মঞ্চে ফিলিস্তিনের পক্ষে কথা বলায় এড শিরানের চলমান সংগীতসফর লুপ ট্যুর থেকে বাদ পড়েছেন মার্কিন র্যাপার ম্যাকলেমোর। এবার সেই ট্যুর থেকে পাওয়া ১০ লাখ ডলার পারিশ্রমিকের পুরোটাই ফিলিস্তিনের ত্রাণ তহবিলে দান করার ঘোষণা দিয়েছেন তিনি। একই সঙ্গে ধনকুবের রবার্ট ক্রাফটকে সমপরিমাণ অর্থ সহায়তা দেওয়ার আহ্বান জানিয়েছেন ম্যাকলেমোর।
নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে কনসার্টের মঞ্চে ফিলিস্তিনের পক্ষে স্লোগান দেওয়া, গাজার ধ্বংসযজ্ঞের ছবি প্রদর্শন এবং রাজনৈতিক বক্তব্য রাখার অভিযোগে গত সোমবার শিরানের ট্যুর লাইনআপ থেকে বাদ দেওয়া হয় ম্যাকলেমোরকে। এর পেছনে নিউইংল্যান্ড প্যাট্রিয়টসের স্বত্বাধিকারী রবার্ট ক্রাফটের হাত রয়েছে বলে অভিযোগ তোলেন এই র্যাপার। তাঁর দাবি, ক্রাফটই অন্য স্টেডিয়াম মালিকদের সংগঠিত করে তাঁর পারফর্ম বাতিল করিয়েছেন।
তীব্র বিতর্কের মুখে শিরান দাবি করেন, এটি প্রমোটারদের সিদ্ধান্ত এবং রাজনৈতিক ইস্যুতে তিনি নিরপেক্ষ থাকতে চান। শিরানের এই ব্যাখ্যার কয়েক ঘণ্টার মধ্যে তাঁর ট্যুরে বড় ধরনের ধস নামে। প্রতিবাদ জানিয়ে শিরানের ট্যুরের বাকি সব ওপেনিং ও সহযোগী শিল্পী একযোগে ট্যুর বর্জনের ঘোষণা দিলে অনিশ্চয়তার মুখে পড়ে শিরানের এই মেগা কনসার্ট সিরিজ।
এমন পরিস্থিতিতে বুধবার সোশ্যাল মিডিয়ায় দেওয়া দীর্ঘ বার্তায় ম্যাকলেমোর ঘোষণা দেন, এড শিরানের ট্যুর থেকে পাওয়া তাঁর আয়ের পুরো ১০ লাখ ডলারই তিনি প্যালেস্টাইন চিলড্রেনস রিলিফ ফান্ড, হিল প্যালেস্টাইন, মেডিকেল এইড ফর প্যালেস্টাইনিয়ানস, গাজা স্যুপ কিচেনসহ ছয়টি সংস্থাকে দান করছেন।
ম্যাকলেমোর বলেন, ‘গত ৪৮ ঘণ্টায় যা কিছু ঘটেছে, এরপর আমি আলোচনাটিকে আবার সেই ফিলিস্তিনিদের কাছে ফিরিয়ে নিয়ে যেতে চাই, যারা এখনো প্রাণ হারাচ্ছে, এখনো সামরিক দখলদারত্বের নিচে দিন কাটাচ্ছে এবং নিজেদের স্বাধীনতার জন্য লড়াই চালিয়ে যাচ্ছে। এড শিরানের লুপ ট্যুর থেকে পাওয়া পুরো ১০ লাখ ডলার ফিলিস্তিনিদের সহায়তায় কাজ করা ছয়টি সংস্থায় দান করছি। একই সঙ্গে আমি রবার্ট ক্রাফটকে আহ্বান জানাচ্ছি, তিনিও যেন আমার এই অনুদানের সমান অর্থ সহায়তা দেন।’
ফিলিস্তিনিদের ওপর চলা অবিচারের বিরুদ্ধে নিজের দৃঢ় অবস্থান তুলে ধরে ম্যাকলেমোর আরও বলেন, ‘ফিলিস্তিনিরা দশকের পর দশক মৌলিক অধিকার ছাড়া বেঁচে আছে; মুক্তির জন্য তাদের আর একটি দিনও অপেক্ষা করা উচিত নয়। আমার মনোযোগ এখানেই থাকবে। আমি ফিলিস্তিনিদের পাশে এবং তাদের মুক্তির লড়াইয়ের সঙ্গে থাকব।’