হোম > বিনোদন > গান

কনসার্টে প্রথম অ্যালবাম প্রকাশ করবে ব্যান্ড অড সিগনেচার

বিনোদন প্রতিবেদক, ঢাকা

অড সিগনেচারের সদস্যরা। ছবি: সংগৃহীত

২০১৭ সালে আত্মপ্রকাশ করে ব্যান্ড অড সিগনেচার। অল্প সময়েই গল্পভিত্তিক গানের সুবাদে তরুণদের কাছে জনপ্রিয়তা পায়। অড সিগনেচারের ‘মন্দ’, ‘দুঃস্বপ্ন’, ‘হোক আবার’, ‘ঘুম’, ‘তুমিও পারো’, ‘মিলে একসাথে’ গানগুলো জায়গা করে নেয় সংগীতপ্রেমীদের প্লেলিস্টে। তবে দুই বছর আগে ২০২৪ সালে এক সড়ক দুর্ঘটনায় থমকে যায় ব্যান্ডের পথচলা। সিলেটে কনসার্টে যাওয়ার সময় অড সিগনেচারের ভোকাল পিয়ালের মর্মান্তিক মৃত্যু এবং দলটির একাধিক সদস্য গুরুতর আহত হওয়ার ঘটনায় থেমে যায় ব্যান্ডের সব কার্যক্রম।

প্রায় এক বছর গান থেকে দূরে ছিল ব্যান্ডটি। গত বছর মে মাসে ‘জগৎ মঞ্চ’ অ্যালবামের টাইটেল ট্র্যাক প্রকাশের মাধ্যমে আবার গানে ফেরে অড সিগনেচার। ওই বছর আগস্টে আয়োজন করে প্রত্যাবর্তন কনসার্টের। এর পর থেকে কনসার্ট ও নতুন গান তৈরিতে ব্যস্ত সময় পার করছে দলটি। এবার চট্টগ্রামে একক কনসার্টে অড সিগনেচার উন্মোচন করতে যাচ্ছে ‘জগৎ মঞ্চ’ অ্যালবাম। এটি তাদের প্রথম অ্যালবাম।

১৫ মে চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে অনুষ্ঠিত হবে অড সিগনেচার ব্যান্ডের এই কনসার্ট। অনুষ্ঠানটির আয়োজক প্রতিষ্ঠান টেকআউট। অতিথি হিসেবে থাকবেন কনটেন্ট ক্রিয়েটর অন্তিক মাহমুদ। বিকেল ৪টায় শুরু হবে কনসার্ট। ৫ মে থেকে টিকিট পাওয়া যাবে টেকআউটের চট্টগ্রামের শাখাগুলোতে। টিকিটের দাম ৫০০ টাকা।

অড সিগনেচার ব্যান্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, এনএফসি-সংবলিত সিডি আকারে প্রকাশ করা হবে জগৎ মঞ্চ অ্যালবাম। কনসার্টে অ্যালবামের সব গান গেয়ে শোনাবে অড সিগনেচার। কনসার্টেই গানগুলো সম্পর্কে বিস্তারিত জানাবে তারা। সেদিন ব্যান্ডটি জানাবে কীভাবে শ্রোতারা জগৎ মঞ্চ অ্যালবামটি সংগ্রহ করতে পারবেন। এ ছাড়া অ্যালবামের গানের গল্পগুলো সাজিয়ে তৈরি হয়েছে কমিকস, যা এঁকেছেন অন্তিক মাহমুদ ও তাঁর সহযোগীরা।

অড সিগনেচার ব্যান্ডের ভোকালিস্ট, কি-বোর্ডিস্ট ও গিটারিস্ট অর্ণম অমিতাভ বলেন, ‘দীর্ঘ যাত্রা শেষে মুক্তি পাচ্ছে আমাদের প্রথম অ্যালবাম জগৎ মঞ্চ। এর সঙ্গে জড়িয়ে আছে নানা প্রাপ্তি ও হারানোর গল্প। নিজেদের মৌলিক গানের অ্যালবাম প্রতিটি ব্যান্ডের জন্য বিশেষ প্রাপ্তি। আমাদের সেই প্রাপ্তি দ্বিগুণ হয়েছে কমিকস বানানোর মাধ্যমে। গান, গল্প এবং আর্টের মেলবন্ধন ঘটেছে। আশা করছি ভিন্নধর্মী এই চিন্তাকে ভালোভাবে গ্রহণ করবে শ্রোতারা।’

অর্ণম আরও বলেন, ‘অড সিগনেচারের প্রতিটি সদস্যের বেড়ে ওঠা চট্টগ্রামে। তাই অ্যালবাম প্রকাশের আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে চট্টগ্রাম থেকে। অন্যান্য বিভাগীয় শহরে একক কনসার্ট করার পরিকল্পনা চলছে। চূড়ান্ত হলে জানিয়ে দেওয়া হবে।’

১০ বছর অপেক্ষার পর প্রকাশ পেল অ্যাশেজের ‘ফেরিওয়ালা’

তিন দেশের শিল্পীদের নিয়ে কনসার্টের নতুন তারিখ ঘোষণা

ভারতে মিনার-ই-দিল্লি সম্মাননা পাচ্ছেন রুনা লায়লা

১৪ বছরের দীর্ঘ প্রতীক্ষার মেঘ এবার গান হয়ে ঝরবে

ইউরোপ ও অস্ট্রেলিয়ায় গান শোনাতে যাচ্ছেন জেমস

রুনা লায়লার সঙ্গে গজল গাইলেন বাপ্পা মজুমদার

বাবা-ছেলের গানে খুরশীদ আলম ও মোমিন বিশ্বাস

১৫ বছর পর আলিফের একক অ্যালবাম

এক দশক পর অস্ট্রেলিয়ায় গাইবেন রুনা লায়লা, সঙ্গে বেঙ্গল সিম্ফনি

ব্যান্ড ওয়ারফেজের সঙ্গে জিপোর যাত্রা শুরু