হোম > বিনোদন > বলিউড

রামায়ণ সিনেমায় কাওয়ালি? এ আর রহমানের নতুন গান নিয়ে বিতর্ক

আজকের পত্রিকা ডেস্ক­

রামায়ণ চলচ্চিত্রে ‘মঙ্গল’ গানের সুর নিয়ে বিতর্ক। ছবি: সংগৃহীত

বলিউডের বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘রামায়ণ’-এর নতুন গান ‘মঙ্গল রং’ মুক্তির পরপরই বিশ্বজুড়ে সংগীতপ্রেমী ও সামাজিক মাধ্যম ব্যবহারকারীদের একাংশের তীব্র সমালোচনার মুখে পড়েছেন প্রখ্যাত সুরকার এ আর রহমান। ভারতীয় মহাকাব্যভিত্তিক একটি চলচ্চিত্রে সুফি ধাঁচের কাওয়ালি সুর ব্যবহারের অভিযোগ তুলে নেটিজেনদের অনেকেই অসন্তোষ প্রকাশ করেছেন।

গত রোববার গানটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন সিনেমাটির নির্মাতারা। গানটিতে সুর দিয়েছেন অস্কারজয়ী সংগীত পরিচালক এ আর রহমান এবং যৌথভাবে কণ্ঠ দিয়েছেন অরিজিৎ সিং ও শ্রেয়া ঘোষাল। রামায়ণে রামচন্দ্র এবং সীতার মিলন ও যৌথ জীবনের পথচলাকে উদ্‌যাপন করতেই গানটি তৈরি করা হয়েছে।

তবে গানটি প্রকাশ্যে আসার পরেই এর সুরের ধরন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ সমালোচনার ঝড় উঠেছে। একটি প্রাচীন ও পবিত্র ধর্মীয় মহাকাব্যের গল্পের আবহ তৈরিতে কাওয়ালি ঘরানার গান কতটুকু মানানসই, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে।

এক ক্ষুব্ধ ব্যবহারকারী সামাজিক মাধ্যমে লেখেন, ‘বাল্মীকির রামায়ণে সুফি কাওয়ালির ভাব আনা বলিউড মানসিকতার চরম অসংলগ্নতা নির্দেশ করে। এখানে সাংস্কৃতিক শেকড় বা গবেষণার কোনো উপস্থিতি নেই; শুধু বিশাল বাজেটের ওপর পুরোনো সুরের ছাঁচ বসিয়ে দেওয়া হয়েছে। পবিত্র ইতিহাসকে শুক্রবারে মুক্তি পাওয়া সাধারণ রোমান্টিক কমেডি সিনেমার মতো ভাবা বন্ধ করা উচিত।’

অন্য এক ব্যবহারকারী হতাশা প্রকাশ করে লিখেছেন, ‘রামায়ণে কাওয়ালি! হতাশ করতে এ আর রহমান কখনোই ব্যর্থ হন না।’

এ আর রহমানের এই সুর নির্বাচনকে সরাসরি প্রশ্ন করে অন্য একজন কটাক্ষ করে লিখেছেন, ‘এ আর রহমান, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে?’

সামাজিক মাধ্যমে সমালোচনার হাত থেকে রেহাই পায়নি গানের সুরের মৌলিকত্বও। সুরকার এ আর রহমানের বিরুদ্ধে নিজের পুরোনো কাজ পুনর্ব্যবহার বা ‘রিসাইকেল’ করার অভিযোগও এনেছেন অনেকে। একজন ব্যবহারকারী লেখেন, ‘রামায়ণ সিনেমার জন্য তামিল সিনেমার পুরোনো কাওয়ালির সুর উপহার দেওয়ার জন্য এ আর রহমানকে ধন্যবাদ!’

আবার অনেকের মতে, এই সিনেমার গানে কাওয়ালি বা বলিউড ঘরানার সুরের বদলে শুদ্ধ সংস্কৃত স্তোত্র বা শাস্ত্রীয় সংগীতের ব্যবহার হলে তা দৃশ্যপটের গুরুত্ব বহুগুণ বাড়িয়ে দিত।

এ আর রহমানকে এই চলচ্চিত্রের মূল সংগীত পরিচালক হিসেবে নির্বাচন করা নিয়েও প্রশ্ন তুলেছেন এক ব্যবহারকারী। তিনি লেখেন, ‘অত্যন্ত হতাশাজনক! এই চলচ্চিত্রের জন্য এ আর রহমান ছিলেন সবচেয়ে ভুল পছন্দ। গানটি শুনতে একেবারেই কাওয়ালির মতো লাগছে, এটি তাঁর পূর্ববর্তী “রকস্টার” বা “যোধা আকবর”-এর গান এমনকি “কুন ফায়া কুন”-এর সুরের কথা মনে করিয়ে দেয়। “ছাবা” সিনেমাতেও তিনি একই ধরনের কাজ করেছিলেন। অজয়-অতুল কিংবা শংকর-এহসান-লয় জুটি এই সিনেমার সংগীতের সঙ্গে বেশি ন্যায়বিচার করতে পারতেন।’

নিতেশ তিওয়ারি পরিচালিত এই বহুল আলোচিত ‘রামায়ণ’ চলচ্চিত্রে রাম ও সীতার চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর ও সাই পল্লবী। এ ছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন রবি দুবে, যশ, সানি দেওল, রাকুল প্রীত সিং এবং লারা দত্ত। আগামী ৫ নভেম্বর বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে চলচ্চিত্রটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

২১ বছর পর প্লেব্যাকে শানু-উদিত জুটি

ভাগনে ইমরানকে ‘ভারত ছাড়ার নোটিশ’ বিতর্কের মধ্যে রাজ ঠাকরের বাড়িতে আমির খান

যেভাবে হামলা হলো টাইগার শ্রফের ওপর

প্রায় দেড় যুগ পর নতুন রূপে ফিরছে ‘নার্নিয়া’

৬০ বছর বয়সে এসে সন্তান নেওয়ার ইচ্ছা প্রকাশ করলেন সালমান খান

১৫ বছর পর ‘দ্য ডার্টি পিকচার’ সিনেমার সিকুয়েলের ঘোষণা

নানা পাটেকর কেন নিজের সৎকারের কাঠও প্রস্তুত করে রেখেছিলেন

নিখাদ অভিনয়ই ছিল যাঁর অস্ত্র

১১১ বিলিয়ন ডলারের চুক্তি , এক হলো প্যারামাউন্ট ও ওয়ার্নার ব্রাদার্স

নানা পাটেকরের চিরবিদায়