হোম > বিনোদন > গান

১৪ বছর পর ওয়ারফেজের নতুন ষ্টুডিও অ্যালবাম, প্রথমবার যাচ্ছে যুক্তরাজ্য সফরে

বিনোদন প্রতিবেদক, ঢাকা

নতুন গান প্রকাশ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ওয়ারফেজের সদস্যরা। ছবি: সংগৃহীত

দেশের প্রথম ব্যান্ড হিসেবে একুশে পদকপ্রাপ্তি, বৈশ্বিক ব্র্যান্ড জিপ্পোর সঙ্গে চুক্তি, টানা কনসার্ট—সব মিলিয়ে দারুণ সময় পার করছে ওয়ারফেজ। এবার ১৪ বছর পর তারা নিয়ে আসছে নতুন স্টুডিও অ্যালবাম। গত সোমবার প্রকাশ পেয়েছে ওয়ারফেজের অষ্টম স্টুডিও অ্যালবামের প্রথম গান ‘গিরগিটি’। এটি লিখেছেন শামস মনসুর গনি এবং কে এম ইমরানুল হক রিতুল। ভিজ্যুয়াল ও অ্যারেঞ্জমেন্ট করেছে আপস্টুডিও প্রোডাকশন হাউস। এদিকে প্রথমবার যুক্তরাজ্যে পারফর্ম করার জন্য আগামীকাল ঢাকা ছাড়ছে ওয়ারফেজ।

গিরগিটি গানটি অ্যালবামের পাশাপাশি ব্যবহার করা হবে সৌরভ কুণ্ডুর ‘গিরগিটি’ সিনেমার টাইটেল ট্র্যাক হিসেবে। এতে প্রধান দুই চরিত্রে অভিনয় করছেন এ বি এম সুমন ও পূর্ণিমা বৃষ্টি। ২০১৯ সালে শুরু হয়েছিল এই সিনেমার শুটিং। তবে নানা জটিলতায় এখনো শেষ হয়নি কাজ।

নতুন গান উপলক্ষে গত সোমবার সন্ধ্যায় রাজধানীর একটি ক্লাবে আয়োজন করা হয় অনুষ্ঠানের। সেখানে নতুন গান নিয়ে কথা বলেন ওয়ারফেজ ব্যান্ডের সদস্যরা। উপস্থিত ছিলেন গিরগিটি সিনেমার নির্মাতা ও অভিনয়শিল্পীরা। এ সময় নির্মাতা জানান, নানা বাধা পার করে আবার গিরগিটি সিনেমার শুটিংয়ের পরিকল্পনা করছেন তাঁরা। শিগগির জানাবেন শুটিং ও মুক্তির পরিকল্পনা।

নতুন গান নিয়ে ওয়ারফেজ ব্যান্ডের পলাশ নূর বলেন, ‘গান হচ্ছে আমাদের কাছে স্টোরি টেলিং। নতুন গানটিও তাই। এটি সিনেমায় ব্যবহার করা হবে। সিনেমার গান অনেক চ্যালেঞ্জিং। কারণ এখানে অনেক ভিশন থাকে। একসময় মনে হয়েছিল আমাকে দিয়ে হচ্ছে না। ব্যান্ডের সবাই আমাকে সাহস দিয়েছে। রেকর্ডিং শেষে গানটি শোনার পর মনে হলো আমার কষ্ট সার্থক হয়েছে। আমার ক্যারিয়ারের এখন পর্যন্ত এটি সেরা কাজ।’

গান প্রকাশ হলেও এখনো অ্যালবামের নাম প্রকাশ করেনি ওয়ারফেজ। ব্যান্ডটির দলনেতা ও ড্রামার শেখ মনিরুল আলম টিপু বলেন, ‘ওয়ারফেজ কখনোই সব গান তৈরির আগে অ্যালবামের নাম ঠিক করে না। এর আগের অ্যালবামগুলোর ক্ষেত্রেও তা-ই হয়েছে। সব গান প্রস্তুত হওয়ার পর সবাই মিলে চূড়ান্ত করব অ্যালবামের নাম।’

অনুষ্ঠানে শেখ মনিরুল আলম টিপু জানান, ৪২ বছরের পথচলায় প্রথমবার যুক্তরাজ্যে সংগীত সফরে যাচ্ছে ওয়ারফেজ। এই সফরে একাধিক শহরে পারফর্ম করার কথা রয়েছে তাঁদের। এর মধ্যে ১৯ জুলাই লন্ডনের দ্য রয়্যাল রিজেন্সি মিলনায়তনে অনুষ্ঠিতব্য ‘বাংলা ফেস্ট অ্যান্ড অ্যাওয়ার্ড ইউকে’ অনুষ্ঠানে গান শোনাবে ওয়ারফেজ।

যুক্তরাজ্য সফরের উদ্দেশ্যে আগামীকাল দেশ ছাড়বে ওয়ারফেজ। ফিরবে ২৩ জুলাই। আগামী ২ আগস্ট ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে রয়েছে কিং অব পপ মাইকেল জ্যাকসনকে ট্রিবিউট করে ওয়ারফেজের একক কনসার্ট। ‘প্লেলিস্ট ট্রিবিউট টু অরিজিনালস’ শীর্ষক কনসার্টটি আয়োজন করছে ব্র্যান্ডমিথ এবং মার্স অ্যান্ড কো.।

ভেঙে যাচ্ছে জনপ্রিয় কে-পপ ব্যান্ড কার্ড

রোলিং স্টোনসের ৭ বছরের রেকর্ড ভাঙল বিটিএস

দুই বছর পর হঠাৎ বিয়ন্সের নতুন গান

টেইলর-ট্রাভিসের রাজকীয় বিয়ে

‘সোনার তরী’ বিতর্কে অর্ণবের পাশে দাঁড়ালেন সুনিধি

সৈয়দ আব্দুল হাদীর জন্মদিনে চ্যানেল আইয়ে দিনব্যাপী আয়োজন

মাশা, শোয়েব ও মৌসুমির কণ্ঠে প্রকাশ পেল ‘মেঘ’

নতুন লাইনআপে ফিরছে অর্থহীন ও আর্টসেল

বিরতিতে লিংকন, আর্টসেলের নতুন ভোকাল বখতিয়ার

আতিফ আসলামের স্থগিত হওয়া কনসার্ট হবে ২৪ জুলাই