হোম > শিক্ষা > ক্যাম্পাস

ফুল স্কলারশিপ নিয়ে বন্যা পড়তে যাচ্ছেন আমেরিকায়

হাবিবুর রনি, বাকৃবি প্রতিনিধি

মানুষ নাকি তার স্বপ্নের সমান বড়। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থী বন্যা চৌধুরী সেই বিশাল স্বপ্নকে ছুঁতে চলেছেন। তিনি ফুল ফ্রি স্কলারশিপে স্নাতকোত্তর পড়তে যাচ্ছেন জর্জিয়া বিশ্ববিদ্যালয়ে। যুক্তরাষ্ট্রের এই বিশ্ববিদ্যালয়ে বন্যার পড়া ও গবেষণার বিষয় হচ্ছে উদ্ভিদ রোগতত্ত্ব।

দিনাজপুরের মেয়ে বন্যা। গ্রামের বাড়ি জেলার বোচাগঞ্জ উপজেলার বন্ধুগাঁয়। দুই ভাইবোনের মধ্যে বড় তিনি। বাবা বাতেনুর রহমান চৌধুরী পেশায় চাকরিজীবী, থাকেন সিঙ্গাপুরে। মা রুনা চৌধুরী গৃহিণী। মা-বাবার কাছে বেড়ে ওঠা হয়নি বন্যার। বড় হয়েছেন মেজ ফুফুর কাছে। পড়ালেখার জন্য শহরে ফুফুর বাসায় থেকে জিপিএ-৫ পেয়ে এসএসসি ও এইচএসসি পাস করেছেন। তবে মা-বাবার ইচ্ছে ছিল, পরিবারের বড় সন্তান হিসেবে লেখাপড়া করে তাঁদের মুখ উজ্জ্বল করবেন বন্যা। করেছেনও। ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ভর্তি হন কৃষি অনুষদে। বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ থেকেই বন্যার স্বপ্ন ছিল কৃষি নিয়ে বিশেষ কিছু করার। সে লক্ষ্যেই পড়াশোনা চালিয়ে যান বিশ্ববিদ্যালয়ের চারটি বছর। স্নাতক পর্যায়ে সিজিপিএ ৩ দশমিক ৭ পেয়ে সফলতার সঙ্গে উত্তীর্ণ হন।

বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষ থেকে বন্যার মাথায় ঘুরপাক খেতে থাকে বিদেশে উচ্চশিক্ষা অর্জনের বিষয়টি। একজন ভালো মানের গবেষক হয়ে ওঠার জন্য কাজ শুরু করেন স্নাতক সম্পন্ন হওয়ার পরপরই। স্নাতকোত্তরে ভর্তি হয়ে যান বাকৃবির উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগে। বিভিন্ন ওয়েবসাইট ঘেঁটে প্রয়োজনীয় তথ্য খোঁজাখুঁজি শুরু করেন। এ বিষয়ে অধ্যাপক ড. কাজী ফরহাদ কাদির এবং ড. হারুন অর রশিদ শুরু থেকেই তাঁকে দিকনির্দেশনা দিয়েছেন।

এর বাইরে বন্ধুবান্ধব ও জ্যেষ্ঠ শিক্ষার্থীরাও তাঁকে উৎসাহ জুগিয়েছেন। ২০২২ সালে বন্যা জিআরই পরীক্ষা দেন। সেখানে তাঁর স্কোর ছিল ৩০৪। একই বছরের অক্টোবরে ৭ স্কোর নিয়ে আইএলটিএস সম্পন্ন করেন। নভেম্বর থেকে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে আবেদন শুরু করেন এবং তিনটি বিশ্ববিদ্যালয় থেকে স্কলারশিপের অফার পান। সব দিক বিবেচনা করে বন্যা জর্জিয়া বিশ্ববিদ্যালয়কে বেছে নেন উচ্চশিক্ষা অর্জনের জন্য। তিন বছর মেয়াদি স্নাতকোত্তর কোর্স শুরু করার জন্য এ বছরের আগস্টে তিনি পাড়ি জমাবেন যুক্তরাষ্ট্রে।
বিশ্ববিদ্যালয়জীবনে পড়ালেখার পাশাপাশি রক্তদাতা সংগঠন বাঁধনের সঙ্গে যুক্ত ছিলেন বন্যা। ভবিষ্যতে কৃষি বিষয়ে পড়তে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য তিনি কাজ করতে চান।

নারী প্রতিনিধিত্ব ও যৌথ গ্রন্থ রচনা নিয়ে ডিআইইউতে গোলটেবিল আলোচনা

আন্তর্জাতিক মানের শিক্ষা ও মানবিক মূল্যবোধের সমন্বয়

যুগোপযোগী ও গবেষণাধর্মী উচ্চশিক্ষার সুযোগ রয়েছে

দক্ষ টেক্সটাইল ইঞ্জিনিয়ার গড়ে তুলছে আইএসইউ

শিল্পের সঙ্গে উচ্চশিক্ষার যোগসূত্র গড়ছে বিইউএফটি

গবেষণা ও প্রযুক্তিনির্ভর আধুনিক শিক্ষাব্যবস্থা গড়ছে ইউআইইউ

জবিতে পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা কোর্সে ভর্তি

নাসার রোভার চ্যালেঞ্জে ৫ শিক্ষার্থীর দল

চুয়েটের অচলাবস্থার মধ্যেই মুক্তি পাচ্ছে শিক্ষার্থীদের চলচ্চিত্র ‘অন্যপাতা’

জাল শিক্ষা সনদ চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার আহ্বান এপিইউবির