সামাজিক যোগাযোগমাধ্যমে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষা সময়সূচি নিয়ে ছড়িয়ে পড়া একটি বিজ্ঞপ্তিকে ‘সম্পূর্ণ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলে জানিয়ে দিয়েছে আন্তশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি।
আজ মঙ্গলবার আন্তশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড—ঢাকার পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট সকল পরীক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান, কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং জনসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ‘আন্তশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি’র নামে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ২৭/০৭/২০২৬ তারিখ থেকে পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে মর্মে যে বিভ্রান্তিকর বিজ্ঞপ্তি প্রচার করা হয়েছে তা সম্পূর্ণ অসত্য, উদ্দেশ্যপ্রণোদিত।
এ ধরনের অসত্য ও বিভ্রান্তিকর বিজ্ঞপ্তির সঙ্গে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম অথবা বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির কোনো সংশ্লিষ্টতা নেই।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত কোনো তথ্য যাচাই-বাছাই ছাড়া বিশ্বাস বা শেয়ার করবেন না। পরীক্ষাসংক্রান্ত সকল সিদ্ধান্ত, বিজ্ঞপ্তি ও নির্দেশনা শুধু শিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি এবং সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডসমূহের অফিশিয়াল ওয়েবসাইট ও ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করা হয়।
জনস্বার্থে সবাইকে এসব গুজব ও বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।