টানা কয়েক দিনের দাবদাহে অস্থির দেশের জনজীবন। গত বুধবার ২৭টি জেলায় বয়ে যায় তাপপ্রবাহ। এই সংখ্যা কিছুটা কমেছে। গত শুক্রবার ঢাকাসহ ২১ জেলা ছিল তাপপ্রবাহ। এর মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা রাজশাহী জেলায় ৩৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
তবে আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, আজ থেকে গরমের তীব্রতা আরও কমে আসতে পারে। আগামীকাল রোববার কমপক্ষে ৪টি বিভাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আজ শনিবার সকালে আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক আজকের পত্রিকাকে বলেন, প্রায় এক সপ্তাহ দেশের বিভিন্ন অঞ্চলে তাপপ্রবাহ ছিল। কিন্তু সিলেট অঞ্চলে প্রতিদিনই বৃষ্টি হয়েছে। আজও সিলেট ও রংপুর বিভাগের উত্তর পূর্ব অংশে বৃষ্টি হতে পারে। আগামীকাল ঢাকা, সিলেট, রাজশাহী বেশ কিছু অঞ্চলে এবং চট্টগ্রাম বিভাগের কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়ায় বৃষ্টির সম্ভাবনা আছে।
পুরো খুলনা বিভাগেই তাপপ্রবাহ বয়ে যাওয়ার কারণ জানতে চাইলে আবহাওয়া অধিদপ্তরের এই আবহাওয়াবিদ বলেন, কর্কট ক্রান্তি বাংলাদেশের মধ্যাঞ্চল চট্টগ্রাম, কুমিল্লা, ঢাকা, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, রাজবাড়ী ও পাবনা অঞ্চলের ওপর দিয়ে পূর্ব-পশ্চিমে বিস্তৃত। প্রতিবছরের এই সময় (এপ্রিল-মে) মাসে উত্তর গোলার্ধের এই অঞ্চলে সূর্য কিরণ বেশ কাছ থেকে এসে পড়ে। এর উত্তাপও বেশি থাকে। ফলে এসব অঞ্চলে তাপপ্রবাহ বয়ে যায়।
তিনি আরও জানান, তাপপ্রবাহের কারণে দেশের আবহাওয়া শুষ্ক ছিল। এই শুষ্ক ভাব কেটে যাচ্ছে। আজ থেকে আগামী কয়েক দিন বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। এতে গরম কমে আসবে।
এদিকে আজকের সকালের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দুপুর ১টার মধ্যে রংপুর ও ময়মনসিংহ অঞ্চলের ওপর দিয়ে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো বাতাস বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিও হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, ঢাকা ও আশপাশের অঞ্চলে আকাশ আংশিক মেঘলা ও শুষ্ক থাকতে পারে। এ সময় দক্ষিণ অথবা দক্ষিণ পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। আজ সকাল ৬টায় রাজধানী ঢাকার তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ২৪ মিনিটে এবং আগামীকাল শনিবার সূর্যোদয় ভোর ৫টা ২৮ মিনিটে।