিয় ক্রীড়া দৈনিক ‘AS’ -এ ২০২৩ সালের ৫ জুন প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। ওই প্রতিবেদনে থাকা ভিডিওর সঙ্গে সাম্প্রতিক ভাইরাল ভিডিওটির হুবহু মিল রয়েছে।
প্রতিবেদন থেকে জানা যায়, ভিডিওটি ২০২৩ সালের জুনের। ওই সময় বার্সেলোনার প্রেসিডেন্ট হোয়ান লাপোর্তার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছিলেন হোর্হে মেসি। সেখানে তিনি শুধু মেসির বার্সেলোনায় ফেরার সম্ভাবনা ও আগ্রহ নিয়ে কথা বলেন। আর্জেন্টিনা দল, কোচ লিওনেল স্কালোনি বা অবসর নিয়ে কোনো আলোচনা হয়নি।
অন্যদিকে, কাতারভিত্তিক গণমাধ্যম ‘beIN SPORTS’-এর ২৪ জুলাই প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, বিশ্বকাপ-পরবর্তী মেসির ভবিষ্যৎ নিয়ে নানা জল্পনা থাকলেও এখনই তিনি অবসরের কোনো ঘোষণা দিচ্ছেন না। তবে ভবিষ্যতে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) মেসির জন্য একটি জাঁকজমকপূর্ণ বিদায় অনুষ্ঠানের আয়োজন করতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া আর্জেন্টাইন সংবাদমাধ্যম ‘LA NACION’-এর প্রতিবেদন অনুযায়ী, গত ২৫ জুলাই আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন তাদের অফিশিয়াল এক্স হ্যান্ডলে কোচ স্কালোনি ও মেসির সাফল্য নিয়ে একটি আবেগঘন ভিডিও প্রকাশ করেছে। ভিডিওতে মূলত কোচ লিওনেল স্কালোনি, লিওনেল মেসি এবং আর্জেন্টিনা জাতীয় দলের সাম্প্রতিক সাফল্যগুলো তুলে ধরা হয়। ভিডিওতে ২০২১ কোপা আমেরিকা, ফিনালিসিমা, ২০২২ বিশ্বকাপ, ২০২৪ কোপা আমেরিকা এবং ২০২৬ বিশ্বকাপের যাত্রার নানা মুহূর্ত দেখানো হয়। ভিডিওটিতে মেসির অবসর বা আলোচিত দাবির বিষয়ে কোনো ইঙ্গিত পাওয়া যায়নি।
পাশাপাশি আর্জেন্টিনার রেডিও স্টেশন ‘Cadena 3 Argentina’-এর এক প্রতিবেদন থেকে জানা যায়, ২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে হারের দুই দিন পর আর্জেন্টিনায় ফেরেন লিওনেল মেসি। দলের বহরের এক দিন পর তিনি আলাদাভাবে দেশে ফেরেন। এরপর রোজারিওতে অবস্থিত নিজ বাসা থেকে আর কোথাও যাননি আর্জেন্টাইন ফরোয়ার্ড। ২৫ জুলাই সন্ধ্যায় রোজারিওর কাছের শহর অরোইয়ো সেকোতে লিওনেস এফসির একটি ম্যাচ দেখতে দেখা যায় মেসিকে। এ নিয়ে রেডিও স্টেশন কাদেনা-৩ মেসির মাঠে খেলা দেখার একটি ভিডিও প্রকাশ করেছে। ভিডিওতে স্টেডিয়ামের ব্যালকনিতে কালো হুডি পরে খেলা দেখতে দেখা যায় তাঁকে। তবে প্রতিবেদনটিতে মেসির অবসর নিয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।
এ ছাড়া, বিশ্বকাপ শেষে লিওনেল মেসি তাঁর অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি আবেগঘন পোস্ট শেয়ার করেন। ওই পোস্টেও নিজের অবসর কিংবা কারও প্রতি ক্ষোভ প্রকাশের কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। এএফএ বা কোচ স্কালোনির পক্ষ থেকেও এমন কোনো বিরোধের কথা জানানো হয়নি, বরং তাঁরা সবসময় মেসির প্রতি শ্রদ্ধা ও প্রশংসাসূচক কথা বলেছেন।
সিদ্ধান্ত
২০২৩ সালে বার্সেলোনায় মেসির দলবদল নিয়ে তাঁর বাবার পুরোনো ভিডিও ছড়িয়ে দাবি করা হচ্ছে, আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ও কোচের সঙ্গে বিরোধের জেরে লিওনেল মেসি অবসরের ঘোষণা দিতে যাচ্ছেন। মূল ভিডিওটির সঙ্গে এমন দাবির কোনো সম্পর্ক নেই।