জাতীয় নির্বাচনের মতো সংরক্ষিত নারী আসনেও শূন্য হাতে ফিরলেন শোবিজ তারকারা। গতকাল সোমবার ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিএনপি। ৩৬ জনের তালিকায় নেই কোনো তারকার নাম।
সংরক্ষিত নারী আসনে বিএনপির টিকিট নিয়ে জাতীয় সংসদে যাওয়ার জন্য বিনোদন অঙ্গনের অনেক তারকা জাতীয় নির্বাচনের পর থেকেই দৌড়ঝাঁপ শুরু করেন। মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন সংগীতশিল্পী দিলরুবা খান (জয়পুরহাট), বেবী নাজনীন (নীলফামারী), কনকচাঁপা (সিরাজগঞ্জ), রিজিয়া পারভীন (কিশোরগঞ্জ), দিঠি আনোয়ার (সিলেট অথবা কুমিল্লা), নৃত্যশিল্পী ফারহানা চৌধুরী বেবী (ময়মনসিংহ), অভিনেত্রী রুকাইয়া জাহান চমক (কুষ্টিয়া)। এ ছাড়া তালিকায় ছিল অভিনেত্রী রিনা খান ও মডেল মেঘনা আলমের নাম।
সংরক্ষিত আসনের আগে জাতীয় নির্বাচনেও মনোনয়নপ্রত্যাশী ছিলেন সংগীতশিল্পী বেবী নাজনীন ও কনকচাঁপা। ২০১৮ সালে বিএনপির হয়ে জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার অভিজ্ঞতা আছে দুজনের। এবার জাতীয় নির্বাচনে মনোনয়ন না পেলেও সংরক্ষিত আসন নিয়ে প্রত্যাশার কথা জানিয়েছিলেন তাঁরা। সংরক্ষিত আসনে মনোনয়ন কেনার মধ্য দিয়ে বিএনপিতে যোগ দেওয়া অভিনেত্রী রুকাইয়া জাহান চমকও ছিলেন আশাবাদী। তবে তাঁদের সেই আশা এবার পূরণ হলো না।
সংরক্ষিত আসনে মনোনয়ন না পেলেও হতাশ নন সংগীতশিল্পী কনকচাঁপা। তিনি জানান, মানুষের চাহিদার কথা বিবেচনা করেই জাতীয় নির্বাচনের পর সংরক্ষিত আসনে মনোনয়ন চেয়েছিলেন তিনি। কনকচাঁপা বলেন, ‘সরাসরি জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করার জন্য যুদ্ধ করলাম। গ্রামের মানুষের প্রবল চাহিদার জন্য আবারও গেলাম সংরক্ষিত আসনের এই প্রসেসে। সেখানেও তারা আমাকে মূল্যায়ন করল না। তবু বলি আলহামদুলিল্লাহ। নিশ্চয়ই আল্লাহ এর মধ্যে মঙ্গল রেখেছেন, জীবন তো এখানেই শেষ হয়ে গেল না। আমি নিতান্তই সাদামাটা মানুষ। দল হয়তো ভেবেছে আমি ভাতের মাড় টাইপ মানুষ। কিন্তু আমি জানি এই দেশ আমার, গান ছাড়াও এ দেশকে দেওয়ার অনেক কিছু বাকি আছে।’
হতাশ নন অভিনেত্রী চমকও। জানালেন, এখান থেকেই শুরু হলো তাঁর রাজনৈতিক যাত্রা। কুষ্টিয়া থেকে মনোনয়ন পাওয়া ফরিদা ইয়াসমীনকে অভিনন্দন জানিয়েছেন তিনি। চমক বলেন, ‘আমি রাজনীতিতে একেবারেই নতুন এবং সংরক্ষিত নারী আসনে অংশগ্রহণের মাধ্যমে আমার রাজনীতির পথচলা শুরু। দল থেকে যে অসামান্য সমর্থন ও সহযোগিতা পেয়েছি, তার জন্য আমি চিরকৃতজ্ঞ।’
সংগীতশিল্পী দিঠি আনোয়ার সোশ্যাল মিডিয়ায় মনোনয়নপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে পোস্ট করেছেন। অন্যদিকে, মন খারাপ না করে সহকর্মীদের গানে মনোযোগ দেওয়ার পরামর্শ দিয়েছেন সংগীতশিল্পী রবি চৌধুরী। ফেসবুকে তিনি লেখেন, ‘আমাদের গায়িকারা যাঁরা এমপি হতে পারেননি, আপনারা মন খারাপ করবেন না, গানে মনোযোগ দিন, পাশাপাশি দেশের জন্য কাজ করুন, আমাদের সংগীতাঙ্গনের জন্য কাজ করুন। এমপি না হয়েও দেশের জন্য কাজ করা যায়।’