চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে পাসের হার শূন্য কিংবা আশঙ্কাজনকভাবে কম, সেগুলোকে জবাবদিহির আওতায় আনতে কড়া নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
এ বিষয়ে আগামী এক সপ্তাহের মধ্যে সুনির্দিষ্ট ও কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য শিক্ষা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।
আজ রোববার শিক্ষামন্ত্রীর ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এসব তথ্য জানানো হয়।
প্রকাশিত পরীক্ষার ফলাফলের পরিসংখ্যানে দেখা গেছে, এ বছর দেশের ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে একজন শিক্ষার্থীও পাস করতে পারেনি।
শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, গত বছর এমন প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ২০২টি। অর্থাৎ, গত বছরের তুলনায় এবার শূন্য পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে ৯১টি।
অন্যদিকে, এ বছরের পরীক্ষায় শতভাগ পাস নিশ্চিত করেছে—এমন প্রতিষ্ঠানের সংখ্যা মাত্র ১৩৯টি, যা সার্বিক ফলে অসন্তোষজনক শিক্ষাপ্রতিষ্ঠানের অনুপাতের তুলনায় অনেকটাই কম।