হোম > বিনোদন

পরিচালনায় ফিরছেন নায়ক রুবেল

বিনোদন প্রতিবেদক, ঢাকা

রুবেল। ছবি: সংগৃহীত

অভিনয়ের পাশাপাশি সিনেমা নির্মাণের সঙ্গেও যুক্ত ঢালিউডের অ্যাকশন হিরো মাসুম পারভেজ রুবেল। পরিচালনা করেছেন ‘মায়ের জন্য যুদ্ধ’, ‘বিচ্ছু বাহিনী’, ‘প্রবেশ নিষেধ’, ‘বাঘে বাঘে লড়াই’সহ প্রায় দেড় ডজন সিনেমা। সর্বশেষ ২০০৭ সালে মুক্তি পেয়েছিল তাঁর পরিচালিত ‘রক্ত পিপাসা’ সিনেমাটি। এরপর আর পরিচালনায় পাওয়া যায়নি তাঁকে। মাঝে বেশ কয়েকবার নতুন সিনেমা পরিচালনার কথা শোনা গেলেও শেষ পর্যন্ত তা আর হয়নি। বিরতির পর আবার পরিচালনায় ফেরার পরিকল্পনা করছেন তিনি।

আজকের পত্রিকাকে রুবেল জানান, ‘ছায়া’ নামের একটি সিনেমা নির্মাণের পরিকল্পনা করছেন তিনি। ইতিমধ্যে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিতে নিবন্ধন করা হয়েছে সিনেমাটির। অভিনয়ের জন্য প্রাথমিকভাবে কথা হয়েছে জয় চৌধুরীর সঙ্গে। তবে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। সবকিছু চূড়ান্ত হলেই আসবে ঘোষণা।

রুবেল বলেন, ‘সুপার হিউম্যানের গল্প নিয়ে এই সিনেমার কাহিনি। গল্পটা সমসাময়িক, ট্রেন্ডি। অভিনেতা হিসেবে জয় চৌধুরীর সঙ্গে সিনেমাটি নিয়ে কথা হয়েছে। এর বেশি এখন বলতে পারব না। চূড়ান্ত হলে সবাইকে জানাব।’

এর আগে ২০২৩ সালে শোনা গিয়েছিল, ‘স্বপ্নচূড়া’ ও ‘জানের দোস্ত’ নামের দুটি সিনেমা পরিচালনা করবেন তিনি। পরিচালক সমিতিতেও নিবন্ধন হয়েছিল সিনেমা দুটি। তবে শুটিং ফ্লোর পর্যন্ত গড়ায়নি একটিও। এ নিয়ে জানতে চাইলে রুবেল বলেন, ‘অনেক সময় সিনেমা নিয়ে আলোচনা হলেও কাজ শুরু হয় না। শেষে গিয়ে ব্যাটে বলে মেলে না। তাই চূড়ান্ত হওয়ার আগে নতুন সিনেমা নিয়ে বেশি বলতে চাই না। যখন সবকিছু চূড়ান্ত হবে, তখনই ঘোষণা দেব।’

এদিকে দীর্ঘদিন ধরে অভিনয়েও অনিয়মিত রুবেল। ২০২৫ সালের জানুয়ারিতে মুক্তি পাওয়া রায়হান রাফীর ‘ব্ল্যাক মানি’ ওয়েব সিরিজে দেখা গিয়েছিল তাঁর অভিনয়। এরপর ‘মার্শাল কিং’ নামের একটি সিনেমায় অভিনয় করছেন। সিনেমাটি মুক্তির অপেক্ষায় আছে।