হোম > বিনোদন > টেলিভিশন

গাজী রাকায়েতের ৬০ বছর

নাটক, স্বল্পদৈর্ঘ্য ও সিনেমা প্রদর্শনীর আয়োজন

বিনোদন প্রতিবেদক, ঢাকা

গাজী রাকায়েত। ছবি: সংগৃহীত

অভিনেতা, নাট্যকার, নির্দেশক, চলচ্চিত্র পরিচালক, শিক্ষকসহ নানা পরিচয় জুড়ে আছে গাজী রাকায়েতের নামের সঙ্গে। ১৫ জুন ৬০ বছর পূর্ণ হচ্ছে তাঁর। বিশেষ এই দিনটি উদ্‌যাপন করতে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে দুই দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছেন তাঁর শুভাকাঙ্ক্ষীরা।

১৯৬৬ সালে ঢাকার গেন্ডারিয়ায় জন্ম গাজী রাকায়েতের। কিশোর বয়স থেকে অভিনয়ের প্রতি টান ছিল তাঁর। সেই টানে স্কুলের নাটকে অভিনয় করেন। তবে ভালো শিক্ষার্থী হওয়ায় মনোযোগী ছিলেন পড়াশোনা নিয়েই। বুয়েটে পড়াকালীন বিষণ্নতায় ভুগছিলেন। নতুন করে বাঁচার স্বপ্ন খুঁজছিলেন। একদিন আলিয়ঁস ফ্রঁসেজের একটি অভিনয় প্রশিক্ষণ কোর্সের বিজ্ঞাপন দেখলেন। যোগ দিলেন সেই কোর্সে। এরপর আর এই জগৎ থেকে বের হতে পারেননি। এখনো জড়িয়ে আছেন সমানতালে। অভিনয় করছেন, নাটক লিখছেন, নির্দেশনা দিচ্ছেন, চলচ্চিত্র বানাচ্ছেন, পাশাপাশি প্রশিক্ষণ দিয়ে তৈরি করছেন নতুন শিল্পী।

গাজী রাকায়েত না চাইলেও তাঁর ৬০ বছর পূর্তি উদ্‌যাপনের আয়োজন করেছে কাছের মানুষেরা। ১৫ ও ১৬ জুন বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল হলে অনুষ্ঠিত হবে এই আয়োজন। প্রথম দিন সন্ধ্যা ৭টায় রয়েছে গাজী রাকায়েত নির্দেশিত ‘নানা রঙের দিন’ নাটকের প্রদর্শনী। এরপর দেখা যাবে গাজী রাকায়েত পরিচালিত স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘একটি লাশের গল্প’। ১৬ জুন একই স্থানে সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে গাজী রাকায়েত পরিচালিত পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘মানুষটিকে দেখ’। গত ১ মে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিনেমাটি।

গাজী রাকায়েত বলেন, ‘জন্মবার্ষিকী উদ্‌যাপন করতে ভালো লাগে না। কিন্তু এবার ৬০ বছর হচ্ছে, তাই সবাই মিলে এই আয়োজনের উদ্যোগ নিল। না করতে পারিনি। প্রথম দিন নানা রঙের দিন নাটকের ১০১তম প্রদর্শনী হবে। এই নাটকটি আমরা ৩০ বছর ধরে করছি। এরপর দেখানো হবে মানুষটিকে দেখ সিনেমা।’

৬০ বছর বয়সে জীবন নিয়ে নিজের উপলব্ধি জানতে চাইলে গাজী রাকায়েত বলেন, ‘আল্লাহ আমাকে ৬০ বছর পর্যন্ত নিয়ে এসেছেন এটা আমার জন্য বিরাট প্রাপ্তি। মানুষ দেখছি, পৃথিবী দেখছি। শিল্পী হিসেবে সাধ্যমতো চেষ্টা করেছি নিজের কাজটা করে যাওয়ার। মানুষকে আনন্দ দেওয়া, আমার ভাবনাচিন্তাগুলো শেয়ার করার চেষ্টা করেছি। আল্লাহ যত দিন বাঁচিয়ে রাখবেন এই চেষ্টাটা করে যেতে চাই।’

অনুষ্ঠানে নাটক ও চলচ্চিত্র প্রদর্শনীর পাশাপাশি গাজী রাকায়েতকে শুভেচ্ছা জানাতে আসবেন তাঁর দীর্ঘদিনের সহকর্মীরা। তাঁরা কথা বলবেন গাজী রাকায়েতকে নিয়ে।

বিটিভিতে আসছে অহিদুজ্জামান ডায়মন্ডের ধারাবাহিক ‘তবুও জীবন’

ভালোবাসার গল্পে রওনক রিপনের নতুন নাটক ‘সমান সমান’

আবার মঞ্চে আসছে বিবেকানন্দ থিয়েটারের ‘ভাসানে উজান’

চিকিৎসার জন্য বেঙ্গালুরুতে নেওয়া হবে কাকলীকে

মঞ্চে বটতলার শিশুদের নতুন নাটক ‘ডাকাত হালুম চিৎপটাং’

ওটিটি নিয়ে আক্ষেপ: নাটকেই ভালো আছেন মনিরা মিঠু

প্রচার শুরু হচ্ছে প্রত্যয় খান অভিনীত প্রথম ধারাবাহিক

লুকিয়ে থাকা সত্যের সন্ধ্যানে অপূর্ব-ইয়াশ, সঙ্গে আছেন বিন্দু

আজম খানের স্মরণে চ্যানেল আইয়ে ‘ট্রিবিউট টু গুরু আজম খান’

দীপ্ত টিভিতে আজ ঈদের নাটক ‘আমার বউ সব জানে’