ঢাকাসহ দেশের পাঁচ বিভাগের ওপর দিয়ে আজ বুধবার দুপুরের মধ্যে কালবৈশাখী বয়ে যেতে পারে। এর সর্বোচ্চ গতিবেগ ৮০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে।
আজ সকালে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে বলা হয়, রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আকাশ অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। এর সঙ্গে বেলা ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে। এ সময় ৪০-৫০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
এ ছাড়া একই সময় রংপুর, ময়মনসিংহ, সিলেট ও কুমিল্লা অঞ্চলের ওপর দিয়ে ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
পূর্বাভাসে আরও জানানো হয়, আজ সকাল ৭টায় রাজধানী ঢাকার তাপমাত্রা ছিল ২৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। তবে দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।
এদিকে ঢাকায় আজ সূর্যাস্ত ৬টা ১১ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ৫টা ৫৮ মিনিটে।