হোম > বিনোদন > সিনেমা

‘সুরাইয়া’য় জুটি হলেন শ্যামল-তুষি, শুরু হয়েছে সিনেমার শুটিং

বিনোদন প্রতিবেদক, ঢাকা

শ্যামল ও তুষি। ছবি: সংগৃহীত

সময়টা দারুণ উপভোগ করছেন অভিনেত্রী নাজিফা তুষি। রোজার ঈদে মুক্তি পাওয়া ‘প্রেশার কুকার’ সিনেমায় প্রশংসিত হয়েছে তাঁর অভিনয়। কোরবানির ঈদে মুক্তির অপেক্ষায় আছে তাঁর অভিনীত সিনেমা ‘রইদ’। এরই মাঝে নতুন সিনেমার শুটিং শুরু করেছেন এই অভিনেত্রী। ‘সুরাইয়া’ নামের সিনেমায় তুষির সঙ্গে আছেন শ্যামল মাওলা। এই প্রথম বড় পর্দায় জুটি হলেন তাঁরা। বিষয়টি নিশ্চিত করেছেন সুরাইয়ার প্রযোজক ফজলে হাসান শিশির। এতে আরও আছেন নাসির উদ্দিন খানসহ পরিচিত ও নবীন অনেক অভিনয়শিল্পী।

শিবব্রত বর্মণের লেখা ‘সুরাইয়া’ গল্প অবলম্বনে একই নামে নির্মিত হচ্ছে সিনেমাটি। শিবব্রত বর্মণের সঙ্গে চিত্রনাট্য করেছেন রবিউল আলম রবি। পরিচালনা করছেন রবিউল আলম রবি। এটি নির্মাতার প্রথম সিনেমা। এর আগে ওটিটি প্লাটফর্মের জন্য তিনি বানিয়েছেন ‘ঊনলৌকিক’, ‘ক্যাফে ডিজায়ার’ এবং ‘ফরগেট মি নট’।

প্রযোজক ফজলে হাসান শিশির আজকের পত্রিকাকে জানান, ২০ এপ্রিল থেকে ঢাকায় শুরু হয়েছে সুরাইয়ার শুটিং। মে মাসজুড়ে ঢাকার বিভিন্ন স্থানে শুটিং করে শেষ করা হবে দৃশ্যধারণের কাজ।

২০২৩-২৪ অর্থবছরে সরকারি অনুদান পেয়েছে সুরাইয়া। সরকারি অনুদান পাওয়ার আগে থেকেই বিভিন্ন চলচ্চিত্র উৎসবের ফিল্ম মার্কেটে সিনেমার চিত্রনাট্য নিয়ে অংশ নিয়েছেন নির্মাতা রবিউল আলম রবি। শুরু হয় ২০২৩ সালের বুসান চলচ্চিত্র উৎসবের এশিয়ান প্রজেক্ট মার্কেট দিয়ে। একই বছর ফ্রেঞ্চ ফিল্ম ল্যাব প্রদিউর অ স্যুদ-এ অংশ নেয় সিনেমাটি। ২০২৪ সালে সিয়াটলের তাসভীর চলচ্চিত্র উৎসবের ফিল্ম বাজারেও নির্বাচিত হয় সিনেমাটি। গত বছর বার্লিন ওয়ার্ল্ড সিনেমা ফান্ড থেকে তহবিল পায় সুরাইয়া।

প্রযোজক জানান, সুরাইয়া নামের এক মেয়েকে নিয়ে সিনেমার কাহিনি। মেয়েটির একটি স্বপ্ন আছে, তার জীবনের নানা সংকটও রয়েছে। সেগুলো নিয়ে স্ট্রাগল করতে হয় তাকে। একসময় সুরাইয়া হয়ে ওঠে সমসাময়িক বাংলাদেশের একটি মেয়ের চরিত্র। সামাজিক বাস্তবতার নানা দিক উঠে আসবে এ সিনেমায়।

প্রযোজক আরও জানান, র‍্যাদারহুড ইনিশিয়েটিভস লিমিটেড সিনেমাটির মূল প্রযোজনা প্রতিষ্ঠান। আরও যুক্ত আছে প্রযোজনা প্রতিষ্ঠান ‘মেড ইন বানিয়ালুলু’ এবং জার্মান প্রযোজনা প্রতিষ্ঠান ‘নিকো ফিল্মস’।

নওশাবার নতুন সিনেমা ‘সোমেশ্বরী’

আব্বা আমার জীবনের আদর্শ

সাংহাইয়ে পুরস্কার জিতল বাংলাদেশের ‘সাঁকোটা দুলছে’

স্টার সিনেপ্লেক্সে ‘সামার বাংলা হিট ফেস্ট’

সাত বছর পর সিনেমা নির্মাণের ঘোষণা অংশুর

‘ককরোচদের’ প্রতিবাদ সমাবেশে শামিল প্রকাশ রাজ

ব্যাংকক যাচ্ছে ‘সোলজার’ টিম, এ বছরেই মুক্তি

জুলাইয়ে জয়ার আলোচিত সিনেমার সিকুয়েল

মুক্তি পাচ্ছে দেশ-বিদেশের নতুন দুই সিনেমা

আবার পাইরেসির শিকার শাকিবের সিনেমা