হোম > বিনোদন

এত দিনে চিত্রনাট্যকার হিসেবে সম্মাননা পেলেন জেমস ক্যামেরন

বিনোদন ডেস্ক

পরিচালক হিসেবে জেমস ক্যামেরনের সাফল্যের কমতি নেই। সর্বকালের দ্বিতীয় সেরা ব্যবসাসফল নির্মাতা তিনি। ১০ বিলিয়ন ডলারের বেশি আয় করেছে তাঁর সিনেমাগুলো। পেয়েছেন তিনটি অস্কার, চারটি গোল্ডেন গ্লোবসহ অসংখ্য পুরস্কার ও সম্মাননা। তবে সিনেমা বানানোর প্রক্রিয়া শুরু হয় যে কাজটি দিয়ে, সেই চিত্রনাট্য লেখার জন্য খুব কমই স্বীকৃতি পেয়েছেন ক্যামেরন। তাঁর সিনেমাগুলো ব্যাপক সমাদর পেলেও চিত্রনাট্যকার হিসেবে কখনো অস্কারে মনোনয়ন পাননি। অন্যান্য অ্যাওয়ার্ডের আসরেও চিত্রনাট্যকার হিসেবে তাঁকে খুব কমই মূল্যায়ন করা হয়েছে।

এ নিয়ে চাপা কষ্ট ছিল জেমস ক্যামেরনের। এত দিনে সে আক্ষেপ অনেকটা ঘুচল। কারণ, হলিউডে চিত্রনাট্যকার হিসেবে সর্বোচ্চ সম্মাননা পাচ্ছেন তিনি। হলিউড চিত্রনাট্যকারদের সংগঠন রাইটারস গিল্ড অব আমেরিকা ওয়েস্ট ২০২৬ সালের লরেল অ্যাওয়ার্ড দিচ্ছে জেমস ক্যামেরনকে। এটি গিল্ডের আজীবন কৃতিত্বের পুরস্কার, যা চিত্রনাট্য পেশায় অসাধারণ অবদানের জন্য দেওয়া হয়।

গিল্ডের সভাপতি মিশেল মুলরোনি বলেন, ‘টাইটানিক থেকে এলিয়েন, দ্য টার্মিনেটর থেকে অ্যাভাটার—চিত্রনাট্য রচনায় অসাধারণ নৈপুণ্য দেখিয়েছেন জেমস ক্যামেরন। তিনি তাঁর অসাধারণ গল্প, বহুমাত্রিক চরিত্র ও আইকনিক সংলাপ দিয়ে সহ-লেখকদের অনুপ্রাণিত করেছেন।’ আগামী ৮ মার্চ ৭৮তম রাইটারস গিল্ড অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তাঁর হাতে এ সম্মাননা তুলে দেওয়া হবে।

এ পুরস্কারের খবরে আনন্দিত জেমস ক্যামেরন। তবে তাঁর লেখার প্রতিভাকে স্বীকৃতি দিতে এত বছর লাগায় কিছুটা অভিমানও রয়েছে। বিবৃতিতে ক্যামেরন বলেন, ‘ক্যারিয়ারের শুরু থেকেই, প্রায় চার দশক আগে থেকে, আমি চিত্রনাট্য লিখে আসছি। আমার সহকর্মী চিত্রনাট্যকারদের কাছ থেকে এত মর্যাদাপূর্ণ সম্মাননা পাওয়া সত্যিই আনন্দের। মনে রাখতে হবে, যাকে আমরা সিনেমা বলি, তার পুরো প্রক্রিয়া শুরু হয় লিখিত শব্দ দিয়ে।’

জেমস ক্যামেরনের আগে এ সম্মাননায় ভূষিত হয়েছেন ডেভিড লিঞ্চ, ওয়াল্টার হিল, চার্লি কাউফম্যান, ন্যান্সি মেয়ার্স, জেমস এল. ব্রুকস, অলিভার স্টোন, এলাইন মে, হ্যারল্ড রামিস প্রমুখ।

গান গাইতে সব সময় ভয়ে থাকি—মানুষ ট্রল না করে দেয়

আরমীন মুসার প্রযোজনায় ‘বাংলা বাউল ফোক ভোকাল’

রমজান মাসজুড়ে সাফা কবিরের রান্নার অনুষ্ঠান

মুক্তির অপেক্ষায় সায়রার দুই সিনেমা

ঈদে তিন ভাষায় আসবে আরিফিন শুভর ‘জ্যাজ সিটি’

দুই দশকের পুতুল

সৌদির উৎসবে কোরিয়ান সিনেমা নিয়ে আয়োজন

ফারহান-রণবীরের দ্বন্দ্ব মেটাতে আমির খানের হস্তক্ষেপ

বার্লিনে অনুদান পেল বাংলাদেশের সিনেমা

নৃত্যকলায় একুশে পদক নিয়ে নৃত্যশিল্পীদের ক্ষোভ