হোম > বিনোদন > হলিউড

অনলাইনে ফাঁস হওয়া ‘দ্য ওডিসি’ দেখল লাখো দর্শক

বিনোদন ডেস্ক

‘দ্য ওডিসি’ সিনেমার দৃশ্য। ছবি: সংগৃহীত

বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে যখন আলোড়ন চলছে ক্রিস্টোফার নোলানের নতুন সিনেমা ‘দ্য ওডিসি’ নিয়ে, তখন হঠাৎ সিনেমাটির একটি এইচডি প্রিন্ট ফাঁস হয়ে যায় অনলাইনে। বিষয়টি নজরে আসার পরই কড়া পদক্ষেপ নেয় প্রযোজনা প্রতিষ্ঠান ইউনিভার্সাল পিকচার্স। তারা দ্রুত অনলাইন থেকে সিনেমাটি সরিয়ে নেওয়ার ব্যবস্থা করে। তবে এরই মধ্যে লাখ লাখ মানুষ দেখে ফেলে সিনেমাটি।

সংবাদমাধ্যম ভ্যারাইটি জানিয়েছে, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দ্য ওডিসির পাইরেটেড কপি আপলোড করা হয়। মাত্র আড়াই ঘণ্টার মধ্যে ২১ লাখের বেশি মানুষ দেখে ফেলে সিনেমাটি। বিষয়টি নজরে আসার পরপরই কড়া পদক্ষেপ নেয় প্রযোজনা প্রতিষ্ঠান ইউনিভার্সাল পিকচার্স। তারা দ্রুত অনলাইন থেকে সিনেমাটি সরিয়ে নেওয়ার ব্যবস্থা করে। স্থগিত করা হয় সংশ্লিষ্ট অ্যাকাউন্ট।

সংবাদমাধ্যম ডেডলাইনকে দেওয়া এক বিবৃতিতে ইউনিভার্সাল পিকচার্স জানিয়েছে, ‘সিনেমাটির পাইরেটেড কপি নজরে আসার সঙ্গে সঙ্গেই আমরা টেকডাউন প্রোটোকল (অনলাইন থেকে কনটেন্ট সরিয়ে ফেলার প্রক্রিয়া) চালু করেছি। আমরা কপিরাইট লঙ্ঘন অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিই এবং আমাদের কনটেন্ট ও মেধাস্বত্ব অধিকার রক্ষার জন্য সব ধরনের আইনি ব্যবস্থা গ্রহণ করব।’

তবে পাইরেসির এই চেষ্টার পরও প্রেক্ষাগৃহে সিনেমাটি নিয়ে দর্শকদের উন্মাদনায় কোনো ভাটা পড়েনি। মাত্র ১০ দিনের মাথায় বিশ্বজুড়ে আয়ের নতুন রেকর্ড গড়েছে সিনেমাটি। গ্রিক কবি হোমারের মহাকাব্য অবলম্বনে নির্মিত দ্য ওডিসি মুক্তি পেয়েছিল ১৭ জুলাই। রোববার পর্যন্ত বিশ্বজুড়ে আয় করেছে ৬৩৯ দশমিক ৬ মিলিয়ন ডলার। এর মধ্যে উত্তর আমেরিকার বাজার থেকে ২৮৪ দশমিক ৪ মিলিয়ন এবং আন্তর্জাতিক বাজার থেকে এসেছে ৩৫৩ দশমিক ২ মিলিয়ন ডলার।

তবে হলিউড সিনেমার অন্যতম বড় বাজার চীন, জাপান ও দক্ষিণ কোরিয়ায় এখনো মুক্তি পায়নি দ্য ওডিসি। এসব দেশে মুক্তির পর সিনেমাটির আয় আরও কয়েক গুণ বাড়বে বলে আশা করা হচ্ছে।

‘ব্ল্যাক প্যান্থার ৩’ ও নতুন ‘ঘোস্ট রাইডার’ সিনেমার ঘোষণা দিল মার্ভেল

ক্রিস্টোফার নোলানের পছন্দের তালিকায় সত্যজিৎ রায়ের সিনেমা

এবার হাল্কের মুখোমুখি স্পাইডার-ম্যান

অসুস্থ শিশুদের মুখে হাসি ফোটাচ্ছে ‘টয় স্টোরি ৫’

জেন্ডায়ার কানের দুলে ২৭০০ বছরের পুরোনো ইরানি অলংকার, লুণ্ঠিত প্রত্নবস্তু নিয়ে বিতর্ক

বক্স অফিসে নোলানের ‘দ্য ওডিসি’র রাজকীয় অভিষেক

নোলানের ‘ওডিসি’র মহাকাব্যিক সূচনা, ৩ দিনেই উঠে এল নির্মাণ ব্যয়

তিন হাজার বছরের পুরোনো ইরানি স্মারক কানে পরে তীব্র বিতর্কে জেন্ডায়া

বেন অ্যাফ্লেকের এআই কোম্পানি কিনল নেটফ্লিক্স

বিপ্লবী ওয়াট টাইলারের চরিত্রে অ্যান্ড্রু গারফিল্ড