বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ৭ নভেম্বর একটি তাৎপর্যপূর্ণ দিন। ১৯৭৫ সালের এই দিনে সাধারণ সৈনিক ও জনতার মধ্যে ঐতিহাসিক সংহতি গড়ে ওঠে। এ ঘটনাপ্রবাহের মধ্য দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের ক্ষমতা ও নেতৃত্বের মূলধারায় উঠে আসেন। বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) আজ প্রচারিত হবে বিশেষ অনুষ্ঠানমালা। দিবসটি ঘিরে সরাসরি সম্প্রচার, কবিতাপাঠ, সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রামাণ্য অনুষ্ঠান ও বিশেষ আলোচনা অনুষ্ঠানের আয়োজন করেছে বিটিভি।
সকাল ১০টায় ঢাকার আর্মি স্টেডিয়াম থেকে সশস্ত্র বাহিনীর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করবে বিটিভি। এ ছাড়া সন্ধ্যায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় আয়োজিত ওপেন এয়ার কনসার্টও সরাসরি সম্প্রচার করা হবে।
বিকেল সাড়ে ৪টায় প্রচারিত হবে ড. আনারুল হকের উপস্থাপনায় স্বরচিত কবিতাপাঠের অনুষ্ঠান। আটজন কবির সঙ্গে কথোপকথনের পাশাপাশি থাকছে বিপ্লব ও সংহতি দিবস নিয়ে রচিত আটটি কবিতাপাঠ।
রাত ১০টা ৪০ মিনিটে প্রচারিত হবে প্রামাণ্য অনুষ্ঠান ‘বিপ্লবের দিনগুলো’। রাত ১১টায় থাকছে বিশেষ আলোচনা অনুষ্ঠান। ড. আবদুল্লাহ-আল-মামুনের উপস্থাপনায় এ অনুষ্ঠানে আলোচনায় অংশ নেবেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।