এ সপ্তাহের সিনেমা
এ সপ্তাহে দেশের হলে মুক্তি পাচ্ছে নতুন সিনেমা। সরকারি অনুদানে নির্মিত ‘সর্দারবাড়ির খেলা’র সঙ্গে আজ থেকে সিনেপ্লেক্সে দেখা যাবে হলিউডের ‘মর্টাল কম্ব্যাট ২’।
সর্দারবাড়ির খেলা
লোকজ সংস্কৃতির ঐতিহ্য লাঠিখেলা নিয়ে তৈরি হয়েছে সর্দারবাড়ির খেলা। পর্দায় উঠে আসবে বাংলার লাঠিয়ালদের সংগ্রামী জীবনের কাহিনি। বানিয়েছেন রাখাল সবুজ। এটি নির্মাতার প্রথম সিনেমা। এতে জুটি হয়ে অভিনয় করেছেন জিয়াউল রোশান ও শবনম বুবলী। সরকারি অনুদানের এই সিনেমাটি মুক্তি দেওয়ার ঘোষণা এসেছিল গত বছরের রোজার ঈদে। শেষ পর্যন্ত সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন নির্মাতা। অবশেষে আজ সারা দেশের ২৩টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সর্দারবাড়ির খেলা। তবে এই সিনেমার কোনো ধরনের প্রচারে দেখা যায়নি অভিনেতা রোশান ও বুবলীকে।
এ বিষয়ে রোশান জানিয়েছেন, এখনো এই সিনেমার পুরো পারিশ্রমিক বুঝে পাননি তিনি। এ ছাড়া সিনেমা মুক্তি নিয়ে তাঁর সঙ্গে কোনো আলোচনা বা পরিকল্পনাও করেননি নির্মাতারা। এসব কারণে প্রচার থেকে বিরত ছিলেন তিনি। তবে সিনেমাটির প্রশংসা করেছেন অভিনেতা। অন্যদিকে বুবলীর পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। গত মার্চ মাস থেকেই আড়ালে রয়েছেন এই অভিনেত্রী। গুঞ্জন আছে দ্বিতীয়বারের মতো মা হচ্ছেন বুবলী। তাই কাজ থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছেন তিনি।
মর্টাল কম্ব্যাট ২
১৯৯৫ সালে মুক্তি পেয়েছিল ‘মর্টাল কম্ব্যাট’। এরপর ১৯৯৭ সালে ‘মর্টাল কম্ব্যাট: অ্যানিহাইলেশন’। যদিও শুরুতে সিনেমাগুলো প্রত্যাশা পূরণ করতে পারেনি, তবে ২০২১ সালে মুক্তি পাওয়া ‘মর্টাল কম্ব্যাট’ দর্শকদের মধ্যে ভালো সাড়া ফেলে। পাঁচ বছর পর আজ বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে এই সিরিজের চতুর্থ সিনেমা ‘মর্টাল কম্ব্যাট ২’। একই দিনে দেশের সিনেপ্লেক্সগুলোতে মুক্তি পাচ্ছে সিনেমাটি।
২০২১ সালের মর্টাল কম্ব্যাটের সিকুয়েল এটি। মর্টাল কম্ব্যাট যেখানে শেষ হয়েছিল সেখান থেকেই শুরু হবে নতুন সিনেমার কাহিনি। আগের সিনেমার পরিচালক সাইমন ম্যাকোয়েড এই সিনেমাটিও পরিচালনা করেছেন।
মর্টাল কম্বাট টুয়ের গল্পে দেখা যাবে পৃথিবীর অস্তিত্ব রক্ষার লড়াই। ভয়ংকর শাসক শাও কানের বিরুদ্ধে চূড়ান্ত যুদ্ধে নামবে চ্যাম্পিয়নরা। তাদের সঙ্গে যোগ দেবে জনি কেজ। তবে লড়াই সহজ হবে না। শাও কানের শক্তি এতটাই ভয়ংকর যে পুরো পৃথিবী ধ্বংসের মুখে পড়বে। এমনকি চ্যাম্পিয়নদের মধ্যেও তৈরি হবে দ্বন্দ্ব।
বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কার্ল আরবান, লুইস টান, হিরোয়ুকি সানাদা, জো তাসলিম, অ্যাডলিন রুডলফ, জেসিকা ম্যাকনামি, যশ লসন, লুডি লিন, চিন হান, ডেমন হ্যারিমেন প্রমুখ।