মধ্যপ্রাচ্যের অমর লোককাহিনি ‘আরব্য রজনী’ বা ‘ওয়ান থাউজেন্ড অ্যান্ড ওয়ান নাইটস’ অবলম্বনে হলিউডে এর আগে অনেক কাজ হয়েছে। ২০১৯ সালে ডিজনির তৈরি মিউজিক্যাল ফ্যান্টাসি সিনেমা ‘আলাদিন’ ব্যাপক প্রশংসিত হয়। এবার আরব্য রজনীর গল্প নিয়ে হলিউডের আরও এক বড় উদ্যোগের খবর পাওয়া গেছে। ‘স্পার্টাকাস’ ও ‘ভাইকিংস’-এর মতো তুমুল জনপ্রিয় সিরিজের নির্মাতারা মিলে তৈরি করছেন ১০ পর্বের লাইভ-অ্যাকশন ফ্যান্টাসি সিরিজ, যার নাম দেওয়া হয়েছে ‘অ্যারাবিয়ান নাইটস’।
সিরিজটিতে বেশ কিছু চমকপ্রদ পরিবর্তন আনা হয়েছে। কোনো নির্দিষ্ট গল্প অনুসরণ না করে এতে আরব্য রজনীর অন্যতম জনপ্রিয় চরিত্র দুঃসাহসী নাবিক সিনবাদ, জাদুর প্রদীপের অধিকারী আলাদিন ও তীক্ষ্ণ বুদ্ধিমান আলীবাবাকে একই গল্পে নিয়ে আসা হচ্ছে। তারা শাহেরজাদের সঙ্গে মিলে এক অশুভ জাদুকরের হাত থেকে পৃথিবীকে বাঁচানোর চেষ্টা করবে।
এই শ্বাসরুদ্ধকর বাস্তব অভিজ্ঞতাই শাহেরজাদকে পরিণত করে সর্বকালের সেরা গল্পকারে। এসব ঘটনা পরবর্তীকালে রূপ নেয় কিংবদন্তি রূপকথায়, যা আজও মানুষকে মুগ্ধ ও অনুপ্রাণিত করে চলেছে। এককথায়, এটি শুধু ফ্যান্টাসি গল্প নয়, বরং কীভাবে আরব্য রজনীর মতো অমর সাহিত্যের জন্ম হলো, তারও কাল্পনিক আখ্যান।
ভ্যারাইটি জানিয়েছে, লস অ্যাঞ্জেলেসভিত্তিক প্রযোজনা প্রতিষ্ঠান ভেরিটাস এন্টারটেইনমেন্ট এই মেগা প্রজেক্টের দায়িত্বে রয়েছে। চিত্রনাট্য লিখছেন ‘কিংস’ সিরিজখ্যাত কামরান পাশা। তাঁর সঙ্গে আরও রয়েছেন ‘স্পার্টাকাস’-এর চিত্রনাট্যকার স্টিভেন এস ডিনাইট। নির্বাহী প্রযোজক হিসেবে আছেন ‘ভাইকিংস’, ‘দ্য মর্নিং শো’, ‘দ্য সিজন’, ‘দ্য মসকিউটো কোস্ট’সহ অনেক জনপ্রিয় সিরিজের সঙ্গে যুক্ত ব্যক্তিত্বরা।
চিত্রনাট্যকার কামরান পাশা বলেন, ‘এই সিরিজের মাধ্যমে আমরা এমন কিছু করার সুযোগ পেয়েছি, যা হলিউড আগে কখনো করেনি। আরব্য রজনীর জনপ্রিয় চরিত্রগুলোকে আমরা একটি গল্পে নিয়ে এসেছি। এতে মূল গল্পের রোমাঞ্চের পাশাপাশি সাংস্কৃতিক সত্যতাও বজায় থাকবে।’
চিত্রনাট্যকার স্টিভেন বলেন, ‘আধুনিক দর্শকদের কাছে আরব্য রজনীর গল্পগুলো তুলে ধরার এই উদ্যোগে যুক্ত হতে পেরে আমি রোমাঞ্চিত। কামরান পাশা গল্পটিকে এমন ভিন্ন রূপ দিয়েছেন, যা একে আরও রোমাঞ্চকর করে তুলেছে।’
নির্মাতারা জানিয়েছেন, তাঁদের লক্ষ্য অ্যারাবিয়ান নাইটস সিরিজের গল্প একাধিক সিজন ধরে এগিয়ে নেওয়া। সবকিছু ঠিক থাকলে ২০২৭ সালের সেপ্টেম্বরে বাহরাইনে সিরিজটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। সার্বিক সহায়তা করবে বাহরাইন সরকার।