সাপ্তাহিক ছুটির দিন আজ শুক্রবার সকালে রাজধানী ঢাকা আকাশ থেকে ছড়িয়েছে মিষ্টি রোদ। সঙ্গে বইছে হালকা বাতাস। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আগের দিন বৃহস্পতিবার সকালের চেয়ে আজ ঢাকা ও আশপাশের এলাকায় তাপমাত্রা কিছুটা কমেছে। গতকাল সকাল ৬টায় এই অঞ্চলে তাপমাত্রা ছিল ২৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, যা আজ একই সময় ছিল ২৪ দশমিক ৪।
তবে শুক্রবার দিনের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে। আজ সকাল ৭টায় পরবর্তী ৬ ঘণ্টার আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা ও আশপাশের এলাকায় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা এবং আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময় পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
এ ছাড়া আজ সকাল ৬ টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতা ছিল ৭৮ শতাংশ।
আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, রাজধানী ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ১৭ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ৮ মিনিটে।
ঢাকা ও আশপাশের অঞ্চলে তাপমাত্রা বৃদ্ধির আভাস দিলেও সারা দেশে আজ তা কিছুটা কমতে পারে। গতকাল সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তরের আগামী ৫ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুক্রবার প্রধানত শুষ্ক থাকতে পারে। রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।