এখন কার্তিক মাস। দেশের উত্তরাঞ্চলে শীতের দেখা কিছুটা মিললেও রাজধানী ঢাকাসহ শহরাঞ্চলের গরমের ভাব খুব একটা কাটেনি। বরং দুপুরবেলা ভ্যাপসা গরম রয়ে যায়। তবে তাপমাত্রা নিয়ে সুখবর দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার আজ বুধবার সকাল ৭টায় পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, দুপুর পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা ও আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময় উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬-১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা হালকা হ্রাস পেতে পারে। ঢাকায় আজ সকাল ৬টা তাপমাত্রা ২৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতা ছিল ৭৫ শতাংশ। এ ছাড়া রাজধানী ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ১৮ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ৭ মিনিটে। গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত হয়নি।
ঢাকার মতো সারা দেশেও তাপমাত্রা কমতে পারে। গতকাল সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তরের আগামী পাঁচ দিনের পূর্বাভাস বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া আজ প্রধানত শুষ্ক থাকতে পারে। একই সঙ্গে রাতের তাপমাত্রা সামান্য কমতে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।