হোম > শিক্ষা > ক্যাম্পাস

ক্যাম্পাসে বিশ্বকাপ ফাইনালের উন্মাদনা

ক্যাম্পাস ডেস্ক 

বিশ্বকাপ ফুটবলের শেষ বাঁশির অপেক্ষায় এখন গোটা বিশ্ব। আজ (রোববার দিবাগত রাত ১টা) শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং ইউরোপের অন্যতম শক্তিশালী দল স্পেন। এই মহারণ ঘিরে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের মতো বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতেও উৎসবের আমেজ।

ঢাকা বিশ্ববিদ্যালয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়

ফাইনাল ঘিরে টিএসসিতে উচ্ছ্বাস

মো. বেলাল হোসেন, ঢাবি প্রতিনিধি

বিশ্ব ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াই আজ দিবাগত রাতে শেষ হচ্ছে। ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ফাইনালে মুখোমুখি বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং ইউরোপের পরাশক্তি স্পেন। শিরোপা নির্ধারণী এই ম্যাচ ঘিরে উৎসবের আমেজে ভাসছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাস। টিএসসি, রাজু ভাস্কর্য, আবাসিক হল কিংবা চায়ের আড্ডা—সবখানে এখন একটাই আলোচনা—বিশ্বকাপ উঠবে কার হাতে?

বিশ্বকাপের শুরু থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে টিএসসিসহ বিশ্ববিদ্যালয়ের পাঁচটি স্থানে বড় পর্দায় প্রতিটি ম্যাচ দেখানো হচ্ছে। প্রতিদিন শত শত শিক্ষার্থীর উপস্থিতিতে টিএসসি পরিণত হয়েছে ফুটবলপ্রেমীদের মিলনমেলায়। ফাইনাল ঘিরে আর্জেন্টিনা ও স্পেনের সমর্থকদের মধ্যে চলছে বন্ধুসুলভ তর্ক, পরিসংখ্যান বিশ্লেষণ ও জয়ের হিসাব-নিকাশ।

আর্জেন্টিনার সমর্থক ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী সাইফুল ইসলাম বলেন, ‘লিওনেল মেসি, জুলিয়ান আলভারেজ, এনজো ফার্নান্দেজ, আলেক্সিস ম্যাক অ্যালিস্টারসহ পুরো দলই এবার দারুণ ছন্দে আছে। আমার বিশ্বাস, মেসির নেতৃত্বে দলটি আবারও বিশ্বকাপ জিতবে।’

অন্যদিকে ব্রাজিল-সমর্থক ও অর্থনীতি বিভাগের শিক্ষার্থী রাফি রহমান বলেন, ‘লামিনে ইয়ামাল, নিকো উইলিয়ামস, পেদ্রি ও রদ্রিদের গতি, পাসিং ও দলগত সমন্বয় মুগ্ধ করার মতো। আমার বিশ্বাস, এবার স্পেন বিশ্ব চ্যাম্পিয়ন হবে।’

আয়োজনের বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান বলেন, ‘ফাইনাল উপলক্ষে উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে। বাড়তি নিরাপত্তা, স্বেচ্ছাসেবক দল ও প্রয়োজনীয় ব্যবস্থাপনা রাখা হয়েছে, যাতে সবাই নির্বিঘ্নে খেলা উপভোগ করতে পারেন।’

