মুসলমানদের নিয়ে কটূক্তি করায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে উদ্দেশ করে জুতা নিক্ষেপ করেছেন এক মুসলিম নারী এমপি—এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।
এই দাবিতে ভাইরাল কয়েকটি ভিডিও আছে এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে।
‘Kazi Hasan’ নামের একটি ফেসবুক পেজ থেকে গত ২০ মে বেলা ১২টা ৪ মিনিটে এই দাবিতে একটি ভিডিও শেয়ার করা হয়, যা সামাজিক যোগাযোগমাধ্যমে সম্ভাব্য সবচেয়ে বেশি ছড়িয়েছে। ভিডিওটি আজ ২৪ মে বেলা পৌনে ১২টা পর্যন্ত প্রায় ৩২ লাখ বার দেখা হয়েছে। এ ছাড়া এতে ২৫ হাজার শেয়ার হয়েছে।
পোস্টটির কমেন্ট পর্যালোচনা করে দেখা যায়, বেশিরভাগ ব্যবহারকারী আলোচিত দাবিটিকে সত্য ভেবে কমেন্ট করেছেন। কেউ লিখেছেন, ‘সাবাস মুসলিম নারী সাবাস মুসলিম জাতি মৃতকে তোয়াক্কা করে ন।’ অপর একজন বলেন, ‘মুসলিম জাতি বীরের জাতি এরা কখনোই মৃত্যুকে পরোয়া করে চলে না এটাই তার প্রমাণ।’
তবে অনেকে আবার এই পোস্টে ভিন্নমত প্রকাশ করে লিখেছেন, ‘মাশাল্লাহ, বহুত জ্ঞানী লোক দেখতেছি কমেন্ট করতে চলে আসছে, ওহ সরি ভুল করে পাগলের কারখানা ঢুকে গেছি, ও আচ্ছা পাগল তো সবাই পাকিস্তানী পার্লামেন্ট বুঝবো কেমনে? আর ইন্ডিয়ান পার্লামেন্ট বুঝবো কেমনে?’ (লেখা ও বানান অপরিবর্তিত)
অনুসন্ধানের শুরুতে আলোচিত দাবিতে শেয়ার করা ১৯ সেকেন্ডের ভিডিওটি পর্যবেক্ষণ করা হয়। ভিডিওতে দেখা যায়, এক নারী অপর এক নারীর দিকে জুতা ছুড়ে মারছেন, জবাবে অপর নারী একটি বোতল সদৃশ জিনিস ছুড়ে মারছেন। এরপর তাঁদের মধ্যে হাতাহাতি ও ধস্তাধস্তি শুরু হয় এবং কয়েকজন তাঁদের থামানোর চেষ্টা করেন। ভিডিওর ১১ সেকেন্ডে কয়েকজন পুরুষকেও হাতাহাতি করতে দেখা যায়।
পুরো ভিডিওতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মতো কাউকে দেখা যায়নি। এমনকি ভারতীয় কোনো গণমাধ্যমেও এমন কোনো ঘটনার খবর পাওয়া যায়নি।
ভিডিওটির প্রকৃত উৎস খুঁজতে অনুসন্ধানের একপর্যায়ে ‘Sajad AlMuswie’ নামের একটি ফেসবুক পেজে ২০২৫ সালের ২৩ মে শেয়ার করা একটি ভিডিও পাওয়া যায়, যার ক্যাপশনে আরবি ভাষায় লেখা—‘আফগান পার্লামেন্টের ভেতরে ৩৮ সাইজের জুতা নিয়ে মারামারি। এরা কোনো সাধারণ নারী নন।’
এই সূত্র ধরে অনুসন্ধানে, ২০১১ সালের ৫ জুলাই ‘TOLO TV’ নামের একটি ইউটিউব চ্যানেলে প্রকাশিত ৩ মিনিট ২৯ সেকেন্ডের একটি একটিভিডিও খুঁজে পাওয়া যায়। ওই ভিডিওর ২ মিনিট ২ সেকেন্ড থেকে ২ মিনিট ১৬ সেকেন্ড পর্যন্ত দৃশ্যের সঙ্গে বর্তমানে ভাইরাল ভিডিওটির হুবহু মিল রয়েছে।
বিষয়টি নিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি নিউজ ও ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির ২০১১ সালের জুলাই মাসে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, ২০১১ সালে আফগানিস্তানের পার্লামেন্টে দুই নারী সংসদ সদস্যের (এমপি) মধ্যে তীব্র ঝগড়া ও হাতাহাতির ঘটনা ঘটে। ঘটনাটির সূত্রপাত হয় পাকিস্তান থেকে আফগানিস্তানে রকেট হামলার বিষয় নিয়ে পার্লামেন্টে বিতর্ক চলাকালে। একপর্যায়ে সাবেক সেনা কর্মকর্তা ও এমপি নাজিফা জাকি অপর সংসদ সদস্য হামিদা আহমাদজাইয়ের দিকে জুতা ছুড়ে মারেন। জবাবে হামিদা আহমদজাই পানির বোতল ছুড়ে মারেন এবং দুজনের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়।
এ ছাড়া একই ভিডিও ইতিপূর্বে পাকিস্তানের সংসদের ঘটনা দাবিতে সামাজিক মাধ্যমে ছড়ালে তা নিয়ে ‘NewsMeter’ গত বছরের ১৬ মে একটি প্রতিবেদন প্রকাশ করে। ওই প্রতিবেদন খেকে জানা যায়, ঘটনাটি পাকিস্তানের নয়, বরং আফগানিস্তানের পার্লামেন্টের পুরোনো ঘটনা।
সিদ্ধান্ত
২০১১ সালে আফগান পার্লামেন্টে দুই নারী এমপির মধ্যকার মারামারি ও জুতা ছোঁড়াছুড়ির একটি পুরোনো ভিডিওকে বর্তমানে ২০২৬ সালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ওপর মুসলিম নারী এমপির জুতা নিক্ষেপের দাবিতে প্রচার করা হচ্ছে।