হোম > শিক্ষা > ক্যাম্পাস

জাতীয় বিশ্ববিদ্যালয়: ‘ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড’ পেলেন বিএম কলেজের দুই শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

গতকাল রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে পুরস্কার গ্রহণ করছেন কানিজ ফাতেমা। ছবি: সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয় ঘোষিত মর্যাদাপূর্ণ ‘শিক্ষা ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড’ অর্জন করেছেন সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের দুই কৃতী শিক্ষার্থী। তাঁরা হলেন গণিত বিভাগের অনার্স ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী কানিজ ফাতেমা (সিজিপিএ ৩.৯৭) এবং সংস্কৃতি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী অশিত বিশ্বাস (সিজিপিএ ৩.৮৪)।

গতকাল মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও সনদ তুলে দেওয়া হয়। দুই শিক্ষার্থীর এ অর্জনে উচ্ছ্বসিত বিএম কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভাইস চ্যান্সেলর) অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহ্দী আমিন এবং শিক্ষাসচিব আব্দুল খালেক।

অর্জন সম্পর্কে গণিত বিভাগের শিক্ষার্থী কানিজ ফাতেমা বলেন, ‘এই অর্জন আমার কঠোর পরিশ্রমের স্বীকৃতি। জাতীয় পর্যায়ে কলেজের মুখ উজ্জ্বল করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত।’

সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী অশিত বিশ্বাস বলেন, ‘এ সাফল্য শুধু আমার একার নয়, এটি আমার শিক্ষক ও পরিবারের অবদান। এই সম্মাননা আমাকে ভবিষ্যতে আরও ভালো কাজ করার অনুপ্রেরণা জোগাবে।’

গণিত বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক জি এম শহীদুল ইসলাম বলেন, ‘কানিজ ফাতেমার এই অর্জন আমাকে ভীষণ আনন্দিত করেছে। তার এই সাফল্য বিভাগের অন্য শিক্ষার্থীদেরও অনুপ্রাণিত করবে। খুব শিগগিরই বিভাগ থেকে তাকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা দেওয়া হবে।’

সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. কমলিনী জয়ধর বলেন, ‘এটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের সংবাদ। আশা করি, আমাদের শিক্ষার্থীরা ভবিষ্যতেও এই সুনাম বজায় রাখবে।’

বিএম কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. শেখ মো. তাজুল ইসলাম বলেন, ‘শিক্ষার্থীদের এ ধরনের অর্জন পুরো বিএম কলেজ পরিবারের জন্য বিশাল গৌরব ও আনন্দের বিষয়। তাদের এ সাফল্য কলেজের একাডেমিক সুনামকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেল। কলেজ থেকে যারা সিজিপিএ ৩.৮০-এর ওপরে পেয়েছে, তাদেরও সম্মানিত করা হবে।’