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

বড় পর্দায় খেলা দেখার অভিজ্ঞতা অসাধারণ

আবদুল্লাহ আল মামুন

বিশ্বকাপ ফুটবল ২০২৬-এর ফাইনাল ঘিরে উৎসবের আমেজে ভাসছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)। ড্যাফোডিল স্মার্ট সিটিতে বিশ্বকাপের শুরু থেকে গুরুত্বপূর্ণ ম্যাচগুলো বড় পর্দায় দেখার সুযোগ পেয়েছেন হাজারো শিক্ষার্থী। রাত কিংবা ভোর—ফুটবল খেলার সময় যখনই হোক না কেন, শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিশ্বকাপ চলাকালে ডিআইইউর ফুটবল উন্মাদনা দেশ-বিদেশে আলোচনার জন্ম দেয়। শিক্ষার্থীদের সমর্থনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ব্রাজিলের একটি ম্যাচের উচ্ছ্বাসের ভিডিওতে তারকা ফুটবলার নেইমার জুনিয়রের তাঁর ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া শিক্ষার্থীদের আনন্দ আরও বাড়িয়ে দেয়। এ ছাড়া বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা ক্যাম্পাসে এসে শিক্ষার্থীদের সঙ্গে বড় পর্দায় খেলা উপভোগ করেন। তাঁর উপস্থিতি ক্যাম্পাসের বিশ্বকাপ উৎসবকে আরও প্রাণবন্ত করে তোলে এবং দুই দেশের মধ্যে ফুটবল ঘিরে বন্ধুত্ব ও সাংস্কৃতিক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে।

স্পেন-সমর্থক শিক্ষার্থী সাইফুল ইসলাম সিয়াম বলেন, ‘হাজারো সহপাঠীর সঙ্গে একসঙ্গে বড় পর্দায় খেলা দেখার অভিজ্ঞতা সত্যিই অসাধারণ। ভিন্ন দলের সমর্থক হলেও আমরা সবাই পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্যের মধ্য দিয়ে ফুটবলের সৌন্দর্য উদ্‌যাপন করি।’

অন্যদিকে আর্জেন্টিনার সমর্থক নুসরাত জাহান মুন বলেন, ‘এই আয়োজন আমাদের ক্যাম্পাসজীবনকে আরও স্মরণীয় করেছে। প্রিয় দলের খেলার আনন্দের পাশাপাশি সমর্থকদের মধ্যে যে বন্ধুত্ব ও সম্প্রীতি গড়ে ওঠে, সেটিই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।’

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

বন্ধুদের সঙ্গে ফাইনাল দেখা স্মৃতি হয়ে থাকবে

মুশফিকুর রিজন, জাবি প্রতিনিধি

সবুজে ঘেরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসে বিশ্বকাপ ফুটবলের শুরু থেকে বইছে ফুটবল উৎসবের হাওয়া। তবে ক্লাস-পরীক্ষার ফাঁকেও শিক্ষার্থীদের আলোচনার কেন্দ্রে ছিল বিশ্বকাপ। প্রিয় দলের জার্সি, পতাকা, ব্যানার, তর্ক-বিতর্ক আর সবাই দল বেঁধে খেলা দেখা—সব মিলিয়ে ক্যাম্পাসে তৈরি হয়েছে এক উৎসবমুখর পরিবেশ।

আজ দিবাগত রাত ১টায় আর্জেন্টিনা-স্পেন ফাইনাল ঘিরে উত্তেজনা এখন চরমে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ, জাকসু ভবনের সামনে এবং রবীন্দ্রনাথ ঠাকুর হল-সংলগ্ন মাঠে বড় পর্দায় খেলা দেখার আয়োজন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)। কুইজ ও বিভিন্ন গেমও থাকবে বলে জানিয়েছেন জাকসুর ক্রীড়া সম্পাদক মাহমুদুল হাসান কিরণ।

আর্জেন্টিনা-সমর্থক জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সাদেকুর রহমান লিমন বলেন, ‘আমার ক্যাম্পাস-জীবনের শেষ বিশ্বকাপ এটি। বন্ধুদের সঙ্গে ফাইনাল দেখার স্মৃতি সারা জীবন মনে রেখা টেনে থাকবে। আশা করি, মেসির নেতৃত্বে আবারও আর্জেন্টিনা শিরোপা জিতে এই বিশ্বকাপ স্মরণীয় করে রাখবে।’

অন্যদিকে স্পেন সমর্থক সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষার্থী মাহমুদুল হাসান আসিফের বিশ্বাস, ‘কঠিন প্রতিপক্ষকে হারিয়ে ফাইনালে উঠেছে স্পেন। তবে সেরা পারফরম্যান্স দিয়েই স্পেন শিরোপা ঘরে তুলবে। আমরা ২০১০ সালের গৌরব ফেরার অপেক্ষায় আছি।’

বিশ্বকাপের শুরু থেকে যে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছিল, তার পরিসমাপ্তি ঘটবে ১৯ জুলাই রাতের ফাইনাল ম্যাচের মাধ্যমে। শিরোপা শেষ পর্যন্ত কার হাতে উঠবে, সেই উত্তর মিলবে আজ রাতে খেলা শেষে।

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

শিক্ষার্থীদের উচ্ছ্বাসই বড় প্রাপ্তি

মো. তাহমিদ আল মাহাবুব খান এলিন

ফিফা বিশ্বকাপের ফাইনাল ঘিরে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) ক্যাম্পাসে। শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে বড় পর্দায় খেলা দেখার ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ। শুধু ফাইনাল নয়, টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ ম্যাচগুলোও একসঙ্গে উপভোগের সুযোগ পেয়েছেন শিক্ষার্থীরা।

এআইইউবির অফিস অব স্পোর্টসের কর্মকর্তা মাসুদ রানা বলেন, ‘খেলাধুলা মানুষকে একত্র করে, ভ্রাতৃত্ববোধ গড়ে আর সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করে। শিক্ষার্থীরা যেন নিরাপদ, আনন্দঘন এবং প্রাণবন্ত পরিবেশে বিশ্বকাপের গুরুত্বপূর্ণ প্রতিটি ম্যাচ উপভোগ করতে পারে, সে লক্ষ্যেই বিশ্ববিদ্যালয় এই আয়োজন করেছে। শিক্ষার্থীদের উচ্ছ্বাসই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।’

আর্জেন্টিনা-সমর্থক শিক্ষার্থী সাইমন রহমান আকিব বলেন, “প্রিয় দলের খেলা শত শত সহপাঠীর সঙ্গে বড় পর্দায় দেখার অনুভূতি সত্যিই অসাধারণ। আর্জেন্টিনার প্রতি আমার সমর্থন যেমন অটুট, তেমনি বিশ্ববিদ্যালয়ের এই উদ্যোগ আমাদের ক্যাম্পাস-জীবনকে আরও স্মরণীয় করে তুলেছে।’

স্পেন-সমর্থক সামাউন ফেরদৌসী অর্থীর ভাষায়, ‘ফুটবল জয়-পরাজয়ের বাইরে এক অনন্য মিলনমেলা। নিজের পছন্দের দলকে সমর্থন করলেও আমরা সবাই একসঙ্গে খেলা উপভোগ করি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এই ধরনের আন্তরিক উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে বন্ধুত্ব, সৌহার্দ্য আর পারস্পরিক শ্রদ্ধাবোধ আরও শক্তিশালী করেছে।

বিশ্বকাপ ঘিরে এআইইউবির এই উদ্যোগ শিক্ষার্থীদের বিনোদনের পাশাপাশি সম্প্রীতি এবং ক্যাম্পাস সংস্কৃতিকেও সমৃদ্ধ করেছে। ফাইনালের আগে বড় পর্দায় প্রিয় দলের লড়াই দেখতে মুখিয়ে আছেন ফুটবলপ্রেমী শিক্ষার্থীরা।

জবিতে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা

প্রাইম ইউনিভার্সিটিতে কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে ইংরেজি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার অনুষ্ঠিত

প্রতিষ্ঠার ২৮ বছরে গণ বিশ্ববিদ্যালয়

প্লাস্টিকের বিনিময়ে গাছের চারা

ববি উপাচার্যের ‘জিরো টলারেন্স’ ঘোষণার দিনই র‍্যাগিংয়ে নাজেহাল অর্ধশত শিক্ষার্থী

ইস্টার্ন ইউনিভার্সিটিতে সামার সেমিস্টারের নবীনবরণ অনুষ্ঠিত

টেকাথন ন্যাশনালসে দুই বিভাগে চ্যাম্পিয়ন সাউথইস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা

পর্যটন খাতের অংশীজনদের নিয়ে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে জাতীয় গোলটেবিল বৈঠক

‎জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১৬ ‎জুলাইয়ের দুই পরীক্ষা স্থগিত

স্টামফোর্ড ইউনিভার্সিটিতে শুরু হয়েছে অ্যাডমিশন ফেয়ার সামার-২০২৬